ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু


১২ মার্চ ২০২৬ ০৯:৩৯

সোনার বাংলা রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে ১২ মার্চ বৃহস্পতিবার। জাতির জন্য এ ত্রয়োদশ সংসদ অধিবেশন গুরুত্বপূর্ণ। কারণ ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এর দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে বিএনপি ২০৯ আসন এবং তার মিত্রদের মিলিয়ে ২১২ আসন পেয়ে সরকার গঠন করেছে। বিএনপি জোটের বাংলাদেশ জাতীয় পার্টি (পার্থ) ১টি, গণঅধিকার পরিষদ ১টি এবং গণসংহতি ১টি আসন পেয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে ৬৮ এবং ১১ দলীয় জোট মিলে ৭৭ আসনে বিজয়ী হয়ে প্রধান বিরোধীদলের আসনে বসেছে। জামায়াতে ইসলামীর জোটের জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস ১টি আসন পেয়েছে।
সংবিধান অনুযায়ী, কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়। ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সে অনুযায়ী, ১২ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হয়েছে এ অধিবেশন।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত গত ১১ মার্চ বুধবার জানা গেছে, এ অধিবেশন কতদিন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর কমিটির বৈঠকে প্রথম অধিবেশনের সময়কাল ঠিক হবে। বিএনপি সূত্রে জানা গেছে, সংসদের শীর্ষ পদগুলোয় অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য মুখ বসাতে চাইছে বিএনপি। স্পিকার পদে দলের স্থায়ী কমিটির দুই সদস্য আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে হাফিজ উদ্দিন আহমদের ব্যাপারে আলোচনা বেশি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির সংসদীয় দলের বৈঠকে নতুন স্পিকার নির্বাচনসহ অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন, সব ঠিক হবে।