একমাত্র দাবি
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০০
কী নিয়ে যাবো তোমার কাছে হে মহামহিম।
পৃথিবীর দুদিনের খেলাঘরের খেলা সাঙ্গ হলে
হাসিমুখে চলে যাবো তোমার দুয়ারে।
পাপপূণ্য জঙ্গলাকীর্ণ ধরাধামে সাধ্য ছিল না মোটে
মনের সুনির্মল প্রেম আর তোমার নূরের রোশনী
দিয়ে তা ধুয়ে ফেলি
দেহের প্রতিটি রক্ত কণিকায় ছিল শয়তানের প্রলোভন,
ছিল রিরংসা, হিংসা-দ্বেষ ছিল লালসাপূর্ণ মদমত্ততা
তাসব ফেলে নিঃসঙ্গ পথে তোমার স্বল্পসংখ্যক
আশেকের সাথে
নির্লোভ, নিরহংকার স্বার্থহীন কণ্টকাবিহীন সরল পথে
যাবো কী করে?
চার পাশে সারাক্ষণ সহস্র লোভের প্রদীপ জ¦লে
ক্ষুধা আশঙ্কা কুপ্রবৃত্তির পতঙ্গ হয়ে যেখানেই পুড়ি।
জ¦লে-পুড়ে ছাই হয়ে গিয়ে পাপের উর্বমৃত্তিকায়
বারবার রূপকথা রাক্ষসের মতো গজিয়ে উঠি
পৃথিবীর সমস্ত কলুষতা, দুর্গন্ধযুক্ত নর্দমা থেকে
তুমি আমাকে উদ্ধার করো হে আমার পরম করুণাময়
ইহলৌকিক জীবনের হিসাবের জমা খরচের খাতা ছিড়ে ফেলে
তোমার রহমতের কৃপা বর্ষণ দিয়ে ধৌত করে আমাকে উদ্ধার করো
জীবন-মৃত্যু দীন-দুনিয়া অস্তিত্বের সকল সংকেত
তোমার কাছে আমার নিঃশর্ত আত্মসমর্পণ
তোমার প্রিয় বন্ধু মহানবীর উম্মত বলে এ আমার একমাত্র দাবি।