তৌহিদুর রহমান-এর কবিতা
আলো ছুটে আসছে
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৬
নক্ষত্রের আলো ছুটে আসছে দ্রুত
চোখের তারাই আগুনের ফুল ফুটছে
বৃষ্টির ফোঁটা দূর আকাশে হারিয়ে যাচ্ছে
ক্রোধের আগুন ভাঙছে কাঁটাতারের বেড়া
হিংসায় ভেসে আসছে দ্রোহের লাভা
সমস্ত ভালোবাসা উল্কার মতো খসে যাচ্ছে
অপেক্ষায় আছে শুধু আলোআশা।
মাঠের কোমল পলি খরায় পুড়ছে
সমস্ত হৃদ্যতা পাখির মতো উড়ে যাচ্ছে
তিস্তা ফারাক্কা দাঁত বের করে হাসছে
শিবাজীর সৈনিকেরা পুনর্জন্মের
চেতনায় মানুষের রক্ত পান করছে
দেবতার চোখে আজ লেলিহান অগ্নিশিখা
সমস্ত আলো নিভে যাচ্ছে আস্তে আস্তে
আস্তে… আস্তে… আস্তে…