ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা ভিপি সাদিক কায়েমের
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৮
মো. আশরাফুল ইসলাম সুমন, কটিয়াদী : ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, জামায়াতের নেতৃত্বে একটি ইনসাফপূর্ণ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে। দেশে আর কোনো ফ্যাসিবাদের স্থান হবে না এবং জুলাই প্রজন্মের রক্তের বিনিময়ে আসা এ স্বাধীনতাকে অর্থবহ করতে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।
গত রোববার (৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ডাকবাংলো মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে একটি দুর্নীতিমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সুযোগ দেয়ার আহ্বান জানান সাদিক কায়েম।
কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, মেজর (অব.) আক্তারুজ্জামান রঞ্জন, এনসিপির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান, বাংলাদেশ খেলাফতে মজলিশের কেন্দ্রীয় নেতা মাওলানা মোহাম্মদ আলী, খেলাফত মজলিসের কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল আহাদ, বাংলাদেশ লেবার পার্টির কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা সভাপতি হাসান আল মামুনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন নেতারা।