ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে পিরোজপুরে গণঅবস্থান ও বিক্ষোভ


১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৭

পিরোজপুর সংবাদদাতা : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার মামলাটি জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশ সদস্যদের হামলার প্রতিবাদে পিরোজপুরে গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। গত শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পিরোজপুর শহরের টাউন ক্লাবের সামনে গণঅবস্থান করে ছাত্র-জনতার ব্যানারে একটি মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বড় মসজিদের সামনে এসে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য দেন জুলাই মঞ্চের পিরোজপুর শাখার মুখ্য প্রতিনিধি তাহমীদ আল নাসীব, মুখ্য সমন্বয়ক আফরোজা আক্তার তুলি, সহ-মুখ্য সংগঠক ফিরোজ শেখ, সাধারণ ছাত্র ইউহানা কবির স্বাধীন, তুরাগ মল্লিক, রাতুল শেখ, নাহিয়ান নওমি, সিয়াম শেখ প্রমুখ।
বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতা গিয়েছিল হাদি হত্যার বিচার চাইতে, কিন্তু উল্টো তাদের ওপর দালাল পেটোয়া বাহিনী অতর্কিত হামলা চালায়। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন।
তারা বলেন, এই জুলাইয়ের রক্তের ওপরে ভিক্তি করে গঠিত অন্তর্বর্তী সরকার দেশ সংস্কার করার কথা, দুই বছর পেরিয়ে গেলেও দেশকে সংস্কার করতে পারেনি। হাদি হত্যার বিচার এখনো হয়নি, তাদের বিচার দাবিতে দাঁড়ালে উল্টো তাদের ওপর হামলা চালায়। ১২ ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে, এবং যে দল সরকারে যাবে তাদেরসর্বপ্রথম হাদি হত্যার বিচার করতে হবে।