রাষ্ট্রীয় সকল স্তরে স্বচ্ছতা নিশ্চিত করে দুর্নীতিবাজদের কঠোর শাস্তির আওতায় আনা হবে : সজীব ভূঁইয়া


৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৯

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা : আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, রাষ্ট্রীয় সকল স্তরে স্বচ্ছতা নিশ্চিত করে দুর্নীতিবাজদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে শিল্পায়ন, কারিগরি শিক্ষা এবং উদ্যোক্তা তৈরিতে বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। পাশাপাশি ঘাটাইল অঞ্চলের কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ, সিন্ডিকেট দমন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের উপজেলার উত্তরপাড়া খেলার মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক বিশাল নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করে তিনি বলেন, এনসিপি ক্ষমতার নয়, বরং ব্যবস্থার পরিবর্তন করতে রাজনীতিতে এসেছে।
তিনি আরও বলেন, আমরা আমাদের ইশতেহারে বলেছি সামরিক বাহিনীর মতো বেসামরিক পর্যায়ের তরুণ প্রজন্ম আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করে আমরা নিজেরা আরো শক্তিশালী হবো। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নগদ টাকা দেয়া হচ্ছে। এই টাকার বিনিময়ে যদি আপনারা বিক্রি হন তাহলে আগামীতে আপনারা স্বামী ও সন্তানদের হারাবেন। একটি রাজনৈতিক দল বলছে, কৃষকদের ঋণ মওকুফ করে দেবেন বলেছেন। কৃষক কার্ড দেবেন। বিভিন্ন প্রলোভন দেখাচ্ছেন। এছাড়া তিনি গ্রামীণ স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা প্রবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।
বিকেল থেকেই উত্তরপাড়া খেলার মাঠে এনসিপির নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। জাতীয় নাগরিক পার্টির স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
বক্তব্যের একপর্যায়ে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য আসিনি, আমরা এসেছি ব্যবস্থার পরিবর্তন করতে। আপনাদের একটি ভোট হবে আগামীর সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের ভিত্তি।’