নির্বাচিত হলে চেলা নদীতে ত্রৈমাত্রিক সেতু নির্মাণ করা হবে-আব্দুস সালাম মাদানী
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৮
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা : আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউপির চেলা নদীর পাড়ে পূর্বচাইরগাঁও-সোনাপুর-সারপিনপাড়া এলাকায় ত্রৈমাত্রিক সেঁতু নির্মাণ করা হবে। গত রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রায় দুই শতাধিক কর্মী-সমর্থক নিয়ে স্থানীয় নরসিংপুর বাজারে আয়োজিত গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নরসিংপুর বাজারে মিছিলে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা প্রমাণ করে আগামীর রাষ্ট্র ইসলামের রাষ্ট্র, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটকে নির্বাচিত করতে এলাকাবাসীর মধ্যে এ গণজোয়ার উঠছে।
তিনি আরও বলেন, সুনামগঞ্জ-৫ আসনের মানুষজন অনেক অবহেলিত। স্বাধীনতার ৫৪ বছরেও এ অঞ্চলের মানুষের দুঃখ, দুর্দশা দূরীকরণে কেউ কাজ করেনি। সবাই এলাকার মানুষের হক মেরে খেয়ে নিজেদের পকেট ভরেছে।
সালাম মাদানী প্রতিশ্রুতি দেন, তিনি নির্বাচিত হলে ছাতক-দোয়ারায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করবেন। ছাতক ও দোয়ারাবাজার দুই উপজেলার মানুষের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে আধুনিক দুটি হাসপাতাল নির্মাণ করা হবে।
এলাকা হতে সকল অনিয়ম-দুর্নীতি বন্ধ করে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাসহ এলাকার মানুষদের সাথে নিয়ে পরিকল্পনা অনুযায়ী সকল ধরনের রাষ্ট্রীয় সেবা প্রদানে নিশ্চিত করবেন।
ইউনিয়ন জামায়াতের আমীর আলহাজ আতাউর রহমানের সভাপতিত্বে এবং আলাউর রহমান আলাল ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রফিকুর রহমানের সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সাদিক সালিম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুনুর রশিদ, ইউকে প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল কুদ্দুস, সিলেট কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট সিরাজুল ইসলাম।