জনগণের ভোটের মাধ্যমে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে-আলহাজ শাহজাহান চৌধুরী
৩১ জানুয়ারি ২০২৬ ০৯:৪৭
মুহাম্মদ ইমরান সোহেল, চট্টগ্রাম : চট্টগ্রাম-৮ আসনের (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী জুবাইরুল হাসান আরিফকে সমর্থন দিয়ে জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতের প্রার্থী ডা. আবু নাছের। গত ২১ জানুয়ারি বুধবার বিকাল ৩টায় নগর জামায়াতের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের প্রার্থীর আসন পরিচালক ও নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, জামায়াতের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জোটের স্বার্থে চট্টগ্রাম-৮ আসনে এনসিপির প্রার্থীকে সমর্থন দিয়ে জামায়াতের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করছেন।
অন্যদিকে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এলডিপির প্রার্থী এম এয়াকুব আলীর ছাতা মার্কাকে সমর্থন দিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতের প্রার্থী ডা. ফরিদুল আলম।
আসনটির পরিচালক চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহর সভাপতিত্বে গত শনিবার (২৪ জানুয়ারি) রাতে নিজস্ব কার্যালয়ে আয়োজিত জরুরি দায়িত্বশীল সমাবেশে এ ঘোষণা দেয়া হয়। ডা. ফরিদুল আলমের পক্ষে এ ঘোষণা দেন সমাবেশের প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে -আলহাজ শাহজাহান চৌধুরী
চট্টগ্রামাম-৫ আসনে ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, জনগণের ভোটের মাধ্যমে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। ৩৬ জুলাই যুদ্ধাসহ সকল শহীদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। শহীদদের স্বপ্ন পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। লোহাগাড়ায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
গত শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার পুটিবিলা ইউনিয়নের চুটারপাড়া, নাথপাড়া, হাজী রাস্তাসসহ বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন জামায়াত প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরী।
চট্টগ্রাম ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয় সভা
চট্টগ্রাম মহানগরী ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১১টায় দেওয়ানবাজারস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে চা-শ্রমিকদের সাথে অধ্যক্ষ নুরুল আমিনের মতবিনিময়
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের আঁধার মানিক চা-বাগানে গত ২৫ জানুয়ারি রোববার শ্রমিকদের নিয়ে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নুরুল আমিন বলেন, ফটিকছড়িবাসী এবার পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। সাধারণ মানুষ; বিশেষ করে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে দাঁড়িপাল্লার কোনো বিকল্প নেই। চা-বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে অবহেলিত। ন্যায্য মজুরি, চিকিৎসা সুবিধা ও বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হলে সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। ফটিকছড়ির মানুষ তা বুঝে গেছে বলেই এবার দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে মুখিয়ে আছে।
চট্টগ্রাম-১০ আসনে জামায়াতের প্রার্থীর প্রচার
চট্টগ্রাম-১০ আসনের ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ ও প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগকালে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনে জামায়াত মনোনীত এবং ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। গত ২৬ জানুয়ারি সোমবার দক্ষিণ কাট্টলী জেলেপাড়া এলাকায় আয়োজিত গণসংযোগ ও প্রচার চালান অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
এনসিপি সাতকানিয়ার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
চলো একসাথে গড়ি ঐক্যবদ্ধ বাংলাদেশ ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্যপ্রার্থী আলহাজ শাহাজাহান চৌধুরীর সমর্থনে জাতীয় নাগরিক পার্টি সাতকানিয়া উপেজেলার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা গত সোমবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তারেক হোসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলা যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সিফাত হোসাইন, জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।