জুলাই বিপ্লব ব্যর্থ করে দিতে একটি ষড়যন্ত্র দানা বাঁধছে —-মামুনুল হক


৩১ জানুয়ারি ২০২৬ ০৯:৪৬

পিরোজপুর সংবাদদাতা : ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত জুলাই বিপ্লবকে ব্যর্থ করে দিতে একটি ষড়যন্ত্র দানা বাঁধতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক। গত শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর পিরোজপুর-২ আসনের নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, রক্ত দিয়ে দেড় সহস্রাধিক প্রাণের বিনিময়ে অর্জিত এই বিপ্লবকে ব্যর্থ করে দিতে পরাজিত সব শক্তি একত্রিত হয়ে বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিছু মানুষের প্রকাশ্যে জুলাই বিপ্লব ও গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়ার সৎ সাহস নেই। তাই তারা একদিকে মানুষকে প্রকাশ্যে গণভোটের পক্ষে ভোট দিতে বলে, আবার গোপনে গণভোটে ‘না’ ভোট দেওয়ার জন্য প্রচারণা চালায়। জাতীয় রাজনীতিতে এ ধরনের মোনাফিকি তিনি দেখতে চান না বলেও মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হলে- তা মেনে নেওয়া হবে না। এ বিষয়ে তিনি প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সঙ্গে ভবিষ্যতে ইসলামী রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে নেছারাবাদ উপজেলা জামায়াতের আমীর মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সাবেক নায়েবে আমীর মাওলানা মো. দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে ও পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শামীম সাঈদী এবং পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত আরেক প্রার্থী শামীম সাঈদীর ছোট ভাই মাসুদ সাঈদী।