রংপুরে প্রেস ব্রিফিংয়ে মাওলানা আবদুল হালিম

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন শুধু রাজনৈতিক দাবি নয়, জাতীয় আকাক্সক্ষা


৪ ডিসেম্বর ২০২৫ ১৮:০৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন শুধু রাজনৈতিক দাবি নয়, এটি জাতীয় আকাক্সক্ষা- সংস্কার বাস্তবায়নের বাস্তব প্রতিফলন। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ) ২০২৫-এ স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে, দেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নির্ধারণের আগে জনগণের মতামতই হবে সর্বোচ্চ প্রাধান্য।
রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজনসহ ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে গত সোমবার (১ ডিসেম্বর) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল হালিম বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে, বিরোধীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে, গণহত্যা করেছে এবং ব্যাপক দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এসব অপরাধের বিচার দৃশ্যমান না হলে দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব। তিনি আরো বলেন, আমরা চাই-নির্বাচন হোক এমন পরিবেশে, যেখানে সবাই সমান সুযোগ পাবে, থাকবে লেভেলপ্লেয়িং ফিল্ড। জনগণ চাইলে ক্ষমতায় যাবে, না চাইলে যাবে না- এটাই গণতন্ত্র।
জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল আরো বলেন, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের অবৈধ রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। দেশের রাজনীতি শুদ্ধ করতে হলে এদের অপতৎপরতার অবসান ঘটাতে হবে। আগামী দিনে দেশের মানুষ তাদের আর প্রশ্রয় দেবে না। জনগণের সক্রিয় অংশগ্রহণই পারে বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রের রূপ দিতে। তাই ৮ দলের ৫ দফা দাবি আজ সময়ের সবচেয়ে যৌক্তিক ও জাতীয় স্বার্থসম্মত দাবি।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর আমীর এটিএম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সভাপতি মুফতি আব্দুর রহমান কাসেমী, রংপুর জেলা জামায়াতের আমীর গোলাম রব্বানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সেক্রেটারি মো. আমিরুজ্জামান পিয়ালসহ আন্দোলনরত আটদলের স্থানীয় নেতারা। প্রেস বিজ্ঞপ্তি।