খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল
৪ ডিসেম্বর ২০২৫ ১৭:০৮
স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। বাংলাদেশ, যুক্তরাজ্য ও আমেরিকার প্রখ্যাত বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় চিকিৎসাসেবা পাচ্ছেন তিনি। চীন ও লন্ডন থেকে বিশেষজ্ঞ ডাক্তাররা ঢাকায় এসে যোগ দিয়েছেন তার চিকিৎসায়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তার অবস্থা স্থিতিশীল। তিনি চিকিৎসা নিতে পারছেন। যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত ইতোমধ্যে চিকিৎসা সহায়তার হাত বাড়িয়েছে বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। অবস্থা একটু ভালো হলে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর পরিকল্পনাও রয়েছে পরিবার ও দলের। এদিকে খালেদা জিয়াকে দেখতে দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হাসপাতালে গিয়েছেন। আমীরে জামায়াতও তাকে দেখে এসেছেন। সাধারণ মানুষও হাসপাতালের গেটে ভিড় করছেন। এ কারণে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাসপাতালের মূল ফটকের সামনে দুই দিকে ব্যারিকেড বসানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে রয়েছে পুলিশের উপস্থিতি। সংশ্লিষ্ট লোকজন ছাড়া অন্যদের ভিড় করতে দেওয়া হচ্ছে না। দেশবাসী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অব্যাহত রেখেছেন।
অবস্থা স্থিতিশীল, গুজব না ছড়ানোর আহ্বান : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে এবং তিনি চিকিসাৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন তার চিকিৎসা সংক্রান্ত তথ্য সরবরাহে দায়িত্বপ্রাপ্ত এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। এ বিষয়ে কোনো গুজব না ছড়াতে দলের পক্ষ থেকে আহ্বান জানান তিনি। ব্রিফিংয়ে আরো বলা হয়, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল আছে। তিনি ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন।’
যুক্তরাজ্যের চিকিৎসক দলের প্রধান রিচার্ড বিলি ঢাকায়
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের চিকিৎসক দলের প্রধান রিচার্ড বিলি ঢাকায় পৌঁছেছেন। গত ৩ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঢাকায় পৌঁছান। এর আগে খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে আসেন চীনা ৫ চিকিৎসক।
নিরাপত্তার দায়িত্ব নিলো এসএসএফ ও পিজিআর
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সরকারের বিশেষ নিরাপত্তা সংস্থা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)। খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সংস্থা দুটি। গত ২ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে সংস্থা দুটির সদস্যরা দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে। এর আগে খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
প্রসঙ্গত, খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি। এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। পরে তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। এরপর গত ২৭ নভেম্বর থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসাসেবা দিচ্ছেন। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।