এমপি প্রার্থী এডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের র‌্যালি ও গণসংযোগ


২৮ নভেম্বর ২০২৫ ১০:৩৪

বরিশাল সংবাদদাতা : দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য ও সুশৃঙ্খল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। গত শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টায় বরিশাল নগরীর বেলসপার্ক প্রাঙ্গণ থেকে শুরু হয় র‌্যালি। লঞ্চঘাট, সদর রোড, হাসপাতাল রোড, নথুল্লাবাদ, ঢাকা-বরিশাল মহাসড়ক, রুপাতলী, দপদপিয়া সেতু, ভোলা-বরিশাল সড়ক, সাহেবেরহাট হয়ে আবার বেলসপার্ক মাঠে এসে র‌্যালিটি শেষ হয়।
কয়েক কিলোমিটার দীর্ঘ ও সুশৃঙ্খল এ শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেল এবং হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
র‌্যালির উদ্বোধনী বক্তব্যে এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, আজকের এ বিশাল শোভাযাত্রা কোনো প্রদর্শনেচ্ছার বিষয় নয়, এটি হচ্ছে ইসলামের পক্ষের গণজাগরণ। দুনিয়াবী সকল মতবাদের কাছে নিরাশ হয়ে মানুষ এখন ইসলামের পক্ষেই ফিরে আসছে, এটি তার বাস্তব প্রমাণ। আমরা আশা করছি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বরিশাল হবে দাঁড়িপাল্লার বরিশাল। তিনি বলেন, নথুল্লাবাদ, রুপাতলী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে, দিনারের পুল এবং সাহেবেরহাটে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এসব সভায় সংক্ষিপ্ত বক্তব্যে এডভোকেট হেলাল বলেন, বরিশাল সদর আসনে ইসলামের পক্ষে তথা দাঁড়িপাল্লার পক্ষে যে, গণজোয়ার তৈরি হয়েছে। তার সুফল সব ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে হবে।
লক্ষ্মীপুরে ড. রেজাউল করিমের মোটরসাইকেল শোভাযাত্রা
মো. আতোয়ার রহমান মনির, (লক্ষ্মীপুর) : দাঁড়িপাল্লায় ভোট চেয়ে ‘পরিবর্তনের পথে অগ্রযাত্রা’ স্লোগানে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মোহাম্মদ রেজাউল করিম বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। গত শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় জেলা শহরের ইটেরপুল এলাকা থেকে শোভাযাত্রা শুরু হয়। প্রায় ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শোভাযাত্রাটি চন্দ্রগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। পথে পথে উৎসাহ-উদ্দীপনায় নেতাকর্মীরা স্লোগান দেন। উপস্থিত ছিলেন কয়েক হাজার কর্মী-সমর্থক। একই সময়ে লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াতের প্রার্থী এ. আর. হাফিজ উল্লাহর নেতৃত্বে আরেকটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। কমলনগরের তোরাবগঞ্জ বাজার থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায়ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
শোভাযাত্রা ঝুমুর এলাকায় পৌঁছালে ড. রেজাউল করিম নির্বাচনী এলাকার উন্নয়ন ভাবনা সম্পর্কে সংক্ষেপে দিকনির্দেশনা তুলে ধরেন। এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহামুদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, সেক্রেটারি হারুনুর রশিদসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
মিরকাদিমে ডা. আবু ইউসুফের নির্বাচনী মিছিল
মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী অধ্যাপক আবু ইউসুফ নির্বাচনী মার্কা দাঁড়িপাল্লার সমর্থনে মিছিল করেছেন। গত শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমীর আ জ ম রুহুল কুদ্দুসের নেতৃত্বে মিছিলে ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মো. আক্তার হোসেন, মুন্সীগঞ্জ-৩ আসনের নির্বাচন পরিচালক ও জেলা কর্মপরিষদ সদস্য মো. আরশাদ আলী ঢালী, জেলা কর্মপরিষদ সদস্য মো. শাহজাহান সরকার, মো. সুরুজ মাস্টার প্রমুখ।
সাতক্ষীরায় মুহাদ্দিস আব্দুল খালেকের মোটরসাইকেল শোভাযাত্রা
সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল র‌্যালি করেছে নেতাকর্মীরা। গত শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা পলিটেকনিক কলেজ সংলগ্ন বাইপাসের গোলচত্বর এলাকা থেকে র‌্যালিটি বাইপাস সড়ক হয়ে সদরের ১৪টি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আগরদাড়ি ইউনিয়নে গিয়ে শেষ হয়।
চট্টগ্রাম-৯ আসনে ডা. একেএম ফজলুল হকের মোটরসাইকেল শোভাযাত্রা
মুহাম্মদ ইমরান সোহেল, চট্টগ্রাম : চট্টগ্রাম চকবাজারস্থ ঐতিহাসিক প্যারেড মাঠ থেকে চট্টগ্রাম- ৯ (বাকলিয়া, কোতোয়ালি, চকবাজার ও ডবলমুরিং আংশিক) আসন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক। গত শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টায় মোটরসাইকেল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
নওগাঁ-৪ আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
আব্দুল কাইয়ুম, মান্দা (নওগাঁ) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁ-৪ (মান্দা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও নওগাঁ জেলা আমীর খোন্দকার আব্দুর রাকিবের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় মান্দা উপজেলার পাইলট স্কুল মাঠে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি ফেরিঘাট, জলছত্র, পাঁজরভাঙ্গা, জোতাবাজার, প্রসাদপুর দেলুয়াবাড়ি, তেতুলিয়া ও সবাইহাট হয়ে চৌদ্দ মাইল পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। দলটির প্রায় ৮ হাজারেরও বেশি নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
মাদারীপুর-২ আসনে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র‌্যালি
রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা : মাদারীপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুস ছোবহান খান গত শনিবার (২২ নভেম্বর) চার শতাধিক মোটরসাইকেলসহ নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী শোভাযাত্রা করেছেন। এদিন সকাল ৯টায় মাদারীপুর স্বাধীনতা অঙ্গন থেকে শুরু করে র‌্যালিটি চরমুগুরিয়া-শ্রীনদী ও কবিরাজপুর হয়ে টেকেরহাট বন্দরের গোল চত্বরে পথসভায় মিলিত হয় ।
কাপাসিয়ায় সালাহউদ্দিন আইউবীর দাঁড়িপাল্লার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা
কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন : দাঁড়িপাল্লার স্লোগানে স্লোগানে মুখরিত করে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী সালাহউদ্দিন আইউবীর নেতৃত্বে ২ হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে বিশাল শোভাযাত্রা করেছে উপজেলা জামায়াত। গত শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় কাপাসিয়া সদর ইউনিয়নের পশ্চিমে সীমান্তবর্তী গ্রাম সূর্যনারায়ণপুর স্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পরে কাপাসিয়া উপজেলা সদর, ফকির মজনু শাহ সেতু, তরগাঁও হাসপাতাল মোড়, আমরাইদ বাজার, বীর উজুলী, উপজেলার উত্তর সীমানা অঞ্চলের টোক ইউনিয়ন ঘুরে আড়ালিয়া, বারিষাব, ঘাগটিয়া ইউনিয়নের চালার বাজার হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাজউদ্দীন আহমদ চত্বর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
নাটোর সদর আসনে জামায়াত প্রার্থীর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
নাটোর সংবাদদাতা : জামায়াতে ইসলামীর নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরতলীর দিঘাপতিয়া পিএন উচ্চবিদ্যালয় মাঠ থেকে এ র‌্যালিটি শুরু হয়। প্রায় দুই হাজার মোটরসাইকেলের র‌্যালিটি নাটোর-২ (সদর-নলডাঙ্গা) সংসদীয় আসনের বিভিন্ন গ্রাম-গঞ্জ ও গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করে পুনরায় দিঘাপতিয়া পিএন উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
সখিপুরে অধ্যাপক শফিকুল ইসলাম খানের নির্বাচনী পথসভা : টাঙ্গাইলের সখিপুর উপজেলার সৌখিন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলার সহকারী সেক্রেটারি ও টাঙ্গাইল আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি এডভোকেট সরকার কবির উদ্দিন, সখিপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আল আমিন, সখিপুর পৌরসভা আমীর হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, সাবেক সভাপতি মো. আব্দুল মান্নান এবং সখিপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুল খালেক সরকার।
ভূঞাপুরে জামায়াতের নির্বাচনী পথসভা
মোস্তাফিজুর রহমান, গোপালপুর (টাঙ্গাইল) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২৩ নভেম্বর) বিকালে উপজেলার ভারই হাইস্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা সেক্রেটারি ও টাঙ্গাইল-২ (গোপালপুর- ভূঞাপুর) আসনে মনোনীত সংসদ সদস্যপ্রার্থী মাওলানা মো. হুমায়ুন কবীর।
ঢাকা-১৮ আসনে জামায়াতের প্রার্থী আশরাফুল ইসলামের গণমিছিল ও সমাবেশ
ঢাকা-১৮ আসনে দাঁড়িপাল্লার সমর্থনে গণমিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী আশরাফুল হক। গত শুক্রবার (২১ নভেম্বর) গণমিছিলটি রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে ১১ নম্বর সেক্টরে গিয়ে সমাবেশে মিলিত হয়। উত্তরা আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গণমিছিলপূর্ব সমাবেশ করেন এমপি প্রার্থী আশরাফুল হক।