অবৈধ বালু উত্তোলন বন্ধ না করে পদ্মা-মহানন্দার ভাঙন রোধ সম্ভব নয় -নূরুল ইসলাম বুলবুল
২১ নভেম্বর ২০২৫ ১১:৩৬
অবৈধ বালু উত্তোলন বন্ধ না করে পদ্মা-মহানন্দার ভাঙন রোধ সম্ভব নয় উল্লেখ করে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুল বলেছেন, প্রশাসন যেই পরিমাণ বালু উত্তোলনের অনুমতি দেয়, তার বেশি উত্তোলন করা অবৈধ। প্রশাসনের অনুমতি ব্যতীত অতিরিক্ত বালু উত্তোলন করে বালুখেকোরা পদ্মা-মহানন্দাকে বিপর্যস্ত করে তুলছে। আবার তারাই নদী রক্ষার আন্দোলন করছে। কারা বালুমহাল দখল করে রাখছে, কারা অবৈধভাবে বালু উত্তোলন করছে, সেটি চাঁপাইনবাগঞ্জবাসী জানে এবং দেখে। গত শুক্রবার (১৪ নভেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের হরিপুর বোর্ড ঘরে ভোটকেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল বলেন, তারা ক্ষমতায় থাকাকালীন দেশকে দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন করেছে। তা-ও একবার-দুবার নয়, ক্ষমতার পুরো ৫ বছরের প্রতি বছর তারা দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ান হয়েছে। এবার আবার যদি তারা ক্ষমতায় বসার সুযোগ পায় তবে দেশকে সন্ত্রাস-চাঁদাবাজিতে বিশ্বচ্যাম্পিয়ন করবে। ৫ আগস্ট পরবর্তী তাদের কার্যক্রমে এ কথা পরিষ্কার। তিনি বলেন, তারা দেশে শান্তি চায় না, তারা লুটপাট, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, খুন-গুমের রাজনীতি করতে চায়। জনগণ সেই সুযোগ আর কাউকে দেবে না।
হরিপুর বোর্ড ঘর সেন্টারের সভাপতি আলহাজ মো. রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা নায়েবে আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র অধ্যাপক আবুল হাসান, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।