মুজিবনগরে বিএনপির নেতাকর্মীরা যোগ দিলেন জামায়াতে


২১ নভেম্বর ২০২৫ ১১:৩৪

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের ভবানীপুর গ্রামে বিএনপিসহ বিভিন্ন দল থেকে ২৩টি পরিবার জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছে। গত রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ভবানীপুর গ্রামে মেহেরপুর জেলা জামায়াতের আমীর ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দীন খানের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। মোনাখালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রাকিব ফরহাদের পরিচালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মোখলেচুর রহমান। পথসভায় ভবানীপুর গ্রামের আজগর আলীর নেতৃত্বে বিএনপিসহ বিভিন্ন দলের ২৩টি পরিবার জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দীন খানের উপস্থিতিতে জামায়াতে যোগদান করে। মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. খানজাহান আলী, জেলা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হুসাইন, মুজিবনগর উপজেলা সেক্রেটারি খাইরুল বাসার, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি ফজলুল হকসহ ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। নতুন যোগদানকারীদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে স্বাগত জানান নেতারা।