আনোয়ার হোছাইন-এর কবিতা
ঘুঘু!
২১ নভেম্বর ২০২৫ ১১:০৫
কে না জানে এ সমাজে ঘুঘু আছে সার সার!
কলুষ তাদের মন, অদ্ভুত কারবার।
ঘুঘুরা তো গিরগিটি, শুধু রং বদলায়,
সময়ের ফেরে কভু নীতিকথা আওড়ায়!
ঘুঘু আর ইবলিসে, যেন তার জাতভাই,
লালসার শেষ নেই, স্বভাবেতে খাই খাই।
ঘুঘুর মনটা পুরো হিংসাতে ভরে রয়,
আমাদের জন্য সে অহিংসা বাণী কয়?
ঘুঘুর চেতনাজুড়ে গান শুধু একটাই,
‘ওলট-পালট করে দে মা লুটেপুটে খাই।’
ঘুঘুর কথা যে ভরে চটকের বাহারে,
জনগণ শুনে বলে, ‘কী মিষ্টি আহারে!’
এভাবে ফাঁদটি পেতে ঘুঘু খায় সব ধান,
আশাহত জনতার স্বপ্ন যে খান খান।
আর কত ঘুঘু ফাঁদে ধরা খাবে আপসে?
শিকড় উপড়ে ফেল ঘুঘুদের সরোষে।