স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে-অধ্যাপক মুজিব


৩০ অক্টোবর ২০২৫ ১৩:৩৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শিক্ষানীতি জাতি প্রত্যাখ্যান করেছে। সেই শিক্ষানীতি পরিবর্তন করে ইসলামী শিক্ষানীতি প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে হবে। পতিত সরকারের আমলে প্রণীত পাঠ্যপুস্তকে যেসব ইসলামবিরোধী বিষয় সংযোজন করা হয়েছিল, তা সম্পূর্ণভাবে পরিবর্তন করতে হবে।
গত ২৭ অক্টোবর সোমবার বিকেলে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক এবিএম ফজলুল করীম।
উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহকারী সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম এবং সমন্বয়কারী ড. আবদুস সবুর ফকির ও শামসুল আলম, অধ্যাপক ড. শাহজাহান মাদানী ও সাখাওয়াত হোসেন প্রমুখ।
এ সময় অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, শিক্ষক সমাজের দাবি পূরণের ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশে প্রায় ১২ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা রয়েছে। এসব মাদরাসার শিক্ষকগণের ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে দ্রুত এমপিওভুক্ত করার জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।
অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকগণ যেন অন্য শিক্ষকদের মতো সচ্ছল জীবনযাপন করতে পারেন, তাদের সে অধিকার দিতে হবে। সরকার চলতি বছরের জানুয়ারি মাসে ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে এমপিওভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি।
তিনি আরও বলেন, সকল প্রকার গড়িমসি পরিহার করে প্রয়োজনে থোক বরাদ্দ দিয়েও সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ওই ১ হাজার ৮৯টি মাদরাসাকে অবিলম্বে এমপিওভুক্ত করতে হবে। অন্যথায় শিক্ষক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। প্রেস বিজ্ঞপ্তি।