পীরগাছায় দায়িত্বশীল সমাবেশে মাওলানা আবদুল হালিম

শাসক নয়, সেবক হতে চায় জামায়াত


২৪ অক্টোবর ২০২৫ ০৯:৪৪

পীরগাছা (রংপুর) সংবাদদাতা: জামায়াত বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক। এখন সারা দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। জামায়াত জনগণের শাসক নয়, সেবক হতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম। তিনি বলেন, এ জুলাইযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর কোনো চাঁদাবাজ, দখলদার, ফ্যাসিস্ট সৃষ্টি হবে না। এজন্য পিআর পদ্ধতি নিয়ে আমাদের আন্দোলন চলমান থাকবে। তাই কৃষক, শ্রমিক, ভ্যানচালক, রিকশাচালকসহ সকল শ্রেণির মানুষের কাছে ইসলামের সুশাসনের কথা পৌঁছে দিতে হবে।
গত সোমবার (২০ অক্টোবর) বিকেলে রংপুরের পীরগাছায় আসন্ন সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের নিয়ে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহম্মেদের সভাপতিত্বে উপজেলার কদমতলা আল ফোরকান ক্যাডেট মাদরাসা হলরুমে সমাবেশে উপস্থিত ছিলেন রংপুর-৪ আসনের এমপি প্রার্থী এ টি এম আজম খান, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, জেলা মানবসম্পদ বিভাগের সভাপতি মোত্তালেব হোসাইন, পীরগাছা উপজেলা জামায়াতের আমীর বজলুর রশিদ মুকুল, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হাসেম আলী, কাউনিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সালাম ও দায়িত্বশীল নেতারা।
অনুষ্ঠানে আগামী উপজেলা পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে বজলুর রশিদ মুকুল, ভাইস চেয়ারম্যান পদে মাওলানা মোস্তাক আহম্মেদ ও মোছাম্মাৎ মনঝুরি বেগমের নাম ঘোষণা করা হয়।