সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ


১৬ অক্টোবর ২০২৫ ১৩:৪৯

এবার জেন-জি বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট
জেন-জি বিক্ষোভ ও জনরোষের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি নিরিনা রাজোয়েলিনা। গ রোববার (১২ অক্টোবর) তিনি দেশ ছাড়েন ও সোমবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। দেশটির বিরোধীদলীয় নেতা সিতেনি র‌্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো রয়টার্সকে জানান, ‘প্রেসিডেন্ট দেশ ছেড়েছেন। প্রেসিডেন্টের দফতরের কর্মকর্তারাও আমাদের বিষয়টি নিশ্চিত করেছেন।’ তবে তার বর্তমান অবস্থান প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোয় দেশের সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশের সমর্থন হারান রাজোয়েলিনা। অভ্যুত্থানের আশঙ্কা থেকে তিনি সেনাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। পরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যস্থতায় একটি বিশেষ চুক্তির আওতায় ফরাসি সামরিক বিমানে করে তাকে দেশ থেকে সরিয়ে নেয়া হয়। এদিকে মাদাগাস্কারের প্রেসিডেন্ট দফতর জানিয়েছে, রাজোয়েলিনা সোমবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। দুর্নীতি, বেকারত্ব ও অর্থনৈতিক স্থবিরতার অভিযোগে গত ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে বিক্ষোভ চলছে। রাজধানীতে সোমবারও হাজারো মানুষ প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। রয়টার্স।

নতুন রেকর্ড তুরস্কের
সরকারি পরিসংখ্যান অনুসারে, ৩ অক্টোবর পর্যন্ত তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের সরকারি আন্তর্জাতিক রিজার্ভ ১৮৬.২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা (আনাদোলু এজেন্সি) উদ্ধৃত করে ব্যাংক জানিয়েছে, রিজার্ভ আগের সপ্তাহের ১৮৩ বিলিয়ন ডলার থেকে ১.৮ শতাংশ বা ৩.২ বিলিয়ন ডলার বেড়েছে। এর মাধ্যমে তুরস্কের আন্তর্জাতিক রিজার্ভ আগের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভÑ রূপান্তরযোগ্য বৈদেশিক মুদ্রায় আগের সপ্তাহের তুলনায় ০.৪ শতাংশ বেড়ে ৭৯.৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ব্যাংকের সোনার রিজার্ভ সোনার আমানত এবং যদি প্রয়োজন হয়, সোনার অদলবদলসহ ৩ শতাংশ বেড়ে ৯৯.২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এদিকে মোট আইএমএফ রিজার্ভ অবস্থান এবং বিশেষ অঙ্কন অধিকার ০.১ শতাংশ বেড়ে ৭.৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এমিরেটস নিউজ এজেন্সি।

পরমাণু চুক্তি স্থগিত করল ইরান
জাতিসংঘের পরমাণু প্রকল্প তদারকি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর সঙ্গে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি গত ১২ অক্টোবর রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। আরাগচি বলেন, আমরা আপাতত আইএইএ-এর সঙ্গে পারমাণবিক সহযোগিতা চুক্তি স্থগিত করেছি। তবে জাতিসংঘ যদি এমন কোনো প্রস্তাব দেয় যা ইরানের সার্বভৌম অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় সহায়ক হয়, তখন আমরা পুনরায় আলোচনায় ফিরব। উল্লেখ্য, ১৯৬৮ সালে ইরান আইএইএ-এর সঙ্গে ‘নন-প্রোলিফারেশন ট্রিটি’ বা এনপিটি চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে দেশটি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। সে সময় ইরানের নেতৃত্বে ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভী। তবে সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও আইএইএ-এর সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে ওঠে। গত ৬ জুন আইএইএ দাবি করে, ইরানের কাছে বর্তমানে ৪০০ কেজি ইউরেনিয়াম মজুত রয়েছে, যার বিশুদ্ধতা ৬০ শতাংশ পর্যন্ত। এই মাত্রা ৯০ শতাংশে উন্নীত করা গেলে তা দিয়ে সহজেই পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। এ বিবৃতি প্রকাশের এক সপ্তাহ পর, ১২ জুন রাতে ইসরাইল শুরু করে বিমান অভিযান ‘দ্য রাইজিং লায়ন’। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পরে এক ভিডিও বার্তায় জানান, আইএইএ-এর রিপোর্টের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে। ১২ দিনব্যাপী ইরান-ইসরাইল সংঘাতের শেষদিকে যুক্তরাষ্ট্রও যুক্ত হয়। ভয়াবহ এই সংঘাতে ইরানের সেনাপ্রধানসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও কমপক্ষে ১২ জন পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু পারমাণবিক স্থাপনাও। তবে আইএইএ এখনো জানাতে পারেনি, ওই ৪০০ কেজি ইউরেনিয়ামের বর্তমান অবস্থান কোথায়। সংঘাত শেষ হওয়ার পর আইএইএ ইরানের সঙ্গে পুনরায় সংলাপের আগ্রহ জানায়, কিন্তু তেহরান জানায় সংলাপে আপত্তি নেই, তবে পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না। ইরনা।

মক্কায় ১২৫ কিমি এলাকাজুড়ে স্বর্ণের খনির সন্ধান
পবিত্র মক্কা নগরীতে ১২৫ কিলোমিটার এলাকাজুড়ে এক বিশাল স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। এটিকে দেশটির ইতিহাসের অন্যতম বৃহৎ খনি হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানভিত্তিক গণমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মক্কার মানসুরা-মাসারাহ সোনার খনির দক্ষিণে পাওয়া গেছে এ বৃহৎ স্বর্ণের খনি। এতে সৌদি অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির রাষ্ট্রীয় খনিজ কোম্পানি ‘মাআদেন’ জানিয়েছে, সাম্প্রতিক অনুসন্ধানে প্রায় ১০০ কিলোমিটারজুড়ে উচ্চমাত্রার স্বর্ণের উপস্থিতি শনাক্ত করা গেছে। পরীক্ষাগারে নেয়া নমুনায় দেখা গেছে, প্রতি টন মাটিতে সর্বোচ্চ ২০ দশমিক ৬ গ্রাম পর্যন্ত সোনা পাওয়া গেছে, যা আন্তর্জাতিক মানে ‘অত্যন্ত সমৃদ্ধ’ ধরা হয়। মাআদেনের প্রধান নির্বাহী রবার্ট উইলে বলেন, ‘এই নতুন আবিষ্কার মক্কাকে বৈশ্বিক সোনার মানচিত্রে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি শুধু অর্থনৈতিক নয়, প্রযুক্তিগত ক্ষেত্রেও এক ঐতিহাসিক পদক্ষেপ।’ উল্লেখ্য, বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণের মজুত রয়েছে যুক্তরাষ্ট্রে (৮,১৩৩.৫ টন)। এর পরেই রয়েছে জার্মানি (৩,৩৫১ টন), ইতালি (২,৪৫১.৮ টন), ফ্রান্স (২,৪৩৭ টন) ও রাশিয়া (২,৩৩২.৭ টন)। বিশ্লেষকদের ধারণা, সৌদি আরবের এই নতুন স্বর্ণভাণ্ডার বৈশ্বিক স্বর্ণবাজারে নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে এবং আন্তর্জাতিক দামে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

ভারতে বুলডোজার দিয়ে মুসলিমদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার হুমকি হিন্দুত্ববাদীদের
ভারতের মধ্যপ্রদেশের বেতুল জেলার মুলতাই শহরে একটি ছোট মোটরসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে মুসলিমদের বিরুদ্ধে ‘বুলডোজার বিচার’ (বুলডোজার দিয়ে বাড়িঘর গুঁড়িয়ে ফেলার) প্রয়োগের হুমকি দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। গত ৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যস্ত বাজারের কাছে দুটি মোটরসাইকেলের সংঘর্ষের পর এ সহিংসতার সূত্রপাত। একটি সাধারণ ট্র্যাফিক বিরোধ দ্রুত উভয় সম্প্রদায়ের সদস্যদের মধ্যে পাথর ছোড়ার ঘটনায় পরিণত হয়। পুলিশের মতে, সংঘর্ষের পরপরই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। এখন পর্যন্ত পাঁচ যুবককে আটক করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য দুই সাব-ইন্সপেক্টরকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনার পর স্থানীয় হিন্দু গোষ্ঠীগুলোর নেতারা জড়ো হন এবং সংঘর্ষে প্ররোচনার অভিযোগ তুলে মুসলিমদের বাড়িঘর ভেঙে দেওয়ার দাবি জানান। রাকেশ তিওয়ারি নামে একজন হিন্দুত্ববাদী নেতা সতর্ক করে বলেন, ‘যদি প্রশাসন যোগী জির সরকারের মতো কাজ না করে, তবে আমরা আমাদের নিজস্ব বুলডোজার নিয়ে আসব। ধৈর্যের সময় শেষ।’ আরেকজন ব্যক্তি ভিড়ের মধ্যে চিৎকার করে বলেন, ‘যদি পুলিশ হিন্দু মহিলাদের এবং আমাদের ঐতিহ্যকে রক্ষা করতে না পারে, তবে আমরা নিজেরাই তাদের রক্ষা করব।’ হিন্দু গোষ্ঠীগুলো মুসলিমদের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেওয়া এবং নারীদের হয়রানি করার অভিযোগও এনেছে। কিন্তু পুলিশ বলছে, এ অভিযোগগুলোর সমর্থনে কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ সুপার অনিল সিং বলেন, ‘আমরা সমস্ত অভিযোগ যাচাই করছি। সহিংসতায় জড়িতদের ধর্ম নির্বিশেষে আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হবে। সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো বরদাস্ত করা হবে না।’ এদিকে মুসলিম বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। আবদুল রহমান নামে এক স্থানীয় দোকানদার নিচু স্বরে বলেন, ‘আমাদের কথা না শুনেই আমাদের দোষারোপ করা হচ্ছে। আসলে কী ঘটেছিল, তা কেউ জানতে আসেনি।’ নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুসলিম শিক্ষক বলেন, “এমনকি একটি ছোট যুক্তিকেও এখন ‘জিহাদ’ হিসেবে রঙ দেওয়া হচ্ছে।” নাগরিক অধিকার কর্মীরা বুলডোজার পদক্ষেপের দাবির সমালোচনা করে বলেছেন, এটি সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করার ক্রমবর্ধমান প্রবণতাকে প্রতিফলিত করে। কর্মী নাসির খান বলেন, ‘বুলডোজার এখন ঘৃণার অস্ত্র হয়ে উঠেছে, বিচারের নয়। এ পদক্ষেপগুলো আইন সম্পর্কে নয়, বরং অপমানের সম্পর্কে।’ জেলা কালেক্টর প্রিয়া ভার্মা বলেছেন, অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নাগরিকদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ সিয়াসত ডেইলি।

পদত্যাগের ৪ দিন পর আবারো ফ্রান্সের প্রধানমন্ত্রী লেকর্নু
ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে আবারো সেবাস্তিয়ান লেকর্নুকেই নিয়োগ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। লেকর্নুর পদত্যাগ করার চার দিন পর গত শুক্রবার (১০ অক্টোবর) তাকে নিয়োগ দেয়া হয়েছে। দেশটির মিত্র ও বিরোধী উভয় দলই আশা করেছিল, ব্যয়সাশ্রয়ী বাজেট নিয়ে কয়েক মাসের অচলাবস্থার অবসান ঘটাবে সরকারে নতুন কোনো মুখ আসবে। কিন্তু ম্যাক্রোঁ তার পরিবর্তে ৩৯ বছর বয়সী লেকর্নুকে পুনরায় নিয়োগ দিলেন। প্রেসিডেন্ট ভবন এলিসি প্যালেস জানিয়েছে, সেবাস্তিয়ান লেকর্নুকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এবং তাকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। গত বছর ম্যাক্রোঁ ক্ষমতা আরো পাকাপোক্ত করার আশায় আগাম নির্বাচন দেন। এরপর থেকেই ফ্রান্স রাজনৈতিক অচলাবস্থায় আটকে আছে। নির্বাচনে ডানপন্থীদের আসন বেড়ে যাওয়ায় ঝুলন্ত সংসদ সৃষ্টি হয়েছে। এলিসি প্যালেসের ঘোষণার পর লেকর্নু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, তিনি দায়িত্ব বোধ থেকেই প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেছেন। তিনি আরো বলেন, ‘আমাদের অবশ্যই রাজনৈতিক সংকটের অবসান ঘটাতে হবে।’ তিনি বছরের শেষ নাগাদ ফ্রান্সকে একটি বাজেট দেয়ার জন্য ‘সম্ভাব্য সবকিছু’ করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, সরকারি অর্থ পুনরুদ্ধার ‘আমাদের ভবিষ্যতের জন্য একটি অগ্রাধিকার’। এদিকে লেকর্নুর পুনর্নিয়োগে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অতি-ডানপন্থী ন্যাশনাল র‌্যালি পার্টির নেতা জর্ডান বারডেলা একে ‘বাজে রসিকতা’ বলে অভিহিত করেন এবং অবিলম্বে নতুন মন্ত্রিসভাকে বহিষ্কারের জন্য ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন। অন্যদিকে কট্টর বামপন্থীদের এক মুখপাত্র বলেন, লেকর্নুর পুনর্নিয়োগ ফরাসি জনগণের প্রতি এক বিশাল অবজ্ঞা। সংসদের মধ্যমপন্থী দল সোশ্যালিস্ট পার্টি বলছে, তাদের সাথে লেকর্নুর কোনো সমঝোতা হয়নি। এএফপি।

গাজার মসজিদের ধ্বংসস্তূপ থেকেই ভেসে আসছে আজান
গাজার প্রায় সব মসজিদই এখন ধ্বংসস্তূপ। ইসরাইলের টানা হামলায় গাজা উপত্যকার ঐতিহাসিক স্থাপত্য, মিনার ও নামাজের স্থানগুলো মাটির সঙ্গে মিশে গেছে। তবুও ভগ্নাবশেষের মাঝেই আজান দিচ্ছেন মুয়াজ্জিনরা, নামাজ পড়ছেন ফিলিস্তিনিরা। দ্য ফিলিস্তিন ইনফরমেশন সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরের যুদ্ধ গাজাকে প্রায় মিনারবিহীন করে দিয়েছে। যেসব মসজিদ একসময় নামাজের আহ্বানে মুখর ছিল, সেগুলো এখন ধূলা আর পাথরের স্তূপে পরিণত। শতাব্দীপ্রাচীন স্থাপত্যের কোনো চিহ্ন আর অবশিষ্ট নেই- যেন ইতিহাসই বোমার নিচে বিলীন হয়ে গেছে। গাজার শুজাইয়্যা এলাকার ৬২ বছর বয়সী আবু খালেদ আল-নাজ্জার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বলেন, আমার বাবার কণ্ঠস্বর চেনার আগেই আমি মুয়াজ্জিনের কণ্ঠ চিনতাম। পঞ্চাশ বছর ধরে এখানে নামাজ পড়েছি, আর আজ মসজিদের দরজার পাশের নামাজের গালিচাটাও ধ্বংসস্তূপের নিচে হারিয়ে গেছে।
গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, ইসরায়েলি আগ্রাসনে উপত্যকার ১,২৪৪টি মসজিদের মধ্যে ৮৩৫টি পুরোপুরি ধ্বংস এবং ১৮০টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মামলুক ও অটোমান যুগের শতাব্দী প্রাচীন মসজিদও রয়েছে। পুরনো শহরের গ্রেট ওমারি মসজিদের ধ্বংসাবশেষে ২৭ বছর বয়সী মাহমুদ কান্দিল খুঁজছেন কিবলা দেয়ালের পাথর। তিনি বলেন, এই মসজিদ ছিল গাজার প্রাণ। এখন শুধু ধুলো। মনে হচ্ছে তারা শুধু ভবন নয়, আমাদের স্মৃতিও মুছে ফেলতে চায়। আল-দারাজপাড়ায় একসময় ছিল আল-সাইয়্যিদ হাশিম মসজিদ। তার ধ্বংসাবশেষের সামনে বসে ৭৪ বছর বয়সী উম্মে ওয়ায়েল বললেন, আমি অসুস্থ থাকলেও প্রতি বৃহস্পতিবার এখানে সূরা আল-কাহফ পড়তাম। এখন যাওয়ার জায়গা নেই। তবু ঘরে বসে আমরা কুরআন পড়ব- আল্লাহ আমাদের কথা শুনবেন, যেখানেই থাকি। দ্য ফিলিস্তিন ইনফরমেশন সেন্টার। দ্য ফিলিস্তিন ইনফরমেশন সেন্টার।

ভারতে আবারও গণধর্ষণের শিকার মেডিকেল শিক্ষার্থী
ভারতে আবারও গণধর্ষণের শিকার হয়েছেন এক বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী। পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্গাপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে তিনি ওই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। তিনি ওই বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ২৩ বছর বয়সী ওই শিক্ষার্থীর বাবা বলেছেন, তার মেয়ের সঙ্গে থাকা বন্ধু পালিয়ে গেছে এবং সেও এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন তারা। খবর এনডিটিভির। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গাপুরের শিবপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজের ওই শিক্ষার্থীর বাড়ি ওড়িশ্যা প্রদেশের জলেশ্বর এলাকায়। গত ১০ অক্টোবর শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে তিনি এক বন্ধুর সঙ্গে বাইরে ঘুরতে বেরিয়েছিলেন। কলেজের গেটের কাছে কয়েকজন ব্যক্তি তাদের পথরোধ করেন। পরে ওই তরুণীকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে তারা গণধর্ষণ করেন। পুলিশের কাছে করা অভিযোগে ভুক্তভোগী তরুণীর বাবা বলেছেন, সঙ্গে থাকা বন্ধু ভুল বুঝিয়ে তার মেয়েকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়েছিল। তিনি বলেন, ধর্ষকরা তার মেয়ের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। এ সময় তার কাছ থেকে ৫ হাজার রুপিও কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। পরে ওই শিক্ষার্থীকে দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা বলেছেন, ধর্ষণের শিকার তরুণীর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ কর্মকর্তারা বলেছেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং ভুক্তভোগীর বন্ধুসহ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীর জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।
পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়নমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পান্জা বলেন, বর্তমানে ওই শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন। তার মানসিক কাউন্সেলিং করা হবে। অভিভাবকরা পুলিশি তদন্তের ওপর আস্থা রেখেছেন। এ ধরনের অপরাধকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়। দুর্ভাগ্যজনকভাবে বিজেপি সব সময় এসব ঘটনায় রাজনীতি খোঁজে। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের স্বাস্থ্য দপ্তর কলেজ কর্তৃপক্ষের কাছে ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছে। জাতীয় নারী কমিশনের (এনসিডব্লিউ) একটি প্রতিনিধি দল দুর্গাপুরে গিয়ে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবে। এনসিডব্লিউর সদস্য অর্চনা মজুমদার বলেন, বাংলায় নারীদের ওপর অপরাধ বাড়ছে। পুলিশ এসব ঘটনায় আগাম কোনো পদক্ষেপ নিচ্ছে না। যা অত্যন্ত দুঃখজনক। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাব, তিনি যেন এসব অপরাধ দমনে সক্রিয় ভূমিকা নেন। চলতি বছরের জুলাইয়ে কলকাতার কসবার সাউথ কলকাতা ‘ল’ কলেজের ভেতরে আইনের এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় সাবেক এক শিক্ষার্থীসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গত বছরের আগস্টে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ৩১ বছর বয়সী এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়। ওই ঘটনায় পুলিশের স্বেচ্ছাসেবী কর্মী সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এনডিটিভি।
গ্রন্থনা ও সম্পাদনা : আবদুল কাইউম খান