অধ্যাপক মুজিবুরের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদলের যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক সহযোগিতার ধারা অব্যাহত রাখার অঙ্গীকার


৯ অক্টোবর ২০২৫ ১৩:৫৪

গত ৬ অক্টোবর সোমবার জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল ঢাকা সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে যুক্তরাজ্যের ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে এক সৌজন্য সাক্ষাৎ করেন

গত ৬ অক্টোবর সোমবার বিকাল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকা সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে যুক্তরাজ্যের ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে এক সৌজন্য বৈঠকে মিলিত হন। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলে অধ্যাপক মুজিবুর রহমানের সঙ্গে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মিসেস সাইয়েদা রুম্মান, কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এডভোকেট সাবিকুন্নাহার মুন্নী এবং ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ডা. শাহানা পারভিন।
বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, ব্যবসা-বাণিজ্যের সার্বিক অগ্রগতি; বিশেষ করে গার্মেন্টস, ওষুধ শিল্প, কৃষি খাত, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে যুক্তরাজ্যের ভূমিকা কী হতে পারে, সে বিষয়েও মতবিনিময় করা হয়।
এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারী সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বিশেষত হস্ত ও কুটির শিল্পে তাদের সম্পৃক্ততা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। নারীদের দক্ষতা উন্নয়নে যুক্তরাজ্যের সহায়তা ও অংশগ্রহণ বৃদ্ধির বিষয়েও উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেন।
বৈঠক শেষে উভয়পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও শক্তিশালী করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।