জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআরসহ ৫ দফা দাবিতে সারা দেশে জামায়াতের মিছিল-সমাবেশ


২ অক্টোবর ২০২৫ ১৩:০৯

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠানসহ পাঁচ দফা দাবি আদায়ে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দলটির বিভিন্ন জেলা ও উপজেলা শাখা এসব বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দলটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, লেভেলপ্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এসব দাবি আদায়ে সারা দেশে পালিত কর্মসূচির প্রতিবেদন করেছেন সংবাদদাতারা।
চট্টগ্রাম : কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রতিটি উপজেলা ও থানায় জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাঁশখালী উপজেলায় উপজেলা জামায়াতের উদ্যোগে দুপুর ২টায় জলদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। এতে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, চট্টগ্রাম-১৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, চট্টগ্রাম পশ্চিম জেলা সভাপতি আবদুর রহিম, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইলসহ উপজেলা নেতারা।
সাতকানিয়া উপজেলার উদ্যোগে বিকাল ৫টায় পৌর সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাতকানিয়া-লোহাগাড়ার জননন্দিত মজলুম জননেতা সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, এম ওয়াজেদ আলী, উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দীন, সাতকানিয়া পৌরসভার আমীর অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদ, কেরানীহাট শহর শাখার আমীর মুহাম্মদ নাছির উদ্দীন প্রমুখ।
বৃহত্তর পটিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে বিকাল ৫টায় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডা. ফরিদুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ইসমাইল হক্কানী, মাওলানা আরেফে জামী, আ.ক.ম ফরিদুল আলম, মহানগরী পেশাজীবী থানার আমীর শাহজাহান মহিউদ্দীন, জেলা শূরা সদস্য মাস্টার নাছিরুল আলম শেখ, উপজেলা আমীর জসিম উদ্দীন, কালারপোল থানার আমীর মাস্টার এস এম নাছির উদ্দীন, পটিয়া পৌরসভার আমীর মাস্টার সেলিম উদ্দীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
চন্দনাইশ উপজেলা ও উত্তর সাতকানিয়া থানা জামায়াতের উদ্যোগে বিকাল ৫টায় দোহাজারীতে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় সহ-সেক্রেটারি মুহাম্মদ ইসহাক। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডা. শাহাদাৎ হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দিন, সাবেক কর্মপরিষদ সদস্য মুহাম্মদ সাইফুদ্দীন, জেলা শূরা সদস্য ডা. আবদুল জলিল, মাওলানা আইয়ুব আলী, চন্দনাইশ উপজেলা আমীর মাওলানা কুতুব উদ্দীন, উত্তর সাতকানিয়া থানার আমীর মাস্টার সিরাজুল ইসলামসহ স্থানীয় নেতারা।
লোহাগাড়া উপজেলা জামায়াতের উদ্যোগে বিকাল ৫টায় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন মো. নোমান। এতে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী প্রমুখ।
আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা জামায়াতের উদ্যোগে সকাল ৯-৩০টায় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের মনোনীত প্রার্থী ও জেলা সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী, ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, মুহাম্মদ নুরুল হক, আনোয়ারা উপজেলা আমীর মাস্টার আবদুল গণি, কর্ণফুলী উপজেলা আমীর মাস্টার মনির আবছার চৌধুরীসহ নেতৃবৃন্দ।
বোয়ালখালী উপজেলা জামায়াতের উদ্যোগে বিকাল ৫টায় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন জামায়াতের জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডা. আবু নাছের, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরিফুর রশিদ, বোয়ালখালী উপজেলা আমীর ডা. খোরশেদ আলম, পৌরসভার আমীর মাস্টার হারুনুর রশিদ প্রমুখ।
মিছিলোত্তর সমাবেশে নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানকে ধারণ করে দেশ পরিচালনা করতে হলে জুলাই সনদকে আইনগত ভিত্তি প্রদান করার বিকল্প নেই। অথচ জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গড়িমসি করা হচ্ছে। দ্বিতীয়ত, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে না হলে পুনরায় ফ্যাসিবাদ কায়েম করা হবে। অধিকাংশ দল পিআর নির্বাচন চাইলেও সিদ্ধান্ত নিতে বিভিন্ন টালবাহানা করা হচ্ছে। জামায়াতের পাঁচ দফা বাস্তবায়ন করা শুধু সিদ্ধান্ত নেয়ার ব্যাপার। সদিচ্ছা থাকলে পাঁচ দফা আমলে নিয়ে ১ মাসের মধ্যে বাস্তবায়ন শেষ করতে পারবে। টালবাহানা করে নির্বাচন পেছানো যাবে না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে।
নেতারা আরও বলেন, আজ এক বছর হয়ে গেল। আমরা এখনো ফ্যাসিবাদের গণহত্যার দৃশ্যমান বিচার দেখতে পাইনি। খুনি হাসিনা গণহত্যা করে একের পর এক আন্দোলনকে দমন করেছিল। অথচ বিচার বিভাগের বিলম্বের কারণে তারা পার পেয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। অবিলম্বে গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। প্রশাসন ও বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করতে হবে। সংস্কার না করে নির্বাচন দিলে জাতির সাথে তামাশা করা হবে।
তারা আরও বলেন, লেভেলপ্লেয়িং ফিল্ড নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সকল দলের প্রতি সমান গুরুত্ব দিয়েই নির্বাচন দিতে হবে। অতীতের কোনো নির্বাচনে জনগণকে গুরুত্ব দেয়া হয়নি। তাই যারা যেভাবে পেরেছে, ভোটকেন্দ্র দখল করে নিজেদের আসন বৃদ্ধি করেছে। তাই উৎসবমুখর নির্বাচনের আয়োজনের লক্ষ্যে লেভেলপ্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। আর ফ্যাসিস্টদের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের অন্যান্য শরিকদের নিষিদ্ধ করতে হবে। নইলে স্বৈরাচার আওয়ামী লীগ তাদের মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবে। তাই সময় থাকতে জামায়াতের ঘোষিত পাঁচ দফা গণদাবি মেনে নিন। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায় করা হবে, ইনশাআল্লাহ।
কক্সবাজার : ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কক্সবাজার জেলা জামায়াত। সমাবেশে কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে দেশে নতুন ফ্যাসিবাদ তৈরি হবে।’
তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের তরুণ প্রজন্ম জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে, মা তার সন্তানকে হারিয়েছে, স্ত্রী স্বামীকে হারিয়েছে, সন্তান বাবাকে হারিয়েছে, তা বিফলে যাবে। আমরা দেশে কেউ নতুন করে ফ্যাসিবাদী শাসক হয়ে উঠুক, তা হতে দিতে পারি না। তাই কোনো ছলচাতুরীর আশ্রয় না নিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে, সেই সনদের অধীনে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে।
গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় কক্সবাজার হাশেমিয়া আলিয়া মাদরাসা গেট থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা।
কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবিতে রামু উপজেলা শাখা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। উপজেলা আমীর ফজলুল্লাহ মুহাম্মদ হাসানের সভাপতিত্বে মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের শূরা সদস্য ও কক্সবাজার-৩ সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী শহিদুল আলম বাহাদুর। তিনি বলেন, বিগত সাড়ে ১৫ বছর যারা গুম, খুন ও জুলুম -নির্যাতন চালিয়েছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।
ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় মহেশপুর হাইস্কুল মাঠে এক বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করে নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে হাজার হাজার জনতার উপস্থিতি লক্ষ করা যায়। কানায় কানায় পরিপূর্ণ ছিল মহেশপুর হাইস্কুল মাঠসহ আশপাশ এলাকা। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী, মহেশপুর কোটচাঁদপুরের গণমানুষের নেতা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মতিয়ার।
কিশোরগঞ্জ : পিআরসহ ৫ দাবিতে কটিয়াদীতে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা হাসপাতাল মোড় থেকে মিছিল শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে কটিয়াদী বাসস্ট্যান্ডের গোলচত্বরে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী। বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও কটিয়াদী-পাকুন্দিয়া আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল।
যশোর : চৌগাছায় পিআরসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জামায়াতের নেতাকর্মীরা। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবি নিয়ে শহরের প্রেস ক্লাব মোড়ে জামায়াতে ইসলামীর এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদের সভাপতিত্বে ও সেক্রেটারি সহকারী অধ্যাপক নুরুজ্জামান আল মামুনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর মনোনীত যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর হাফেজ আমিন উদ্দীন খান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক পৌর প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, ২০২৪ সালের আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা পালিয়েছে। এরপর ছাত্র-জনতার আকাক্সক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছেন। সেই জনগণের ৭০ ভাগ মানুষ পিআরের পক্ষে সমর্থন জানিয়েছেন। ঐকমত্য কমিশনে ৩১ দলের মধ্যে ২৫টি দল পিআরের পক্ষে রয়েছে। শুধুমাত্র একটি দল পিআরের বিপক্ষে। ৭১ শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করে অন্য একটি দলের পক্ষে ঝুঁকলে ভবিষ্যতে গণবিস্ফোরণের মতো পরিস্থিতি সৃষ্টি হবে।
কেশবপুরে পিআরসহ ৫ দফা দাবিতে মিছিল-সমাবেশ করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। গত শুক্রবার বিকেলে কেশবপুর পাবলিক ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
কেশবপুর পাবলিক ময়দানে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোক্তার আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ, সাবেক শিবিরের খুলনা মহানগরীর সভাপতি ও সাবেক কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান সাঈদ প্রমুখ।
যশোরের বেনাপোলে ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী। পিআরসহ পাঁচ দফা দাবি আদায়ে পোর্ট থানা শাখার উদ্যোগে গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন নেতাকর্মীরা।
বেনাপোল বাজারের রহমান চেম্বারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের সভাপতি রেজাউল ইসলাম ও পোর্ট থানা শাখার সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী। শার্শা উপজেলা সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আলহাজ ওসমান গনি, ডা. শফিকুল ইসলাম, ইয়ানুর রহমান, নূরুল হক প্রমুখ।
পিরোজপুর : কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অবকাশ চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে শহীদ মিনার চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে মঠবাড়িয়ায়ও ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত শুক্রবার বিকেলে এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশটির আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে শেষ হয়।
মঠবাড়িয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মঠবাড়িয়া (পিরোজপুর-৩) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মো. আব্দুল জলিল শরীফ। উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি ও পৌর জামায়াতের সেক্রেটারি আবুল বাশারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পৌর জামায়াতের আমীর আব্দুল মালেক মীর প্রমুখ।
জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।
জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, মাওলানা সিদ্দিকুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর আমীর ইসহাক আলী খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
রংপুর : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে রংপুরের বদরগঞ্জে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি পালন করে দলটির বদরগঞ্জ উপজেলা শাখা।
মিছিলটি উপজেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা জামায়াত কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাহ মুহাম্মদ রোস্তম আলীর সভাপতিত্বে কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতা-কর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের মজলিসে শূরার সদস্য আব্দুল গণি। বিশেষ অতিথির বক্তব্য দেন বদরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মাওলানা মাহাফুজার রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আল আমিন কবির, পৌর যুব বিভাগের শাহ রাকিবুল হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহিনুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।
মেহেরপুর : পিআর পদ্ধতিতে নির্বাচনসহ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে মেহেপুরের মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামী।
মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর হাফেজ মাওলানা ফিরাতুল ইসলাম নাঈমের সভাপতিত্বে ও মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি খাইরুল বাসারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের আমীর ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দীন খান।
নারায়ণগঞ্জ : জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা জামায়াত। গত শুক্রবার বিকেলে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা শাখার মমিনুল হক সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও শিক্ষা বিভাগের সেক্রেটারি ড. মো ইকবাল হোসাইন ভূঁইয়া। সোনারগাঁ উত্তর উপজেলা আমীর মাওলানা মো ইসহাক মিয়ার সভাপতিত্বে সোনারগাঁ দক্ষিণের আমীর মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না জেলা কর্মপরিষদ সদস্য দেওয়ান মো. খোরশেদ আলম বন্দর মাওলানা মুজিবুর রহমান উপজেলা আমীর মাওলানা মো. খোরশেদ আলম ফারুকী প্রমুখ।
দিনাজপুর : পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তিসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা জামায়াতে ইসলামী। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার রাণীগঞ্জ বাজারের জামায়াত অফিসের সামনে উপজেলা আমীর মোফাখখায়ের ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমরান হোসেনের সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জামায়াত ঘোষিত হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলাম সৈকত। বিশেষ অতিথির বক্তব্য দেন দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ঘোড়াঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বর্তমানে ঘোষিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন। এতে বক্তব্য দেন দিনাজপুর জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সেক্রেটারি নবুল কালাম, ঘোড়াঘাট থানা ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল ইসলাম প্রমুখ।
মুন্সীগঞ্জ : জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, উভয়কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, গণহত্যার বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ সদর উপজেলা শাখা। গত শুক্রবার (২৬ সেপ্টেবর) বিকেল সাড়ে ৪টায় মুন্সীগঞ্জ কৃষি ব্যাংক সংলগ্ন জামায়াতে ইসলামের জেলা অফিস থেকে শুরু হয় শহর প্রদক্ষিণ করে কোট চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এ কে এম ইউসুফ, মোহাম্মদ আখতার হোসেন, ডা. মো. ইব্রাহিম দেওয়ান, মুন্সীগঞ্জ পৌরসভার আমীর এইচএম বাইজিদ, মিরকাদিম পৌরসভার আমীর মাওলানা মো. গোলাম জিলানী, সমাবেশে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ সদর উপজেলার আমীর মোহাম্মদ নুরুল আমিন সিকদার প্রমুখ।
সাতক্ষীরা : পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে তালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের পুরাতন ফুটবল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
এর আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি বলেন, জুলাই সনদে আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরির দাবিতেই এ কর্মসূচি। তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। জামায়াত ক্ষমতায় গেলে শুধু মুসলিম নয়, সকল ধর্মের মানুষ ও নারীরাও সর্বোচ্চ মর্যাদা পাবেন।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি অধ্যাপক সুজায়েত আলী।
নরসিংদী : নরসিংদীর পলাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলা শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে পলাশ বাসস্ট্যান্ড গোলচত্বরে এসে বিশাল সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে দলটির পলাশ উপজেলা শাখার আমীর মাওলানা আবুল কাশেম শিকদার, সেক্রেটারি মাওলানা মাসুদ করীম, পৌর আমীর অধ্যাপক ইসমাইল খয়েরী, সাইদুজ্জামান মাওলানা তাজুল ইসলাম, এনামুল হক রনি, মাওলানা কামাল হোসেন, আতিকুর রহমান, মাওলানা বেলাল হোসেন ইঞ্জিনিয়ার নুরুল ইসলামসহ কয়েক সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেয়।
বাগেরহাট : পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে শরণখোলা উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলের অংশ হিসেবে গত শুক্রবার বিকেল ৪টায় শরণখোলা উপজেলা জামায়াতের উদ্যোগে রায়েন্দা বাজার ৫ রাস্তার মোড়ে এক বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। পাঁচ রাস্তার মোড় থেকে শুরু হয়ে মিছিলটি রায়েন্দা বাজারের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে শরণখোলা প্রেস ক্লাব চত্বরে সমাবেশে অংশগ্রহণ করে নেতাকর্মীরা। উপজেলা জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) ডা. ফজলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি অধ্যাপক কামরুল ইসলাম মোল্লার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট-৪ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম।
কুড়িগ্রাম : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে পিআরসহ ৫ দফা দাবি আদায়ে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫টায় ফুলবাড়ী কাচারী মাঠ থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ী তিনকোনা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে পিআর ও জুলাই সনদসহ ৫ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, ফুলবাড়ী উপজেলা আমীর মাওলানা আব্দুল মালেক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের বিএসসি, শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা সভাপতি মাওলানা সেকেন্দার আলী প্রমুখ।
নওগাঁ : জুলাই সনদের আইন ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মান্দা উপজেলা জামায়াত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে কোর্ট মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন দলটির নেতাকর্মীরা। পরে উপজেলার প্রসাদপুর বাজারের চৌরাস্তায় সমাবেশস্থলে গিয়ে মিছিলটি শেষ হয়।
এতে মান্দা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব। বক্তব্য দেন জেলা মজলিসুল মোফাসসিরিন বিভাগের সভাপতি মাওলানা মোস্তফা আল আমিন হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান ও রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আব্দুর রাকিব প্রমুখ।
জয়পুরহাট : জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচ উপজেলায় পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা ও শহর জামায়াতের উদ্যোগে গত শুক্রবার বিকেলে শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ। শহর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন ও এডভোকেট মামুনুর রশীদ, শহর নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদীন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, রাজনৈতিক সেক্রেটারি এডভোকেট আব্দুল মোমিন ফকির, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি তারেক হোসেন প্রমুখ।
মাদারীপুর : জুলাই সনদের আইনি ভিত্তি, আগামী জাতীয় নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে সারা দেশের মতো মাদারীপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার মাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, ডাসার ও শিবচর উপজেলায় স্থানীয় নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
এদিন সকাল ৯টায় জেলা শাখার আয়োজনে শুরু হয় বিক্ষোভ সমাবেশ। এতে বক্তব্য দেন ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুস সোবহান খান। তিনি বলেন, ‘নতুন বাংলাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের আধিপত্য জনগণ মেনে নেবে না। আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।’
এ সময় বক্তব্য দেন জেলা আমীর মাওলানা মোখলেসুর রহমান, জেলা নায়েবে আমীর এডভোকেট মিজানুর রহমান খান, উপজেলা আমীর মাওলানা হুমায়ুন কবির, পৌর আমীর মাওলানা আলমগীর হোসাইন, জেলা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ রিফাত হোসাইন প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি এনায়েত হোসাইন।
টাঙ্গাইল : জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তার আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. একে এম আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ আসনের পরিচালক মির্জা রাশিদুল হাসান জুয়েল। সমাবেশে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম।
পঞ্চগড় : জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পঞ্চগড়ের বোদা উপজেলা জামায়াত। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একটি সমাবেশে মিলিত হয়। সমাবেশে সাবেক উপজেলা চেয়ারম্যান ও পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ মো. সফিউল্লাহ্ সুফী বক্তব্য দেন। এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আমীর জাহিদুর রহমান, উপজেলা সেক্রেটারি তছলিম উদ্দিন, প্রচার সেক্রেটারি মাওলানা এম আবু সাঈদ প্রমুখ।
কুষ্টিয়া : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি আদায়ে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী কুষ্টিয়া সদর উপজেলা শাখা। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শহরের চৌড়হাস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা বিজয় উল্লাস চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেম। কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আমির হামজা, জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার ও নায়েবে আমীর খায়রুল ইসলাম রবিন, কুষ্টিয়া শহর শিবিরের সেক্রেটারি আব্দুল্লাহক আল মামুন প্রমুখ।
নাটোর : নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) সকাল ১০টায় শহরের মাদরাসা মোড়ে জেলা জামায়াতের উদ্যোগে একটি মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল শহরের ট্রাফিক মোড় প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা মোড়ে এসে শেষ হয়।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন জেলা নায়েবে আমীর ও জামায়াত মনোনীত নাটোর-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী, নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত নাটোর-৪ আসনে এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলার আমীর অধ্যাপক মীর নূরুন নবী, শহর আমীর রাশেদুল ইসলাম প্রমুখ।
চাঁদপুর : জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবি আদায়ে চাঁদপুরের মতলব উত্তরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুক্তিযোদ্ধা ডা. মুহাম্মাদ আব্দুল মোবিন। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সভাপতি অধ্যাপক আবুল বাশার দেওয়ান, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান নাজির, পৌর জামায়াত সভাপতি এইচ. এম. রবিউল আলম, মাসুদ সরকার, আবদুল লতিফ লিটনসহ স্থানীয় নেতারা।
কুমিল্লা : কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অভূতপূর্ব বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নেতাকর্মীরা। পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় দাউদকান্দি মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের শহীদ রিফাত শিশুপার্ক প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী ও উপজেলা আমীর মনিরুজ্জামান বাহলুল বলেন, জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে (লেভেলপ্লেয়িং ফিল্ড)। ফ্যাসিস্ট সরকারের বিচার দ্রুত বাস্তবায়ন করতে হবে। জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর আমীর মাওলানা আবুল কাশেম প্রধানীয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা সেক্রেটারি মনির উজ জামান, পৌর সেক্রেটারি শাহজাহান তালুকদার, উপজেলা যুব সভাপতি মিজান আরিফ, পৌর যুব সভাপতি রেজাউল হক, সেক্রেটারি তৌফিকুল ইসলাম, পৌর শ্রমিক নেতা ফজলে হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
সিরাজগঞ্জ (রায়গঞ্জ) : কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারা দেশের মতো জুলাই সনদ বাস্তবায়নসহ ঘোষিত ৫ দফা বাস্তবায়নের দাবিতে এক বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা জামায়াত।
গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলা সদর ধানগড়া বাজার পল্লী বিদ্যুৎ মোড় থেকে উপজেলা আমীর আলী মর্তুজার নেতৃত্বে মিছিল শুরু হয়ে ধানগড়া বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা অধ্যাপক আব্দুস সামাদ, সিরাজগঞ্জ জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দিন, রায়গঞ্জ উপজেলা আমীর আলী মর্তুজা। নায়েবে আমীর মাওলানা আবুল কালাম বিশ্বাস, সেক্রেটারি ডা. এস এম মনসুর আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন রায়গঞ্জ উপজেলা সভাপতি ডা. মো. কামরুল ইসলাম, পৌরসভা আমীর আলহাজ হোসেন আলী, উপজেলা শিবির সভাপতি মো. মাসুদ রানাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন আয়োজন করতে হবে। উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু লেভেলপ্লেয়িং ফিল্ড নিশ্চিত, পতিত ফ্যাসিস্ট সরকারে বিচার দৃশ্যমান ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
কসবা : পাঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কসবা উপজেলা ও পৌর জামায়াত। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার। তিনি বলেছেন, কসবা- আখাউড়ার যুবসমাজকে ধ্বংস করতে তাদের হাতে যারা মাদক তুলে দিয়েছে এ জনপদকে যারা সন্ত্রাসের জনপদে পরিণত করেছে, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।
উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী। বক্তব্য রাখেন পৌরসভা জামায়াতের আমীর হারুন অর রশিদ, কসবা উপজেলা সেক্রেটারি গোলাম সারওয়ার, সহকারী সেক্রেটারি এস এম আজাদ মানিক, পৌরসভার সহকারী সেক্রেটারি নুর মাজিদুল হক, কসবা উপজেলা শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ প্রমুখ।
বিক্ষোভ মিছিল কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শুরু হয়ে পুরাতন বাজার ও নতুন বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংকের সামনে সমাবেশে মিলিত হয়। প্রেস বিজ্ঞপ্তি