সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ


২ অক্টোবর ২০২৫ ১২:৪২

সংলাপের ডাক প্রত্যাখ্যান লাদাখের আন্দোলনকারীদের, জোর ধাক্কা মোদি সরকারে
অশান্ত লাদাখে শান্তি ফেরানোর জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের চেষ্টা জোর ধাক্কা খেল। লাদাখে শান্তি ফেরানোর লক্ষ্যে আগামী ৬ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে আন্দোলনকারী দুই সংগঠনের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকে বসার উদ্যোগ নেওয়া হয়েছিল। যদিও গত সোমবার (২৯ সেপ্টেম্বর) লেহ অ্যাপেক্স বডির (এলএবি) তরফে ওই বৈঠক বয়কটের কথা ঘোষণা করা হয়েছে। সংগঠনের সভাপতি চেরিং দোর্জে এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, ‘আন্দোলনকারীদের দেশদ্রোহীর তকমা দেওয়া হয়েছে। নিরস্ত্র আন্দোলনকারীদের ওপরে গুলি চালানো হয়েছে। সোনম ওয়াংচুককে সন্ত্রাসবাদী আইনে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্র যখন যুদ্ধ ঘোষণা করেছে, তখন বৈঠক অর্থহীন। তাই ৬ অক্টোবরের বৈঠকে বসছি না। সিআরপিএফ আগাম কোনো ঘোষণা ছাড়াই নিরস্ত্র জনতার ওপরে গুলি চালিয়েছে। পুরো ঘটনার বিচারবিভাগীয় তদন্ত করাতে হবে এবং অপরাধী সিআরপিএফ জওয়ানদের সাজা দিতে হবে। আমাদের দাবি মানলেই আলোচনার টেবিলে যাব। তার আগে নয়।’ লাদাখকে পূর্ণাঙ্গ রাজ্য ঘোষণাসহ আরও একাধিক দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিল ‘দ্য লেহ’স অ্যাপেক্স বডির (এলএবি) যুব শাখা। গত ১০ সেপ্টেম্বর থেকে ৩৫ দিনের আমরণ অনশনে বসেছিলেন ১৫ জন। তার মধ্যে দুজনকে জোর করে হাসপাতালে স্থানান্তরিত করায় গত বুধবার (২৪ সেপ্টেম্বর) অগ্নিগর্ভ হয়ে ওঠে লেহ। বিক্ষোভকারীরা বিজেপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেয়। রণক্ষেত্রের চেহারা নেয় লেহর একাধিক অঞ্চল। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রাণ হারান চার বিক্ষোভকারী। গুরুতর জখম হন আরও শতাধিক। বেলা সাড়ে ১১টা থেকে শুরু করে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে তাণ্ডব। সরকারি সম্পত্তি ভাঙচুরসহ নাশকতামূলক কাজকর্মে জড়িত থাকায় ৫০ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। এখানেই শেষ নয়, গোটা ঘটনার পিছনে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাই বাস্তবের র‌্যাঞ্চোকে শিক্ষা দিতে তার এনজিও স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ-এর বিদেশি অনুদান গ্রহণ সংক্রান্ত লাইসেন্স বাতিল করেছে অমিত শাহের মন্ত্রণালয়। অশান্তির দুই দিনের মাথায় সোনমকে গ্রেফতার করা হয়। পাকিস্তানের সঙ্গে তার যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেছেন লাদাখের পুলিশ প্রধান। সোজা উপত্যকা থেকে সোনমকে রাজস্থানের যোধপুর জেলে নিয়ে যাওয়া হয়েছে। আনন্দবাজার।

নতুন চার ভিসা চালুসহ ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন আনলো আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাত ভিসা কাঠামোয় বড় ধরনের সংস্কার এনেছে। দেশটির পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা বিভাগ (আইসিপি) জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, পর্যটন ও বিনোদন খাতকে শক্তিশালী করা এবং বিশ্বব্যাপী মেধাবী মানুষ, ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের আকর্ষণ করা। আইসিপির মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাঈদ আল খাইলি বলেন, এতে মানুষের জীবনযাত্রা সহজ হবে, ব্যবসা প্রসারিত হবে এবং দেশ আরো প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। নতুন চালু হওয়া চার ধরনের ভিসা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের ভিসা, বিনোদন ভিসা, অনুষ্ঠান ভিসা এবং ক্রুজ জাহাজ কর্মীদের ভিসা। এসব ভিসার মাধ্যমে প্রযুক্তি বিশেষজ্ঞ, পর্যটক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইভেন্টের অংশগ্রহণকারী এবং ক্রুজ কর্মীরা সহজে আমিরাতে প্রবেশ করতে পারবেন। এছাড়া পুরোনো অনেক ভিসার শর্ত ও নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।
মালবাহী ট্রাকচালকরা একাধিকবার প্রবেশ করতে পারবেন নির্দিষ্ট শর্তে। আত্মীয় ও বন্ধু ভিসায় জামিনদারের আয়ের পরিমাণ আলাদা করে নির্ধারণ করা হয়েছে। ব্যবসা স্থাপনের ভিসায় আর্থিক সামর্থ্য বা অভিজ্ঞতার প্রমাণ দিতে হবে। মানবিক দিক থেকেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত দেশের নাগরিকরা জামিনদার ছাড়াই এক বছরের ভিসা পেতে পারেন। এছাড়া বিদেশি নারীদের জন্য বিশেষ সুযোগ রাখা হয়েছে- স্বামী মারা গেলে বা বিবাহবিচ্ছেদ হলে তারা নির্দিষ্ট শর্তে স্পন্সর ছাড়াই বসবাস করতে পারবেন। সব ভিসার ক্ষেত্রেই আর্থিক সামর্থ্য ও উপযুক্ত বাসস্থানের শর্ত প্রযোজ্য থাকবে। প্রয়োজন হলে ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। বিশ্লেষকদের মতে, এসব পরিবর্তন আমিরাতকে ভ্রমণ ও ব্যবসার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তির একটি আকর্ষণীয় কেন্দ্রে পরিণত করবে। খালিজ টাইমস।

বিহারের এক কেন্দ্রের ৮০ হাজার মুসলিম ভোটারকে বাদ দিতে নির্বাচন কমিশনে বিজেপির চিঠি
ভারতের বিহারে আসন্ন বিধানসভা ভোটের আগেই ফের ভোট চুরির ‘চক্রান্ত’ শুরু হয়েছে। এবার বিধানসভার মাত্র একটি কেন্দ্রের ৮০ হাজার মুসলিম ভোটারের নাম বাদ দিতে তৎপর উগ্র হিন্দুত্ববাদী বিজেপি। অভিযোগ উঠেছে, পূর্ব চম্পারণ জেলার ঢাকা বিধানসভা আসনের প্রায় ৮০ হাজার মুসলিম ভোটারের নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে ইসলামবিদ্বেষী বিজেপি। দলের লেটারহেডেই এ নিয়ে কমিশনে চিঠি পাঠিয়েছেন প্রভাবশালী বিজেপি নেতারা। ঢাকার বিজেপি বিধায়ক পবনকুমার জয়সওয়ালের এক সহকারীও এ নিয়ে চিঠি দিয়েছেন। রিপোর্টার্স কালেক্টিভের তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। গেরুয়া শিবিরের দাবি, উল্লিখিত ভোটাররা কেউই ভারতীয় নন। এই ঘটনায় একযোগে নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ করেছে বিরোধীদল কংগ্রেস। দলটির অভিযোগ, ‘ভোট চুরি’র সব জেনেও মুখে কুলুপ এঁটে বসে রয়েছে কমিশন। এই অপকর্মে তারা বিজেপিকে মদদ দিয়েছে। আর একটা কেন্দ্রেই যদি এত বড় কারচুপি হয়, তাহলে গোটা বিহারে কী হয়েছে, তা বোঝাই যাচ্ছে। আগামী ১ অক্টোবর ঢাকার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। তারপরই বোঝা যাবে, সেই ‘আর্জি’ মেনে আদতে কতজনের নাম বাদ গেল। বিজেপির তালিকায় থাকা বেশ কয়েকজন সংখ্যালঘু ভোটারের সঙ্গেও কথা বলেছে রিপোর্টার্স কালেক্টিভ। তাদের অনেকেই এই ‘চক্রান্তে’র ব্যাপারে অন্ধকারে। যদিও প্রকাশ্যে আসা তথ্য নিয়ে কোনো মন্তব্যই করতে চাননি স্থানীয় বিজেপি বিধায়ক। তার পাল্টা অভিযোগ, লালুপ্রসাদের দল ৪০ হাজার হিন্দু ভোটারের নাম বাদ দেওয়ার আর্জি জানিয়েছে। কিন্তু বক্তব্যের সমর্থনে প্রমাণ দিতে পারেননি তিনি। দ্য ফ্যিান্সিয়াল এক্সপ্রেস।

‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল পেরু
জেন-জিদের বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু। স্থানীয় সময় গত রোববার (২৮ সেপ্টেম্বর) তরুণদের সরকার পতনের আন্দোলনে যোগ দিয়েছে পরিবহন ও ব্যবসায়ী সংগঠনগুলো। দেশটির রাজধানী লিমায় গুরুত্বপূর্ণ সড়কে মিছিল সমাবেশ করে জেন-জি বিক্ষোভকারীরা। রাজপথে পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। এতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। আহত হয় অন্তত ১৮ জন। আন্দোলনকারীদের ওপর পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ তোলে বিক্ষুব্ধ তরুণরা। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় চলছে নিন্দা সমালোচনার ঝড়। সংঘর্ষের ঘটনায় তদন্তের কথা জানিয়েছে পেরুর ন্যাশনাল পুলিশ। বিক্ষোভকারীদের ছোড়া মলোটভ ককটেলের আঘাতে এক পুলিশ কর্মকর্তা দগ্ধ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রয়টার্স।

ইসরাইলকে থামানো না গেলে ফিলিস্তিন রাষ্ট্র ‘অসম্পূর্ণ’ : এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি ইসরাইলকে থামানো না যায়, তবে ফিলিস্তিন রাষ্ট্র চিরকাল ‘অসম্পূর্ণ’ থেকে যাবে। তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার মন্ত্রিসভা এবং ‘গণহত্যাকারী ক্যাডার’ হিসেবে আখ্যায়িত কিছু ব্যক্তির অবিলম্বে বিচারের আহ্বান জানান। পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর নিষ্ক্রিয়তাকে তিনি তীব্রভাবে সমালোচনা করেন। গত শনিবার (২৭ সেপ্টেম্বর) ইস্তাম্বুলে আয়োজিত বসফরাস কূটনীতি ফোরামে ভাষণদানকালে এরদোগান বলেন, বহু রাষ্ট্র সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও, তা ‘বিলম্বিত পদক্ষেপ’ হলেও একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বিবেচিত হতে পারে। তবে তিনি প্রশ্ন তোলেন, কেন ৬৫ হাজার নিরীহ প্রাণহানির আগে এই স্বীকৃতি আসেনি? যা বিশ্ব সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার ওপর নতুন করে প্রশ্ন তোলে। জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলি প্রধানমন্ত্রীর ভাষণের প্রসঙ্গ টেনে এরদোগান বলেন, ‘গণহত্যা নেটওয়ার্কের’ প্রধানের মিথ্যাচার ও হুমকির কোনো শ্রোতা ছিল না; তিনি খালি আসনে বক্তব্য রেখেছেন। তিনি এ প্রসঙ্গে উল্লেখ করেন, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নেতানিয়াহুর ভাষণের সময় প্রতিবাদ জানিয়ে একাধিক দেশের প্রতিনিধিদল অধিবেশন থেকে ওয়াকআউট করে।
জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দিকে সরাসরি আঙুল তুলে এরদোগান বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিজয়ীদের দ্বারা প্রতিষ্ঠিত এই ব্যবস্থাগুলো আজ তাদের কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। মানবিক বিপর্যয় রোধের জন্য গঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মতো সংস্থাগুলো এখন সমাধানের পরিবর্তে সমস্যার অংশে পরিণত হয়েছে। গাজায় চলমান মানবিক সংকট নিয়ে এরদোগান বলেন, ক্ষুধাকে আজ গণবিধ্বংসী অস্ত্র হিসেবে বেপরোয়াভাবে ব্যবহার করা হচ্ছে। যারা গাজার ইস্যুটিকে কেবল হামাসের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছিল, তারাও ধীরে ধীরে বুঝতে শুরু করেছে যে বাস্তবতা ভিন্ন। তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় উদাসীন থাকলেও তুর্কিয়ে (তুরস্ক) এই অঞ্চলের দুর্ভোগ ও নিপীড়ন উপেক্ষা করতে পারে না। যখন যুদ্ধবাজরা আগুনে ঘি ঢালছে, তখন তুর্কিয়ে ন্যায্য শান্তির জন্য কাজ করেছে এবং এখন ফিলিস্তিন ও গাজায়ও একই কাজ করছেÑ বলেন এরদোগান। তিনি আরো বলেন, গাজা, ইয়েমেন, সিরিয়া, সুদান ও সোমালিয়ার রাস্তায় নিহত প্রতিটি প্রাণ আমাদের হৃদয় টুকরো টুকরো করে দিয়েছে। আঙ্কারার লক্ষ্য শক্তিশালী ও স্থায়ী উপায়ে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। আনাদোলু অ্যাজেন্সি।

জাতিসংঘের ভেটো ক্ষমতার সংস্কার চায় মালয়েশিয়া
জাতিসংঘে ভেটোদানের ক্ষমতাকে বাদ দেয়া অথবা অন্তত সীমিত করার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। একইসাথে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপেরও তাগিদ দিয়েছে দেশটি।
গত শনিবার (২৭ সেপ্টেম্বর) নিরাপত্তা পরিষদে দেয়া এক ভাষণে এই আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান। জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই সভায় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন রাখেনÑ আমার এখন জানতে ইচ্ছে করে যে, ফিলিস্তিনে দখলদারিত্ব বন্ধে ব্যর্থতার জন্য কি এখন আমাদের নিজেদেরকে নিজেদের অভিবাদন জানানো উচিত? এ সময় তিনি ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। একইসাথে ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করার এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘমেয়াদি সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।
মোহাম্মদ হাসান জোর দিয়ে বলেন, গত ৯ সেপ্টেম্বর ইসরাইল কাতারের ওপর যে হামলা করল, এটি তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং সমঝোতা চুক্তির সবধরনের প্রচেষ্টার প্রতি সুস্পষ্ট অসম্মান। তিনি আরো বলেন, তার দেশ ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সংহতি বজায় রাখবে। এ সময় তিনি ইঙ্গিত দেন যে, কেবল দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানই ফিলিস্তিন ইস্যুর সমাধানের জন্য যথেষ্ট নয়। আনাদোলু এজেন্সি।

এক মার্কিন নাগরিককে মুক্তি দিল তালেবান সরকার
আফগানিস্তানের তালেবান সরকার গত রোববার (২৮ সেপ্টেম্বর) বন্দি একজন মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে। এক ব্রিটিশ দম্পতিকে মুক্তি দেওয়ার এক সপ্তাহ পর এই মার্কিন নাগরিককে মুক্তি দিল তালেবান। মন্ত্রণালয় এক বিবৃতিতে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে আমির আমিরি নামে শনাক্ত করেছে। আমিরকে জিম্মিবিষয়ক ওয়াশিংটনের বিশেষ দূত অ্যাডাম বোহেলারের কাছে হস্তান্তর করা হয়েছে। বোহেলার চলতি মাসের শুরুতে তালেবান সরকারের সংগে বন্দি বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করার জন্য কাবুল সফর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেশটির সরকারি নাম ব্যবহার করে জানিয়েছে, ‘আফগানিস্তান ইসলামী আমিরাত আজ আমির আমিরি নামে এক মার্কিন নাগরিককে কারাগার থেকে মুক্তি দিয়েছে।’ মন্ত্রণালয় আরো জানায়, ‘আফগানিস্তান সরকার নাগরিকদের সমস্যাগুলো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখে না এবং কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করার চেষ্টা করে।’ আমিরির মামলা সম্পর্কে খুব কমই জানা যায়, কারণ এটি ব্যাপকভাবে প্রকাশিত হয়নি। মুক্তির বিষয়ে অবগত একজন কর্মকর্তা বলেন, ৩৬ বছর বয়সী আমিরি ‘২০২৪ সালের ডিসেম্বর থেকে আফগানিস্তানে আটক ছিলেন।’ কর্মকর্তা আরো বলেন, আমিরি মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার আগে চিকিৎসা পরীক্ষার জন্য কাতারের দোহায় কিছুক্ষণের জন্য থামবেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আমিরির মুক্তিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, তাকে আফগানিস্তানে ‘ভুলক্রমে আটক’ করা হয়। আমিরিকে মুক্ত করতে সাহায্য করার জন্য কাতারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। রুবিও এক্স-এ লিখেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘স্পষ্ট করে দিয়েছেন যে বিদেশে অন্যায়ভাবে আটক প্রতিটি মার্কিন নাগরিক দেশে ফিরে না আসা পর্যন্ত আমরা থামব না।’ জানুয়ারিতে একজন আফগান যোদ্ধার বিনিময়ে দুই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছিল। ওই আফগান যোদ্ধার নাম খান মোহাম্মদ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক-সন্ত্রাসবাদের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। বোহলারের মার্চ মাসে কাবুল সফরের সময় দুই বছরেরও বেশি সময় আটক থাকার পর আরেক মার্কিন নাগরিক এয়ারলাইন মেকানিক জর্জ গ্লেজম্যানকে মুক্তি দেওয়া হয়। এএফপি।

আফগানিস্তানজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট
তালেবান সরকার বিভিন্ন প্রদেশে ফাইবার অপটিক সংযোগ বিচ্ছিন্ন করা শুরুর পর সোমবার আফগানিস্তানে ব্যাপক ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তারা রাজধানী কাবুলে তাদের ব্যুরোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাইবারসিকিউরিটি ও ইন্টারনেট গভর্ন্যান্স পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানায়, এখন আমরা দেশব্যাপী সংযোগ সাধারণ মাত্রার ১৪ শতাংশ পর্যবেক্ষণ করছি। সংস্থাটি আরো বলেছে, বর্তমানে দেশব্যাপী টেলিকম ব্ল্যাকআউট কার্যকর রয়েছে। এএফপি।

কাবার ইমাম শায়খ সালেহ আল-তালিব ৭ বছর পর কারামুক্ত
দীর্ঘ সাত বছর কারাভোগ শেষে অবশেষে মুক্তি পেয়েছেন মসজিদুল হারামের সাবেক ইমাম শায়খ সালেহ আল-তালিব। সৌদি আরবে আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বদের গ্রেপ্তার-সংক্রান্ত বিষয় পর্যবেক্ষণকারী মানবাধিকার সংস্থা প্রিজনার্স অব কনসায়েন্স সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, তবে এখনো তিনি পূর্ণ স্বাধীন নন; গৃহবন্দি অবস্থায় থাকবেন; চলাফেরায় থাকবে সীমাবদ্ধতা। এছাড়া তার পায়ে একটি ইলেকট্রনিক মনিটরও লাগানো রয়েছে। শায়খ সালেহ আল-তালিবকে ২০১৮ সালে এক খুতবার পর গ্রেফতার হন। ওই খুতবায় তিনি ইসলামী নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানান এবং মিশ্র লিঙ্গের অনুষ্ঠান আয়োজন ও সৌদি জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির কর্মকাণ্ডের সমালোচনা করেন। এরপর থেকে আর তাকে জনসম্মুখে দেখা যায়নি। সৌদি সরকার কখনো আনুষ্ঠানিক অভিযোগ প্রকাশ না করলেও ২০২২ সালে রিয়াদের বিশেষ আপিল আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করে। ইসলামিক ইনফরমেশন ও সিয়াসত ডেইলি।

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের (জেন-জি) আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তী সরকার। গত ২৯ সেপ্টেম্বর সোমবার এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। এনডিটিভি ওয়ার্ল্ড বিবৃতিতে বলা হয়েছে, যতদিন বিক্ষোভ বিষয়ক তদন্ত শেষ না হবে, ততদিন পর্যন্ত দেশ ছাড়তে পারবেন না অলি। সাবেক প্রধানমন্ত্রীর পাশাপাশি নেপালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হুতারাজ থাপা এবং আরও দু’জন জ্যেষ্ঠ আমলার ওপর জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা। সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম বন্ধ করা, অর্থনৈতিক সংকট এবং সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগে গত ৮ ফেব্রুয়ারি নজিরবিহীন বিক্ষোভ শুরু হয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে। শিক্ষার্থী ও জেন-জিদের ডাকা এই আন্দোলন অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে পুরো দেশে। আন্দোলন দমন করতে পুলিশ মোতায়েন করে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির নেতৃত্বাধীন সরকার। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘাতে ২ দিনে কমপক্ষে ৭৩ জন নিহত হন। বিক্ষোভে দ্বিতীয় দিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেন অলি। অলির পদত্যাগের পর নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর পদে এসেছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি। বিক্ষোভ, সহিংসতা এবং সেসময়কার ঘটনাপ্রবাহ তদন্ত করতে একটি কমিশনও গঠন করেছেন তিনি। আগামী ২০২৬ সালের মার্চে নেপালে জাতীয় নির্বাচন হবে বলে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এনডিটিভি ওয়ার্ল্ড।

ইসরাইলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর
ইরান জানিয়েছে, তাদের চিরশত্রু ইসরাইলের হয়ে কাজ করার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) দেশটির বিচার বিভাগের অনলাইন পোর্টাল ‘মিজান’ জানায়, ইরানে জায়নিস্ট শাসনব্যবস্থার অন্যতম প্রধান গুপ্তচর বাহমান চৌবি আসলকে ফাঁসি দেয়া হয়েছে। গত জুনে ইসরাইল ইরানের সামরিক, সরকারি ও পরমাণু স্থাপনায় নজিরবিহীন বিমান হামলা চালায়। এ হামলার পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে ১২ দিনের যুদ্ধ হয়। ইরান পাল্টা আক্রমণ হিসেবে ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সংঘাত শেষ হওয়ার পর ইরানি কর্তৃপক্ষ ইসরাইলকে সহযোগিতার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় বেশ কয়েকজনকে গ্রেফতার ও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার বিচার বিভাগ জানায়, চৌবি আসল ইসরাইলি গোয়েন্দা সংস্থার সাথে ‘ঘনিষ্ঠভাবে’ কাজ করত এবং ইরানের গুরুত্বপূর্ণ ও সার্বভৌম ডাটাবেজে তার ‘বিশেষ প্রবেশাধিকার’ ছিল। তবে তাকে কবে গ্রেফতার করা হয়েছিল, তা জানানো হয়নি। গত জুনে ইসরাইলি বিমান হামলায় ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীসহ শত শত মানুষ নিহত হন। তাদের মধ্যে সাধারণ নাগরিকও ছিলেন। গত ৯ আগস্ট ইরানি বিচার বিভাগ জানায়, ইসরাইলের সাথে সম্পর্ক থাকার অভিযোগে আটক ২০ জনের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। কয়েকদিন আগে রুজবেহ ভাদি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সংঘাত চলাকালে এক পরমাণু বিজ্ঞানীর তথ্য ইসরাইলকে সরবরাহ করেন। তেহরান টাইমস।

নতুন দুটি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ চীনের
সফলভাবে দুটি নতুন পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। গত ২৯ সেপ্টেম্বর সোমবার সময় সকাল ১১টায় সিছুয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিছাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এই স্যাটেলাইট দুটি মহাকাশে উৎক্ষেপণ করা হয়। শিয়ান-৩০ ০১ এবং শিয়ান-৩০ ০২ নামের এই স্যাটেলাইটগুলো লং মার্চ-২ডি ক্যারিয়ার রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইট দুটি সফলভাবে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে। এই স্যাটেলাইট দুটি পৃথিবী পর্যবেক্ষণ সম্পর্কিত প্রযুক্তির পরীক্ষামূলক যাচাই ও উন্নয়নে ব্যবহৃত হবে। এই উৎক্ষেপণ ছিল লং মার্চ সিরিজের ৫৯৮তম মহাকাশ মিশন। সিনহুয়া।

ঘুষের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রীর মৃত্যুদণ্ড
চীনের জিলিন প্রদেশের একটি আদালত গত রোববার (২৮ সেপ্টেম্বর) ঘুষের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানকে মৃত্যুদণ্ড দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সিনহুয়া জানিয়েছে, ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন পদে থাকাকালীন তাং নগদ অর্থ ও সম্পদ মিলিয়ে মোট ২৬৮ মিলিয়ন ইউয়ান (৩৭.৬ মিলিয়ন ডলার) ঘুষ নিয়েছেন। তবে অপরাধ স্বীকার করার জন্য চাংচুন ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট তার মৃত্যুদণ্ড দুই বছরের জন্য স্থগিত করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের তদন্তের আওতায় আনার ও তার পদ থেকে অপসারণের ছয় মাস পর ২০২৪ সালের নভেম্বরে চীনের কমিউনিস্ট পার্টি তাংকে বহিষ্কার করে। তাংয়ের বিরুদ্ধে তদন্ত খুব দ্রুত শেষ করা হয়। এর আগে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী লি শ্যাংফু ও তার পূর্বসূরি ওয়েই ফেংহের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগের তদন্ত শুরু হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২০ সালে চীনের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার শুদ্ধিকরণ অভিযান শুরু করেন। দেশটির পুলিশের পাশাপাশি প্রসিকিউটর ও বিচারকদের জনগণের কাছে একেবারে বিশ্বস্ত, পবিত্র ও নির্ভরযোগ্য হওয়ার নির্দেশ দেন তিনি। রয়টার্স।

রাশিয়ার সহায়তায় তাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন
রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (রুশি) দাবি করেছে, রাশিয়ার সহায়তায় চীন তাইওয়ানে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। ‘ব্ল্যাক মুন’ নামের একটি হ্যাকটিভিস্ট গ্রুপ কর্তৃক ফাঁস করা প্রায় ৮০০ পাতার গোপন রুশ নথিপত্রের বিশ্লেষণের ওপর ভিত্তি করে এমন দাবি করে সংস্থাটি। নথিগুলোতে রাশিয়া ও চীনের উচ্চপর্যায়ের বৈঠক, মস্কো সফর, অর্থ প্রদান ও সরবরাহ সময়সূচি এবং উচ্চ-উচ্চতায় প্যারাসুট ব্যবস্থাপনা ও উভচর আক্রমণ যানবাহনের বিশদ উল্লেখ রয়েছে। রুশি বলেছে যে, রাশিয়া চীনের কাছে এমন সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম বিক্রি করছে, যা বেইজিংকে তাইওয়ানের বিরুদ্ধে আকাশপথে আক্রমণের সক্ষমতা অর্জনে সাহায্য করতে পারে। রিপোর্টে বলা হয়েছে, যদিও সরাসরি প্রমাণ নেই যে চীন অর্থ প্রদান করেছে বা সরঞ্জাম গ্রহণ করেছে, তথাপি রাশিয়া ইতোমধ্যে ঐ সরঞ্জাম তৈরির কাজ শুরু করেছে বলে রুশি দেখাচ্ছে। নথিগুলোয় তাইওয়ানের নাম সরাসরি না থাকলেও রুশি নির্দেশ করেছে যে এসব সামরিক সহায়তা চীনের প্যারাট্রুপার সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে বিবেচিত হতে পারে।
প্রতিবেদনের লেখক ওলেক্সান্ডার দানিলিউক ও জ্যাক ওয়াটলিং উল্লেখ করেছেন, চীনের প্যারাট্রুপার ইউনিট এখনো নবীন; রাশিয়ার কমব্যাট এক্সপেরিয়েন্স থেকে তারা কমান্ড, কন্ট্রোল ও প্রশিক্ষণে শেখার সুযোগ পাবে, যা চীনের আকাশপথ আক্রমণের সক্ষমতা অর্জনকে ১০ থেকে ১৫ বছর এগিয়ে দিতে পারে বলে রিপোর্টে বলা হয়েছে। চীন, রাশিয়া এবং তাইওয়ানের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়গুলো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। একইসাথে রিপোর্টে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণ অনুযায়ী প্রেসিডেন্ট শি জিনপিং চীনের সেনাবাহিনীকে ২০২৭ সালের মধ্যে তাইওয়ান আক্রমণের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। চীন তাইওয়ানকে নিজস্ব অঞ্চল হিসেবে দাবি করে এবং দ্বীপটি জোর করে দখলের সম্ভাবনা নাকচ করেনি। এপি।

মালদোভায় ইউরোপপন্থী দলের নিরঙ্কুশ বিজয়
মালদোভায় অনুষ্ঠিত সর্বশেষ সংসদীয় নির্বাচনে ইউরোপপন্থী শাসক দল পার্টি অব অ্যাকশন অ্যান্ড সলিডারিটি (চঅঝ) নিরঙ্কুশ জয় লাভ করেছে। এই নির্বাচনটি দেশটির জন্য ছিল এক গুরুত্বপূর্ণ মোড়Ñ যেখানে সিদ্ধান্ত নিতে হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পথে অগ্রসর হবে নাকি রাশিয়ার প্রভাববলয়ে ফিরে যাবে। তবে নির্বাচনী প্রক্রিয়া ঘিরে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ সামনে এসেছে, যা নির্বাচনকে আরও সংবেদনশীল করে তুলেছে। গত রোববার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই নির্বাচনকে বলা হচ্ছিল মালদোভার ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট। গত সোমবার প্রায় সব কেন্দ্রের ভোটগণনা শেষে দেখা যায়, পিএএস (চঅঝ) পেয়েছে ৫০.২ শতাংশ ভোট, অন্যদিকে রাশিয়াপন্থী প্যাট্রিয়টিক ইলেক্টোরাল ব্লক পেয়েছে ২৪.২ শতাংশ ভোট। তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়াপন্থী আলটারনেটিভা ব্লক, এরপর এসেছে জনপ্রিয়তাবাদী আওয়ার পার্টি। এই ফলাফল মালদোভাকে স্পষ্টভাবে ইউরোপমুখী পথে এগিয়ে দিয়েছে। মালদোভার প্রধানমন্ত্রী ডরিন রেচান নির্বাচনের আগে সতর্ক করেছিলেন যে, রাশিয়া “হাইব্রিড যুদ্ধের” অংশ হিসেবে শত শত মিলিয়ন ইউরো ব্যয় করছে ক্ষমতা দখলের উদ্দেশ্যে। তিনি একে দেশটির “ভবিষ্যতের চূড়ান্ত লড়াই” হিসেবে উল্লেখ করেছিলেন। তবে রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কোনো ধরনের ভোট কেনাবেচা বা অস্থিতিশীলতা তৈরির সঙ্গে জড়িত নয়। ভৌগোলিকভাবে মালদোভা ইউক্রেন ও ইইউ সদস্য রোমানিয়ার মাঝখানে অবস্থিত এবং ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর দেশটি ইউরোপীয় ইউনিয়নের প্রার্থী সদস্যপদ লাভ করে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ফলাফল মালদোভার ইউরোপমুখী যাত্রাকে সুসংহত করেছে। ওকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ক্রিশ্চিয়ান কান্তির মতে, পিএএস-এর বিজয় “প্রো-ইউরোপীয় শক্তির জন্য একটি সুস্পষ্ট জয়”, যা দলটিকে স্থিতিশীলভাবে সংস্কার কার্যক্রম চালাতে সহায়তা করবে এবং ইইউ অন্তর্ভুক্তির লক্ষ্যে অগ্রগতি নিশ্চিত করবে। তিনি আরও বলেন, পিএএস-এর সংখ্যাগরিষ্ঠতা তাদের অস্থির জোট সরকার গঠনের ঝুঁকি থেকে মুক্ত করেছে, ফলে দেশটি রাশিয়ার প্রভাববলয় থেকে দূরে থাকার পথে দৃঢ় অবস্থান নিতে পারবে। তবে নির্বাচন চলাকালে একাধিক ঘটনার কারণে উত্তেজনা তৈরি হয়। বিদেশে বিভিন্ন ভোটকেন্দ্রে বোমা হামলার হুমকি, সরকার ও নির্বাচন কমিশনের ডিজিটাল অবকাঠামোয় সাইবার হামলা, ভোটারদের গোপনে ব্যালটের ছবি তোলা এবং ভোটারদের অবৈধভাবে পরিবহন- এসব অভিযোগ পাওয়া গেছে। ভোটের পর অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনায় তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে। নির্বাচনের আগে মালদোভার প্রেসিডেন্ট মায়া সান্দু ভোটকে দেশের “সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন” বলে আখ্যা দেন। তিনি এক বার্তায় লিখেছিলেন, “এই নির্বাচনের ফলাফলে নির্ধারিত হবে আমরা গণতন্ত্রকে সুসংহত করে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেব, নাকি রাশিয়া আমাদের একটি ‘গ্রে জোনে’ টেনে নিয়ে গিয়ে আঞ্চলিক ঝুঁকি তৈরি করবে।” অন্যদিকে প্রধানমন্ত্রী রেচান দেশবাসীকে আহ্বান জানান এক হয়ে দাঁড়াতে: “রাশিয়া কী করছে, তা আমরা পাল্টাতে পারব না, কিন্তু আমরা কী করব, তা আমরা ঠিক করতে পারি। ভয়কে কাজে রূপান্তরিত করুন, তাদের ষড়যন্ত্র ব্যর্থ করুন।” নিউইয়র্ক টাইমস।
গ্রন্থনা ও সম্পাদনা : আবদুল কাইউম খান