v

বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি


২ অক্টোবর ২০২৫ ১২:০০

গত ২৮ সেপ্টেম্বর রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাথে তার বসুন্ধরাস্থ কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন

সোনার বাংলা ডেস্ক : ৩৬ জুলাই বিপ্লবের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে বিশ্বের বিভিন্ন দেশের সেতুবন্ধ সুদৃঢ় হচ্ছে। এ তালিকায় যেমন আছে মুসলিম বিশ্বের দেশ, তেমনি আছে ইউরোপ-আমেরিকার দেশও। বিগত সপ্তাহের পৃথক পৃথক দিনে ইউরোপীয় ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল, সুইডেন, আর্জেন্টিনা, স্পেন, ব্রাজিল ও ভুটানের রাষ্ট্রদূত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। তারা মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেছেন। বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
উল্লখ্য, হাসিনার ফ্যাসিস্ট শাসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রকাশ্যে কোনো সূচি পালন করতে পারতেন না। তৎকালীন জামায়াত নেতাদের সাথে কেন্দ্রীয় অফিসে এসে সাক্ষাৎকারে কয়েকবার সময় দেয়ার পরও সরকার নিরাপত্তা দিতে পারবে না, পুলিশের পক্ষ থেকে জানানোর পর তা হয়ে ওঠেনি। এরপর প্রায় এক যুগ তালাবদ্ধ ছিল কেন্দ্রীয়, মহানগরীসহ সকল অধিকাংশ অফিস।
নিম্নে বিগত সপ্তাহের আমীরে জামায়াতের সাথে ইউরোপীয় ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল, সুইডেন, আর্জেন্টিনা, স্পেন ও ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের পর সংগঠনের পক্ষ থেকে পাঠানের প্রেস বিজ্ঞপ্তির আলোকে তা তুলে ধরা হলো-
ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বসুন্ধরাস্থ কার্যালয়ে গত ২৮ সেপ্টেম্বর রোববার দুপুর ১২টায় ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।
বৈঠকে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে টিম লিডার ইলেক্টোরাল ও পলিটিক্যাল এক্সপার্ট মি. মেটে বাক্কেন, লিগ্যাল এক্সপার্ট ম্যানুয়েল ওয়ালি এবং ডেপুটি হেড অব ডেলিগেশন ও ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশ বেইবা জারিনা এবং জামায়াতে ইসলামীর পক্ষে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার আমীর ডা. এসএম খালিদুজ্জামান এবং আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের উদ্দেশে বলেন, ইইউ প্রতিনিধিদল আমীরে জামায়াতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেছেন। তারা জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়ই তাদের সফরের মূল উদ্দেশ্য। তারা নির্বাচনকালীন ৬৪টি জেলায় পর্যবেক্ষণ কার্যক্রম চালানোর পরিকল্পনা করেছেন এবং প্রত্যেক জেলায় একজন প্রতিনিধি পাঠাবেন। নির্বাচন শেষে পর্যবেক্ষণের বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে তারা আমীরে জামায়াতকে অবহিত করেন।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান প্রতিনিধিদলকে জানান, শুধু নির্বাচন পর্যবেক্ষণ নয়, বরং একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ইইউ’র টেকনিক্যাল সাপোর্টের সহযোগিতা প্রয়োজন।
বৈঠকে প্রবাসীদের ভোট ও ভোটাধিকার সম্পর্কে জানতে চেয়েছেন ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন টিম। তখন আমীরে জামায়াত বলেন, জামায়াতই প্রথম এক কোটির বেশি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিয়ে দাবি তুলেছে। এ প্রসঙ্গে নির্বাচন কমিশন বরাবর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। নির্বাচন কমিশন ও সরকার তা গ্রহণ করে ইতোমধ্যে প্রবাসীরা যাতে ভোট দিতে পারেন, সে প্রক্রিয়া শুরু করেছেন।
ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন টিম জানতে চেয়েছেন, জামায়াতে ইসলামী যদি আগামীতে রাষ্ট্রের দায়িত্ব পায়, তাহলে মূল এজেন্ডা কী হবে? এ ব্যাপারে আমীরে জামায়াত তিনটি বিষয় উল্লেখ করেছেন।
প্রথমত, এদেশের শিক্ষাব্যবস্থাকে নৈতিকতা, উৎপাদনমুখী, টেকনিক্যাল, দক্ষতা, বৈষয়িক, মানবিক সব দিক থেকে নাগরিকরা যোগ্য হতে পারে, সে ধরনের শিক্ষাব্যবস্থা গ্রহণ করা হবে।
দ্বিতীয়ত, করাপশন ফ্রি সোসাইটি গড়ে তোলা হবে। সমাজের সর্বস্তরে দুর্নীতি চেপে বসেছে। জামায়াতে ইসলামী দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা হবে।
তৃতীয়ত, সোশ্যাল জাস্টিস। সামাজিক ন্যায়বিচারের দারুণ সংকট আমাদের সমাজে রয়েছে। এ প্রসঙ্গে আমীরে জামায়াত বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকারের কারণে কীভাবে মানুষ বঞ্চিত হয়েছে, নির্যাতন করা হয়েছে, জামায়াতের রাজনৈতিক কার্যালয় বন্ধ করা হয়েছে, ভিন্নমতের ওপরে জুলুম করা হয়েছে, নিজেসহ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন টিম এসেছিল। তখন জামায়াতে ইসলামীর আমীর-সেক্রেটারিসহ অনেকে আমরা কারাগারে ছিলাম। দলের পক্ষে নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন ডেলিগেটের সঙ্গে সাক্ষাৎ করার কথা স্মরণ করিয়ে দেন।
আমীরে জামায়াত আরও উল্লেখ করেন যে, বিগত দেড় যুগে গণতন্ত্র দমন, বিরোধীদের ওপর দমন-পীড়ন এবং জামায়াতে ইসলামীর সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি। আমরা আগামী ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে প্রস্তুত, তবে শর্ত হচ্ছে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান করে তার আলোকে নির্বাচন অবশ্যই ফ্রি, ফেয়ার ও গ্রহণযোগ্য হতে হবে।
সেক্রেটারি জেনারেল আরও বলেন, সব শেষে আমীরে জামায়াত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে যে, তারা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আবারও বাংলাদেশ সফরে আসবেন এবং ঘনিষ্ঠভাবে মতবিনিময় করবেন।
সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত মি. নিকোলাস উইকস সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত বুধবার (১ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরাস্থ আমীরে জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মি. নিকোলাস উইকস ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি, বাংলাদেশ-সুইডেন দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও কূটনৈতিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনাকালে সুইডেন দূতাবাসের বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান মি. ওলে লুন্ডিন উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান, ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা আমীর ডা. এসএম খালিদুজ্জামান এবং নর্থ-সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক রাশেদুল ইসলাম।
আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
গত ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে তাঁর বসুন্ধরাস্থ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মি. মার্সেলো কার্লোস সেসা ব্রেকফাস্ট সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বৈঠকের শুরুতেই তিনি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খবর নেন ও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় রাষ্ট্রদূত ভবিষ্যতে বাংলাদেশের প্রতি তাদের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন ও অগ্রগতির ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।
স্প্যানিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
গত ২৮ সেপ্টেম্বর রোববার সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত স্পেনের অ্যাম্বাসেডর মি. গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেত্রু ব্রেকফাস্টও সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বৈঠকের শুরুতেই রাষ্ট্রদূত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খবর নেন ও তাঁর সুস্থতা কামনা করেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক সম্পর্ক, বিনিয়োগ এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেন। এ সময় রাষ্ট্রদূত ভবিষ্যতে বাংলাদেশের প্রতি স্পেনের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন ও অগ্রগতির ধারা ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার আমীর ডা. এসএম খালিদুজ্জামান এবং আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।
ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
গত ২৯ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে তাঁর বসুন্ধরাস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত মিস দাশো কারমা হামু দর্জি এক সৌজন্য বৈঠকে মিলিত হন। তাঁর সঙ্গে ছিলেন দূতাবাসের কাউন্সিলর মি. জিগড্রেল ওয়াই শেরিং। বৈঠকটি অত্যন্ত হৃদ্যতা ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠককালে তারা বাংলাদেশ ও ভুটানের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার ব্যাপারে তারা দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।
ব্রাজিল রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মি. পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর বসুন্ধরাস্থ আমীরে জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই রাষ্ট্রদূত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ব্রাজিলের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা, উন্নয়ন এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি ব্রাজিলের দৃঢ় সমর্থন থাকার কথা পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে দুই দেশের মধ্যে ভবিষ্যৎ সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।