দেশে ইসলামী শক্তির মধ্যে অনৈক্য তৈরি করে এমন বক্তব্য থেকে বিরত থাকতে হবে -মাওলানা আবদুল হালিম
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪২
আলেমদের আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। আল্লাহর জমিনে আল্লাহর দীন প্রতিষ্ঠার জন্য দেশের আলেম সমাজকে ময়দানে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
তিনি গত ২২ সেপ্টেম্বর সোমবার রাত ৮টায় রাজধানীর উত্তরাস্থ তানযিমুল উম্মাহ ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ওলামা বিভাগের এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ওলামা বিভাগের সভাপতি ড. মাওলানা মীম আতিকুল্লাহর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত আলেমেদীন অধ্যাপক মাওলানা শায়েখ আ ন ম রশীদ আহমাদ মাদানী, ড. মাওলানা আবুল কালাম আযাদ। বক্তব্য রাখেন ড. মাওলানা আব্দুল জব্বার খান, মাওলানা ওমর ফারুখ মজুমদার প্রমুখ।
মাওলানা আবদুল হালিম বলেন, আলেমরা উম্মাহর শ্রেষ্ঠ ব্যক্তি। কালামে হাকীমের বর্ণনা মতে, আলেমরাই অধিক তাকওয়াবান তথা আল্লাহকে বেশি ভয় করেন। হাদিসে রাসূল (সা.)-এ আলেমদের নবীগণের (আ.) উত্তরসূরি হিসেবে উল্লেখ করা হয়েছে। আলেম সমাজকেই ন্যায়-ইনসাফ এবং বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় অগ্রসৈনিকের ভূমিকা পালন করতে হবে। তিনি সমাজজীবনে আলেমদের মর্যাদা ও প্রভাবের কথা উল্লেখ করে বলেন, আমাদের সমাজে এখনো আলেম সমাজ অধিক সম্মানিত এবং প্রভাবশালী। তাই সে সম্মান ও মর্যাদাকে কাজে লাগিয়ে সমাজ পরিবর্তনে আলেম সমাজকে কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হতে হবে। তিনি দেশ ও জাতির কল্যাণে আলেম সমাজকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ইসলামী শক্তির মধ্যে অনৈক্য তৈরি করে এবং উম্মাহর জন্য ক্ষতিকর এমন বক্তব্য থেকে বিরত থাকার জন্য তিনি গুরুত্বারোপ করেন।
মাওলানা আবদুল হালিম বলেন, বহু আলেম ও মাদরাসা ছাত্রের রক্তের বিনিময়ে চব্বিশের গণঅভ্যুত্থান সফল হয়েছে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও মুফতি ফজলুল হক আমিনী, মাওলানা আবুল কালাম মুহাম্মদ ইউসুফ, আল্লামা জোনায়েদ বাবুনগরীসহ অসংখ্য আলেম আওয়ামী ফ্যাসিবাদের জুলুমের শিকার হয়েছিলেন।
তিনি গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় আলেম সমাজের অগ্রণী ভূমিকা পালনের জন্য আলেম সমাজের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।