সরকারের অদক্ষতায় নিউইয়র্কে বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে : রিজভী
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৭
স্টাফ রিপোর্টার: সরকারের অদক্ষতার কারণেই নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে বাংলাদেশের রাজনীতিবিদদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, সর্বক্ষেত্রে ফ্যাসিবাদের দোসরদের রেখেই এ সরকার পরিচালিত হচ্ছে।
গত বুধবার (২৪ সেপ্টেম্বর) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় রিজভী বলেন, দীর্ঘ ষোলো বছরের লড়াই-সংগ্রাম শেষে আমরা ফ্যাসিবাদ তাড়িয়েছি। শুরুতে এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্রের প্রতীক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
প্রহসনের মামলায় তিনি জেলে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সফল নেতৃত্ব দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছেন।
তিনি আরো জানান, আওয়ামী লীগের আমলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যরা। তারা এখন পৃথিবীর বিভিন্ন দেশে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। জনগণের চুরি করা টাকা নিয়ে তারা আনন্দ-ফুর্তিতে মেতেছে। দেশে কখনো ফ্যাসিবাদের জায়গা আর হবে না।