আহসান হাবিব বুলবুল-এর কবিতা

বাইরে বৃষ্টির শব্দ


২০ সেপ্টেম্বর ২০২৫ ১২:২০

বাইরে বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে
হয়তো এখন উত্তাপ কিছুটা কমবে;
বাতাসে সিসা, বিষাক্ত গ্যাস
নিষিক্ত হবে মৃত্তিকায়।
এক ঝাপটা বাতাসের শীতল পরশে
দখিনা বাতায়ন পাশে আবার
এসে দাঁড়াবো আমরা,
অনেক আশায় নিরাশায়!
শিশুরা আর চমকে উঠব না মায়ের বুকে
আহত পাখিরা ডানা ঝাপটাবে না আর।
নিরন্তর বয়ে যাবে নদী তোমার স্রোতে,
স্বপ্নের বিহঙ্গরা ডানা মেলবে সুদূর নীলিমায়।
বৃষ্টি তুমি সৃষ্টি, প্রবল বেগে ধেয়ে এসো
তোমার বানে ভেসে যাক
জরা দুঃখ ক্লেশ অমানিশা যত,
ধরিত্রী আবার জেগে উঠুক সবুজ ছায়ায়।