শরীফ আবদুল গোফরান-এর কবিতা
মুক্তির জয়গান
২০ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৯
অসহায় মানুষের রক্তের জোয়ার আর
হিংস্র পশুদের তাণ্ডবে
সেদিন নিশ্চুপ হয়ে যায় রাজধানীর রাজপথ
কোথাও মিছিল নেই, মিটিং নেই
নেই কোনো প্রতিবাদী কণ্ঠস্বর
অন্ধকারে তলিয়ে যায় আমাদের প্রিয় এই জন্মভূমি
নিঃশব্দ সংসদ ভবনের দু’চোখও অশ্রুসিক্ত
ক্ষণে ক্ষণে জেগে ওঠে লেকের পানি
উত্তাল তরঙ্গে নীরবে বয়ে চলে প্রতিবাদের জোয়ার
কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে
বন্দি মানবতার কণ্ঠেও বাজে তখন
এক অব্যক্ত সঙ্গীত।
কুয়াশার চাদর ঠেলে হঠাৎ উড়ে আসে
ভোরের পাখিরা
স্লোগানে স্লোগানে মুখরিত হয়
গ্রাম গঞ্জ শহর নগর
ক্ষতবিক্ষত রক্তাক্ত মানচিত্রের হাত ধরে
জেগে ওঠে বহু আকাক্সিক্ষত স্বাধীনতা
জেগে ওঠে মুক্তির জয়গান।