আলতাফ হোসাইন রানা-এর কবিতা

আর্তনাদ


২০ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৮

(ফিলিস্তিন শিশুদের জন্য)

আমার ভীষণ কষ্ট হয় ওই ছোট্ট কোমল
নিষ্পাপ শিশুদের জন্য
কষ্ট হয় তাদের আর্তচিৎকার শুনে,
কেন এই অশ্রু?

তাকিয়ে দেখো তাদের পেলব কোমল
মুখে ছড়ায়েছে কত স্নিগ্ধতা,
ধরণীর বুকে জন্মেই যে শিশুর জীবনযুদ্ধ।

সে-কি জানে
কষ্টের রং কী?
লাল, কালো, না আকাশি!
কোন রং-ই বা ফোটাবে তাদের জীবনের হাসি।

হে পৃথিবীর
সর্বশ্রেষ্ঠ সন্তানেরা,
তোমাদের দেখে আমার হৃদয় কষ্টে নীল হয়
কারণ, অনাথ শিশুর পবিত্র হাসিমুখে
সেখানে ছায়া ফেলে মারণাস্ত্র।

যদিও তুমি স্বাধীন!
তবুও
বীরযোদ্ধার মতো বেড়ে ওঠা
তোমার ডানা দুটি নাকি ঘটাতে
পারে কোনো অঘটন,
চোখে তোমার স্বপ্ন ছিল এক নবরাজ্য গড়ার
যার ফলাফল তোমার এ জীবন।

হে বিশ্ববাসী,
তোমরা দেখো,
দেখে যাও
নিঃসঙ্গ এ শিশুদের জীবন,
তোমরা দেখে নাও মানুষ ও প্রকৃতি॥