ইসলাম ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়-এটিএম আজহারুল ইসলাম


১১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৮

বদরগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এটিএম আজাহারুল ইসলাম বলেছেন, ইসলামী আইনের বাস্তবায়ন ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। এজন্য আল কুরআনের বিধান অনুযায়ী দুর্নীতি মুক্ত মানবিক সমাজ গড়তে সকল দেশপ্রেমিক সৎ নাগরিকদের ইসলামের পতাকাতলে সমবেত হতে হবে।
তিনি গত ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের বালাপাড়া মোড় বাজার এবং সন্ধ্যায় পাকারমাথা বাজার এলাকায় ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জামায়াতে ইসলামী মধুপুর ইউনিয়ন শাখা সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বদরগঞ্জ উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামান কবির, উপজেলা নায়েবে আমীর শাহ্ মোহাম্মদ রোস্তম আলী এবং উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মিনহাজুল ইসলাম। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি উপাধ্যক্ষ মোহাম্মদ মাসুদ হাসান রানা, মধুপুর ইউনিয়ন শাখা যুব বিভাগের সভাপতি মিল্লাত হোসেন, ইসলামী ছাত্রশিবির বদরগঞ্জ উপজেলা শাখা সভাপতি মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মধুপুর ইউনিয়ন শাখা সভাপতি মোহাম্মদ বাদল মিয়া প্রমুখ।
এ সময় এটিএম আজহারুল ইসলাম বলেন, জনগণের অধিকার নিশ্চিত করতে হলে জুলাই সনদকে আইনের ভিত্তি দিতে হবে। হাজারো তরুণের রক্তের বিনিময়ে অর্জিত এ ফ্যাসিস্টমুক্ত দেশে জনগণের অংশগ্রহণে জাতীয় নির্বাচন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আগামী নির্বাচনে আপনারা আমাকে ভালোবাসা এবং সেবা করার সুযোগ দিন। আমি আপনাদের সেবা করতে চাই। আমি কথা দিচ্ছি, আমি নির্বাচিত হলে আপনাদের আমানত একটি টাকাও আমার পকেটে ঢুকবে না। আপনারা সৎ ব্যক্তিকে ভোট দিলে এলাকায় সততা এবং নিষ্ঠার সাথে উন্নয়ন হবে। লুটপাটের সুযোগ কেউ পাবে না। তাই আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামের পতাকাতলে সবাই সমবেত হয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
এর আগে ৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে এটিএম আজহারুল ইসলাম বদরগঞ্জ পৌরসভার বালুয়াভাটা এলাকায় ইউনিয়ন মহিলা দায়িত্বশীলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বদরগঞ্জ উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামান কবির।