সাংবাদিক হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ


১৪ আগস্ট ২০২৫ ১৬:৪৩

পিরোজপুরে মানববন্ধন
পিরোজপুর সংবাদদাতা: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলার বিরুদ্ধে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৯ আগস্ট) সকালে সম্মিলিত পিরোজপুর সাংবাদিক সমাজের উদ্যোগে শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এস. এম. রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং প্রেস ক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মুনিরুজ্জামান নাসিম আলী (ইত্তেফাক), এস. এম. পারভেজ (যুগান্তর), এ. কে. আজাদ (সংবাদ), জিয়াউল আহসান (ডেইলি অবজারভার), ফসিউল ইসলাম বাচ্চু (সমকাল প্রতিনিধি ও পিরোজপুর কণ্ঠ সম্পাদক), হাসান মামুন (এশিয়ান এইজ প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি), খালিদ আবু (আমাদের সময়), ওয়াহিদ হাসান বাবু (ইনকিলাব), নাসির উদ্দিন (ভোরের পাতা), নাঈম তালুকদার (জি-টিভি), নাসির উদ্দিন (নয়া দিগন্ত, জিয়ানগর উপজেলা প্রেস ক্লাব সভাপতি), শফিকুল ইসলাম সোহেল (সংবাদ, উপজেলা প্রতিনিধি)। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা ও জাতীয়/আঞ্চলিক গণমাধ্যমের সাংবাদিকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা, হত্যা ও হয়রানিমূলক মামলার মাধ্যমে দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাকে দমন করার চেষ্টা চলছে। তারা অবিলম্বে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের গণমাধ্যমকে মুক্ত ও স্বাধীন রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
গাইবান্ধায় মানববন্ধন
গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার সাংবাদিকরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আর কোনো সাংবাদিক নিহত হওয়ার আগেই সারা দেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ শক্তিতে দুর্বৃত্ত ও তাদের গডফাদারদের রুখে দেওয়া হবে। এ কারণে শুধু কলম বা ক্যামেরায় নয়, হাতে হাত রেখে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। গাইবান্ধার আইনশৃঙ্খলার অবনতিতেও উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিকরা।
গাইবান্ধা প্রেস ক্লাবের আয়োজনে গত ৯ আগস্ট শনিবার দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদ, হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধা প্রেস ক্লাব সংলগ্ন ডিবি রোডে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা কে.এম রেজাউল হক, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সিনিয়র সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মণ, নির্বাহী সদস্য ফিরোজ কবির মিলন, খায়রুল ইসলাম, রিক্তু প্রসাদ, লাল চান বিশ্বাস, সময় টিভির এসএম বিপ্লব ইসলাম, প্রতিদিনের কাগজের প্রতিনিধি তৌহিদুর রহমান তুহিন, সাংবাদিক জান্নাতুল ইসলাম নাঈম, শাহীন নূরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন গাইবান্ধা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাভেদ হোসেন।
বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের সর্বোচ্চ বিচারের দাবি করেন। এছাড়া বক্তারা সারা দেশে সাংবাদিক নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের বিশেষ নিরাপত্তা প্রদান ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
উল্লেখ্য, ঢাকার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গত ৭ আগস্ট বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা।
নাগরপুরে মানববন্ধন
এম.এ. মান্নান, নাগরপুর (টাঙ্গাইল) : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং গ্রেফতাকৃতদের বিচারের দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে নাগরপুর উপজেলা প্রেস ক্লাব।
গত শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের লোকজন অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে সাংবাদিক হত্যাসহ নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে প্রতিনিয়ত এগুলো বন্ধ করতে হবে। বর্তমান সরকারের সময়ে এভাবে সাংবাদিক হত্যা মেনে নেওয়া যায়না। গাজীপুরে আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে গ্রেফতাকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা ।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিউর রহমান (লুকন), সাধারন সম্পাদক মো. নুরুজ্জামান রানা, সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন, নাগরপুর প্রেস ক্লাবের মধ্যে দৈনিক নয়া দিগন্তের নাগরপুর সংবাদদাতা তারিকুল ইসলাম, দৈনিক সংগ্রামের নাগরপুর সংবাদদাতা ডা. এম এ মান্নান, নাগরপুর উপজেলা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সদস্য মো. হালিম মিয়া, মো. শুকুর আলী প্রমুখ।
বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের মানববন্ধন
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেস ক্লাব। গত শনিবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মোল্লা মো. নাসির আহমেদের মভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি ফয়সল আহমেদ খান (সঞ্চালক), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সোহাইল আহমেদ, কার্যনির্বাহী সদস্য মুফতি আলাউদ্দিন সাদী, মো. পলাশ মিয়া, সুমন চক্রবর্তী, মো. আতিকুর রহমান লিটন, মো. রোমন হায়দারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
অংশগ্রহণকারীরা সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
কাউখালীতে মানববন্ধন
পিরোজপুর সংবাদদাতা : পিরোজপুরের কাউখালীতে গত শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের গেটের সামনে কাউখালী উপজেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে গাজীপুরের সাংবাদিক তুহিনকে গলা কেটে হত্যার দৃষ্টান্তমূলক বিচারসহ দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, দৈনিক সংগ্রাম পত্রিকার কাউখালী উপজেলার সাবেক প্রতিনিধি অধ্যাপক হুমায়ুন কবির, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সহ-সম্পাদক নুরুল হুদা বাবু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট কমল কৃষ্ণ মুখার্জী, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান নয়ন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করাসহ সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধ করতে হবে। বক্তারা আরো বলেন, একটা অপশক্তি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তার জোর দাবি করা হয় মানবন্ধনে।
মতলব উত্তরে মানববন্ধন
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা: গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মতলব উত্তর উপজেলার কর্মরত সাংবাদিকরা।
গত শনিবার (৯ আগস্ট) দুপুরে মতলব উত্তর থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহবুব আলম লাভলু, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শামসুজ্জামান ডলার, দৈনিক যুগান্তর প্রতিনিধি ফারুক হোসেন, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি বোরহান উদ্দিন ডালিম, দৈনিক সময়ের আলোর প্রতিনিধি কামরুজ্জামান হারুন, দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি জাকির হোসেন বাদশা, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আরাফাত আল আমিন, দৈনিক কালবেলা প্রতিনিধি মমিনুল ইসলাম, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি সুমন আহম্মেদ, দৈনিক আমার দেশ প্রতিনিধি শেখ ওমর ফারুক, দৈনিক চাঁদপুর দিগন্ত প্রতিনিধি আব্দুল লতিফ মিয়াজি, দৈনিক একাত্তর কণ্ঠ প্রতিনিধি ইসমাইল খান টিটু, দৈনিক চাঁদপুর দর্পণ প্রতিনিধি জহিরুল হাসান মিন্টু, দৈনিক চাঁদপুর সময় প্রতিনিধি সফিকুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি আল-আমীন পারভেজ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি দেওয়ান মুরাদুজ্জামান, দৈনিক চাঁদপুর দিগন্ত প্রতিনিধি শামীম মিয়াজি, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি নাজমুল হাসান, দৈনিক প্রিয় চাঁদপুর প্রতিনিধি গাজী এমদাদুল হক মানিক, দৈনিক প্রিয় চাঁদপুর প্রতিনিধি শাহিন আলম, দৈনিক চাঁদপুর বার্তা প্রতিনিধি সাইদুর রহমান শিপলু, দৈনিক জনবানী প্রতিনিধি মেরাজ উদ্দিন সুভ, সাপ্তাহিক মতলব বার্তা প্রতিনিধি মাঈনুল ইসলাম, দৈনিক এশিয়া প্রতিনিধি আশিকুল ইসলাম।
সঞ্চালনায় ছিলেন দৈনিক আইন বার্তা প্রতিনিধি নুর মোহাম্মদ খান।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা শুধু একজন ব্যক্তির ওপর নয়, এটি মুক্ত গণমাধ্যম, জনগণের জানার অধিকার ও সত্যের ওপর বর্বর আক্রমণ। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সকলকে গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য ও ন্যায়ের কণ্ঠরোধ হবে, যা গণতন্ত্র ও সমাজের জন্য ভয়াবহ হুমকি। তাই এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করে উদাহরণ সৃষ্টি করার দাবি জানান তারা।
পাবনা প্রেস ক্লাবের মানববন্ধন
পাবনা সংবাদদাতা : প্রেস ক্লাব পাবনার উদ্যোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত। গত শনিবার (৯ আগস্ট) দুপুরে প্রেস ক্লাব পাবনা চত্বরে সাংবাদিক, সাহিত্যিকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাব পাবনার যুগ্ম সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সহ-সভাপতি শফিউল আলম দুলাল। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু, কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মোমিন, দৈনিক জীবন কথার ব্যবস্থাপক ফারুক হোসেন, পাবন সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা অধ্যাপক কামরুজ্জামান, সুধীর কুমার কলেজের অধ্যাপক জাকির হোসেন, ধানুয়াঘাটা ডিগ্রি কলেজের অধ্যাপক রবিউল করিম, এস টিভির পাবনা প্রতিনিধি হুমায়ুন রাশেদ প্রমুখ। বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং চিহ্নিত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন
গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার ৯ আগস্ট বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোনারগাঁয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের আয়োজনে উপস্থিত ছিলেন সাংবাদিক গাজী মোবারক, আজাদ, শাহাদাত হোসেন রতন, মিজানুর রহমান, রবিউল হোসাইন, মো. শাহ জালাল মিয়া, কামরুল ইসলাম পাপ্পু, মাসুম মাহমুদ, ফাহাদুল ইসলাম, ময়নাল হোসাইন, কে এম রাজু, আকতার হোসেন, মুকতার, জসিমউদ্দিন রাজিব, মোকাররম মামুনসহ সোনারগাঁ উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদ বৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন স্থানীয় চাঁদাবাজদের কর্মকাণ্ড নিয়ে দুপুরে লাইভ করার পরপরই গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা মোড়ে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে। ন্যক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি ঘটনার সাথে জড়িত প্রত্যেককে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাই।
সভায় বক্তারা আরো বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। একইসঙ্গে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। আমরা এ হত্যাকাণ্ডসহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে দ্রুত সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানানো হয়।
ফুলবাড়িয়া প্রেস ক্লাবের মানববন্ধন
মো. শফিকুল ইসলাম, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৮ আগস্ট) সকালে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চত্তরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলাকেটে হত্যা করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করে। নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ৫ম ছেলে নিহত তুহিন। পেশাগত কারণেই তিনি বহুদিন ধরে পারিবার নিয়ে গাজিপুরে বসবাস করেন।
এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আবুল কালাম (ইত্তেফাক) বলেন, একজন সাংবাদিককে কুপিয়ে পিটিয়ে এভাবে হত্যা করার ঘটনা আর কোন দেশে আছে কি-না, আমার জানা নেই।
সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম (কালের কণ্ঠ) বলেন, সাংবাদিক তুহিন হত্যার সাথে যারা জড়িত, তাদের এখনো গ্রেফতার করা হয়নি এটা খুবই দুঃখজনক। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বিগত দিনে যে সকল সাংবাদিকদের হত্যা করা হয়েছে সেই হত্যার দ্রুত বিচার দাবি করেন।
দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক মো. শফিকুল ইসলাম বলেন, আমি যখন প্রতিদিনের কাগজে কাজ করি তখন আসাদুজ্জামান তুহিন আমার সহকর্মী ছিলেন। তুহিনকে কুপিয়ে জবাই করে হত্যার দিন আমার সাথে যোগাযোগ হয় ফেসবুকে। তুহিন একজন ভালো মানুষ ছিলেন। সে ইদানীং গাজীপুর চৌরাস্তার বিভিন্ন অনিয়ম নিয়ে লেখালেখি করেছেন সেকারণেই হয় তো বা সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেন। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে অপরাধীকে দ্রুত গ্রেফতার করে ফাঁসি দেওয়া হোক।
কবি ও সাংবাদিক রফিকুল ইসলাম মানিক (দৈনিক জবাবদিহি) রাষ্ট্রের কাছে উদাত্ত আহ্বান জানান, যেন আসামিদের দ্রুত বিচারের আওতায় আনা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের সাংবাদিক নূরুল ইসলাম খান, কবীর উদ্দিন সরকার হারুন, এনায়েতুর রহমান, এসএম গোলাম ফারুক আকন্দ, নজরুল ইসলাম খান, আল এমরান, সাইফুল ইসলাম তরফদার, শহীদুল ইসলাম প্রমুখ। পারিবারিক সূত্রে জানা যায়, ৫ ভাই ও ২ বোনের মধ্যে আসাদুজ্জামান তুহিন সবার ছোট। ২০০৫ সাল থেকে পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা এলাকায় বসবাস করে আসছিল। সেখানে ক্লিনিক ব্যবসার পাশাপাশি গত কয়েক বছর ধরে তিনি সাংবাদিকতায় যুক্ত হন।