মোশাররফ হোসেন খান-এর কবিতা
এভাবেই এসেছিল চব্বিশের জুলাই
১৪ আগস্ট ২০২৫ ১৫:০৯
অধিকার
– মিছিলে এসেছিলি কেন?
কথা বলতে পারছে না।
মুখ দিয়ে রক্ত ঝরছে ক্রমাগত।
– কী রে কথা বল্।
মিছিলে এসেছিলি কেন?
খুব কষ্ট করে কেবল উচ্চারণ করলো—-
– অধিকার আদায়ের জন্য।
আরেকটি গুলির শব্দ।
– এই নে তোর অধিকার।
দশ হাত মাটির নিচে শুয়ে শুয়ে
অধিকারের আঙুল চোষ।
শান্তি
– আজ কতজন?
– দশজন।
– কী জন্য এসেছিল?
– শান্তির জন্য।
– এখন কোথায় আছে তারা?
– ভ্যানে।
দশজনের রক্তে প্লাবিত হয়ে গেছে চারপাশ।
হুকুম হলো-
– তাদের পুড়িয়ে ছাই করে শূন্যে ভাসিয়ে দাও।
বাতাসে ভাসতে ভাসতে ওরা শান্তির ঘরে পৌঁছে যাবে একসময়।
মূলত এভাবেই এসেছিল চব্বিশের
ছত্রিশে জুলাই…!