ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ফেব্রুয়ারিকে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছে ইসি

স্টাফ রিপোর্টার
৩১ জুলাই ২০২৫ ১৪:৩২

স্টাফ রিপোর্টার : গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ দেড় শতাধিক রাজনৈতিক দল নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করেছিল। কিন্তু একটি দলও উত্তীর্ণ হয়নি। পরে এনসিপিসহ ১০টি দলকে চিঠি দিয়ে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র দিতে অনুরোধ করে ইসি। এদিকে আগামী ফেব্রুয়ারিকে টার্গেট করে ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইসি সূত্রে এমন আভাস পাওয়া গেছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নির্বাচন সামনে রেখে নানা প্রস্তুতির কথা। ফলে সরকার ও কমিশন নির্বাচন আয়োজনে প্রাথমিক প্রস্তুতিতে রয়েছে। ইতোপূর্বে সিইসি নাসির উদ্দীন জানিয়েছেন, ইসি পুরোদমে প্রস্তুতি নিচ্ছে। নানা চ্যালেঞ্জের মধ্যেই ইসি প্রস্তুতি নিচ্ছে।
প্রশিক্ষণ পাচ্ছেন দেড় লাখ পুলিশ সদস্য
গত ২৮ জুলাই সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেড় লাখ পুলিশ সদস্যকে সেপ্টেম্বর মাস থেকে প্রশিক্ষণ দেয়া হবে। আর নির্বাচনের সময় ৬০ হাজার সেনা মেতায়ানে করা হবে। তিনি বলেন, ‘আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর- এ তিন মাসে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেয়া হবে।’ পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) বরাতে প্রেস সচিব শফিকুল আলম বলেন, পুলিশ মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করবে।’ তিনি আরও বলেন, ‘সেনাসদস্যরা এর মধ্যেই গত ৫ আগস্ট থেকে মাঠে সক্রিয় আছেন এবং তাদের বিচারিক ক্ষমতাও রয়েছে।’ নির্বাচনের সময় ৬০ হাজার সেনাসদস্য মোতায়েন থাকবে।
গঠিত হতে পারে ‘ন্যাশনাল ইনফরমেশন সেন্টার’
নির্বাচন ঘিরে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়ে যাওয়ায় সরকার ‘ন্যাশনাল ইনফরমেশন সেন্টার’ গঠনের চিন্তাভাবনা করছে। ‘এ সেন্টারটি খুব দ্রুত গুজব শনাক্ত ও প্রতিরোধ করবে এবং সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেবে।’ তিনি বলেন, ‘এ কেন্দ্রটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইতিবাচক ও তাৎক্ষণিক কর্মকাণ্ড প্রচারে সাহায্য করবে, যেগুলো বর্তমানে প্রচার না পাওয়ায় অনেক সময় অজ্ঞাতই থেকে যায়।’
প্রেস সচিব জানান, নির্বাচনপূর্ব প্রশাসনিক রদবদল হতে পারে। এ বিষয়ে সরকারপ্রধানের উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, ‘সার্বিকভাবে নয়, শুধুমাত্র যেখানে প্রয়োজন, সেখানেই রদবদল হবে।’