বাংলাদেশের রাজনৈতিক ক্রান্তিকালীন সময়ে জামায়াত আমীরের সুস্থ থাকাটা খুবই জরুরি : মির্জা ফখরুল

সোনার বাংলা ডেস্ক
২৪ জুলাই ২০২৫ ০৮:৫৭

সোনার বাংলা ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গত ১৯ জুলাই শনিবার দলের জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়েল ধানমন্ডির ইবনে সিনা হাসপাতলে চিকিৎসার্থে ভর্তি হন। রাত সাড়ে ৮টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসাধীন জামায়াত আমীরকে দেখতে সেখানে যান।
এ সময় তিনি জামায়াত আমীরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং চিকিৎসার খোঁজ নেন।
এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানও উপস্থিত ছিলেন। সাক্ষাতের পর সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনৈতিক ক্রান্তিকালীন সময়ে জামায়াত আমীরের সুস্থ থাকাটা খুবই জরুরি। সমাবেশে তিনি অসুস্থ হয়ে পড়ায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। উনার সুস্থতার তথ্য জেনে আমরা আশ্বস্ত হয়েছি। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা জামায়াত আমীরকে দেখতে এসেছি।
দলীয় আমীরকে দেখতে আসায় বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জামায়াত। দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের বলেন, জামায়াত আমীর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, জামায়াত আমীর এখন সুস্থ আছেন। তার হার্ট, কিডনি স্বাভাবিক আছে। অতিরিক্ত গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
জামায়াত আমীরের শারীরিক অবস্থার খোঁজ নেন সেনাপ্রধান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গত রোববার (২০ জুলাই) জামায়াত আমীরের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানানো হয়। ফেসবুকে অ্যাডমিন লিখেছেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের অসুস্থ হওয়ার খবর শুনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। অ্যাডমিন আরও লেখেন, সম্মানিত আমীর সাহেবের চিকিৎসার জন্য যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন সেনাপ্রধান। এজন্য তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।