মুর্শিদ-উল-আলম-এর কবিতা

আমি তো সেই আগের মতোই


১৭ জুলাই ২০২৫ ১৩:৪৪

কেউ একজন তাকে কবি বলেছিল
ভরাট গলায় সোহরাওয়ার্দী উদ্যান মাতিয়ে তোলে
ফাটিয়ে দেয় জনস্রোতের অভিব্যক্তি দিয়ে
কোথায় কী পরিবর্তন হয়েছে জানি না
আমি তো সেই আগের মতোই

একদিন রাষ্ট্র একজনকে বীর হিসেবে পরিচয় করিয়ে দেয়
কালুরঘাটে তার ডাক হয়তো এখনো বাজে
একদিন ইথারে ডাক দিয়েছিল
কোথায় কী পরিবর্তন হয়েছে জানি না
আমি তো সেই আগের মতোই
একজন বুক চিতিয়ে জিরো পয়েন্টে
গণতন্ত্র মুক্তি পাক বুকে লিখেছিল
সামরিক শাসনের অবসান হলো
কোথায় কী পরিবর্তন হয়েছে জানি না
আমি তো সেই আগের মতোই
একজন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দিল
স্বৈরাচার নিপাত গেল নিপাত গেল
স্লোগানের ভিতরে ভিতরে ঢুকে গেল হিজিমনি রাজনীতি
রূপকার জেলে গেল
কোথায় কী পরিবর্তন হয়েছে জানি না
আমি তো সেই আগের মতোই
ঘুষ হুড়াগুড়ি করে দুর্নীতি চপেটাঘাত করে
সন্ত্রাস কবন্ধ নাচানাচি করে
চান্দাবাজি চলে ফাটাফাটি
জঙ্গি জঙ্গি জিকির মাতম করে
শত্রু বন্ধু সাজে সুজন দুর্জন বনে যায়
দেশপ্রেমিকরা একে একে জেলে যায়
আদালত পাড়ায় কাঁচকলার ছড়াছড়ি বেড়ে যায়
ফাঁসি ফাঁসি বিভ্রান্ত জনতা
মজলুমের ক্রন্দন শুনতে পায় নীরবে নিভৃতে
কোথায় কী পরিবর্তন হয়েছে জানি না
আমি তো সেই আগের মতোই
তারপর চব্বিশ, জুলাই আগস্ট
ছোট ছোট পাখিদের কোলাহল শুরু হয়
কাজী নজরুল ইসলামের সকাল বেলার পাখি এরা
ফররুখ আহমদের সিন্দাবাদ এরা
আল মাহমুদের বখতিয়ার খিলজী এরা
সম্বিত ফেরত পায় বিভ্রান্ত পথিক
আবু সাঈদের বুক চিতানো সাহস দেখে
নেমে আসে রাজপথে অলিতে গলিতে
হায়েনার রক্তচক্ষু আধিপত্যবাদের তন্ত্রমন্ত্র
প্রাণঘাতী অস্ত্র লেন্দুপ দর্জির প্রেতাত্মা
সব একে একে গলে যেতে থাকে গলে যেতে থাকে
কাঠফাটা রোদে
স্লোগান হুংকারে
ঘর্মাক্ত লবণ বিষে
শহীদের রক্তিম শপথে
আহতের সফেদ শপথে
মজদুরের গাইতির ঘায়ে
নাগরিক ঐক্যের বজ্রবানে
নয়া বাংলাদেশ নয়া বাংলাদেশ স্বপ্নে।