আমীরে জামায়াতের সাথে ইউরোপীয় ইউনিয়ন ও তিন দেশের রাষ্ট্রদূতের বৈঠক

অর্থবহ গণতন্ত্র, স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ


২৬ জুন ২০২৫ ১০:৩০

গত ২৪ জুন মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাথে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার আমীরে জামায়াতের বসুন্ধরাস্থ অফিসে সৌজন্য বৈঠকে মিলিত হন

সোনার বাংলা ডেস্ক : আমীরে জামায়াতের বসুন্ধরাস্থ অফিসে গত ২৪ জুন মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার এক সৌজন্য বৈঠক করেন। এছাড়া গত সপ্তাহে পৃথক পৃথক দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এসে ঢাকাস্থ হাইকমিশনের কানাডা হাইকমিশনার মি. অজিত শিং, জাপানের রাষ্ট্রদূত মি. সাইদা শিনইচি এবং জার্মানির দূতাবাসের বিদায়ী রাষ্ট্রদূত মি. আখিম ট্রোস্টার আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন। বৈঠকে তারা অর্থবহ গণতন্ত্র, স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে সাপ্তাহিক সোনার বাংলায় প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির আলোকে প্রতিবেদনে চারজনের সাক্ষাতের বিবরণ তুলে ধরা হলো-
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার : গত ২৪ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাথে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার আমীরে জামায়াতের বসুন্ধরাস্থ অফিসে এক সৌজন্য বৈঠকে মিলিত হন। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে সমসাময়িক বিষয়ে বস্তুনিষ্ঠ আলোচনা হয়। আমীরে জামায়াতের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
কানাডার হাইকমিশনার মি. অজিত শিং: গত ২৩ জুন সোমবার দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে কানাডার হাইকমিশনার মি. অজিত শিং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য বৈঠক করেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও কানাডার স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকে হাইকমিশনারের সাথে সিনিয়র পলিটিক্যাল অফিসার মিস. সিওভান কের ও পলিটিক্যাল এ্যান্ড ইকোনমিক এডভাইজার মি. নিসার আহমেদ উপস্থিত ছিলেন।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সাথে ছিলেন নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
বৈঠক শেষে আমীরে জামায়াতের পক্ষে নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, কানাডিয়ান হাইকমিশনার ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন। তাদেরকে জানিয়েছি যে, আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ দেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলো যৌথভাবে ঐকমত্য কমিশনের সাথে সংস্কারের বিষয়গুলো নিয়ে একাধিকবার সংলাপে বসেছি। যেমন একই ব্যক্তির প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দুবারের বেশি না রাখা, দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, নতুন ভোটার তালিকা প্রণয়ন করে তাতে প্রবাসীদের অন্তর্ভুক্তকরণ, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। ইতোমধ্যেই দেশের রাজনৈতিক দলগুলো বেশ কয়েকটি বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়ে এখনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। আমরা হাইকমশনারকে জানিয়েছি যে, দুঃখজনকভাবে যদি গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলোয় ঐকমত্যে পৌঁছানো সম্ভব না হয়, সেক্ষেত্রে গণভোট অনুষ্ঠানের জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছি। আমরা সরকারকে বলেছি, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য লেভেলপ্লেয়িং ফিল্ড তৈরি করা দরকার। আর কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে বিষয়ে আমাদের কনসার্ন অন্তর্বর্তী সরকারকে জানিয়েছি।
সিসি ক্যামেরাসহ নির্বাচনের আনুষঙ্গিক খরচ মেটাতে মোটা অংকের বাজেট দরকার। এ ব্যাপারে আমরা কানাডাসহ উন্নয়ন অংশীদার বন্ধু রাষ্ট্রগুলোর নিকট আর্থিক অনুদানের আহ্বান জানিয়েছি। হাইকমিশনার আর্থিক অনুদানের বিষয়টি জাতিসংঘের মাধ্যমে সমন্বয় করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। কানাডা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনে কারিগরিসহ সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে দিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে বলে বৈঠকে আশাবাদ করা হয়।
জাপানের রাষ্ট্রদূত মি. সাইদা শিনইচি : গত ২২ জুন রোববার সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জাপানের ঢাকাস্থ দূতাবাসের রাষ্ট্রদূত মি. সাইদা শিনইচি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য বৈঠক করেন। বৈঠক অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বস্তুনিষ্ঠ আলোচনা হয়।
বৈঠকে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন। পাশাপাশি তিনি বাকস্বাধীনতা ও ধর্মীয় অধিকার সম্পর্কে দলের অবস্থান তুলে ধরেন। বাংলাদেশের স্বৈরশাসনামলে রাজনৈতিক নিপীড়ন, বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার বিবরণ তুলে ধরে তিনি বলেন, মূলত পতিত আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে নির্বাচনের নামে প্রহসনের দৃশ্য তুলে ধরেন। জাপানের সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশের ২০১৮ সালের নির্বাচনকে ‘মধ্য রাতের নির্বাচন’ বলে যে মন্তব্য করেছিলেন, তা তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
এ সময় আমীরে জামায়াত বিচারের নামে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে মিথ্যা ও সাজানো মামলায় অন্যায়ভাবে হত্যা করার বর্ণনা দেন এবং পতিত ফ্যাসিবাদ আমলের জেল, জুলুম-নির্যাতন, অপহরণ ও গুম-খুনের একটি চিত্র তুলে ধরেন। স্বৈরশাসনামলে জামায়াত সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, সে সম্পর্কে তাঁকে অবহিত করেন।
জাপানের রাষ্ট্রদূত মি. সাইদা শিনইচি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের আসন্ন নির্বাচন ও বাংলাদেশের সাথে জাপানের বিদ্যমান সম্পর্কের ব্যাপারে তার অবস্থান তুলে ধরেন। রাষ্ট্রদূত বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন। ভবিষ্যতে জাপান ও বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে সদ্য কারামুক্ত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম, নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত মি. আখিম ট্রোস্টার : গত ১৯ জুন বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জার্মানির ঢাকাস্থ দূতাবাসের বিদায়ী রাষ্ট্রদূত মি. আখিম ট্রোস্টার আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারটি অত্যন্তু আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান দেশে অর্থবহ গণতন্ত্র, দুর্নীতিমুক্ত সমাজ ও প্রশাসন গঠন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমস্যার সমাধান, শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে মর্মে উল্লেখ করেন। তিনি জার্মানি এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষতে আরও সমৃদ্ধ ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত বাংলাদেশে অর্থবহ গণতন্ত্র, স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি ও জলবায়ু উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মানুষ হত্যা করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। গণতন্ত্রের জন্য প্রয়োজন অ্যাকোমোডেটিং মানসিকতা।
বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সদ্য কারামুক্ত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।