ইসলামী ছাত্রশিবির দেশে সুনাগরিক ও নেতৃত্ব তৈরির কারখানা


১৯ জুন ২০২৫ ১৪:১৬

মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জননেতা ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, দেশে সুনাগরিক ও নেতৃত্ব তৈরির কারখানা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ছাত্রশিবিরের কর্মীরাই বাংলাদেশ পরিচালনা করবে। কারণ ইসলামী ছাত্রশিবির বাছাইকৃত ছাত্রদের মাঝে দাওয়াতি কাজের মাধ্যমে তাকওয়া, জ্ঞান, দক্ষতা ও চরিত্র গঠনের মাধ্যমে আল্লাহর ওপর তাওয়াক্কুল সৃষ্টি করে আদর্শ নাগরিক তৈরির কাজ করে, তাই দেশে সুনাগরিক তৈরি করে বাংলাদেশকে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে ইসলামী ছাত্রশিবিরের ভাইদের এগিয়ে আসার আহ্বান জানান।
সম্প্রতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহেশখালী উপজেলা উত্তর ও দক্ষিণের সাবেক ও বর্তমান ভাইদের নিয়ে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় ড. হামিদুর রহমান আযাদ উপরোক্ত কথাগুলো বলেন। হামিদুর রহমান আযাদ বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবির, চাঁদাবাজি, শোষণ ও ভাগাভাগির রাজনীতি করে না। তিনি বলেন, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার রক্তের সাথে বেঈমানি করে এ দেশে কারো রাজনীতি করার সুযোগ নেই। জুলাই বিপ্লব কখনো বৃথা যেতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারকে সফলতার সাথে দায়িত্ব পালন করে একটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করার আহ্বান জানান। তিনি বলেন, বিগত ৫৪ বছরের শাসনামল বঞ্চনা ও শোষণের। এ সমাজ অপসংস্কৃতি, চাঁদাবাজ ও দখলবাজদের কবলে। এ ঘুণেধরা সমাজ পরিবর্তন করতে হলে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাইদের চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। সমাজ থেকে কুসংস্কার ও অপরাজনীতি দূরীভূত করে একটি সুখী, সুন্দর, সমৃদ্ধ শালি ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান। ইসলামী ছাত্রশিবির মহেশখালী উপজেলা দক্ষিণের সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে উত্তরের সভাপতি আবু রায়হানের সঞ্চালনায় হোয়ানক রশিদিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের সাবেক ও বর্তমান ভাইদের নিয়ে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি আব্দুর রহিম নুরী, জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোছাইন, মহেশখালী উপজেলা জামায়াতের দক্ষিণের আমীর মাস্টার শামিম ইকবাল, এডভোকেট নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যাংক কর্মকর্তা শহিদুল ইমরান, বোরহান উদ্দিন খান, মো. আমান উল্লাহ, শিবিরের সাবেক জেলা সভাপতি আজিজুল হক, উপজেলা জামায়াতের দক্ষিণের সেক্রেটারি আব্দুর রহিম, মো. আলমগীর, কুতুবউদ্দিন, আব্দুল খালেকসহ শিবিরের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।