৮ বছরে মোহনপুর রাবার ড্যামের পানিতে ডুবে ২০ জন নিহত
১৯ জুন ২০২৫ ১৪:১০
মো. আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের মোহনপুর ব্রিজসংলগ্ন উত্তর দিকে মোহনপুর রাবার ড্যাম অবস্থিত। দিনাজপুর শহর থেকে ১৮ কিলোমিটার পূর্বে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের সদর উপজেলার শঙ্করপুর ইউনিয়নের মোহনপুর আত্রাই নদীর ওপর নির্মিত রাবার ড্যামটি ২০১৩ সালের ২২ অক্টোবর উদ্বোধন করা হয়। রাবার ড্যাম এর নদীর দুই তীরে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এবং সতর্কীকরণ বিজ্ঞপ্তি না থাকায় সেখানে দূরদূরান্ত থেকে আসা নারী-পুরুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা সেখানে গোসল করতে নেমে পড়েন এতে প্রতি বছর দুর্ঘটনায় মারা যাচ্ছে মানুষ। গত আট বছরে মোহনপুর রাবার ড্যামে পানিতে ডুবে ২০ জন নিহত হয়। সেখানে সরকারিভাবে কেউ তদারক করছেন না। বা হ্যান্ড মাইকিং দিয়ে সর্তকীকরণ কোনো বার্তাও দিচ্ছেন না। ফলে নির্বিঘ্নে সেখানে নেমে পড়ে অনেক সাঁতার না জানা ব্যক্তি এবং অনেকে সাঁতার জানলেও পানির নিচে তলিয়ে যাচ্ছেন। এতে বাড়ছে দুর্ঘটনা। কেন সেখানে সতর্করণ বিজ্ঞপ্তি দিয়ে জনসাধারণকে নামতে সাবধান করে দেওয়া হচ্ছে না, তা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করেন অনেকে। গত ১৪ জুন শনিবার মমিনুল হক দিনাজপুর শহরের নিমনগর (ফুলবাড়ী বাসস্ট্যান্ড) এলাকার ভোলা মিয়ার ছেলে মমিনুল হক (১৮) রাবার ড্যামে গোসল করতে নেমে মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে বিভিন্ন মহল দিনাজপুর জেলা প্রশাসকের রাবার ড্যাম এলাকায় জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করেন।