মাহবুবুল হক-এর কবিতা

ধূসর জমিন হয়ে ওঠে


১৯ জুন ২০২৫ ১২:২৮

কেন শাসাচ্ছেন, কেন বুঝছি না বলে গালমন্দ করছেন?
আমাকে ছোট ভাবতে ভাবতে
ঐ গাছটার মতো আমিও কতটা বড় হয়েছি;
ঐ গাছটাকে কেউ শাসায় না, দেখে শুধু আনন্দিতই হয়
ওর শরীরে ফুল ফোটে ফল দোলে
শাখা-প্রশাখা বিস্তারিত হয়ে শামিয়ানা টানায়।
মালিক ভাবে ওটা বিক্রি করলেই পুকুরের শান বাঁধানো যাবে।
অথচ আমাকে আপনি সেই বাবলুই ভাবছেন
ডাংগুলি লাটিম আর এক্কা দোক্কায় দিনগুলো যেন আমার
এখনো শেষ হয়নি।
আপনাকে আর কী দোষ দেব?
আপনার মতো আমিও তো ছোটদের তুই-তোকারি করি
জীবনের গান শোনাই
জীবনের হলাহল গাই।
মাঝে মাঝে হারমোনিয়াম থেমে যায়।
যখন ওদের কেউ নানা-নানি বা দাদা-দাদি বলে
গলা জড়িয়ে ধরে।
হারমোনিয়ামের রিড থেকে আমার আঙুল সরে আসে
ভারী লেন্সের চশমাটা ভারাক্রান্ত হয়ে ওঠে
জলসাটা আমার সুরহীন শব্দহীন বর্ণহীন ধূসর জমিন হয়ে ওঠে।