জাকির আবু জাফর

একটি প্রার্থনা


১৯ জুন ২০২৫ ১২:২৭

একটি প্রার্থনা জাকির আবু জাফর

ত্যাগের মহিমা থেকে পাঠ করি তোমার পবিত্র নামের কোরাস। হে ইব্রাহিমের রব, তুমি গ্রহণ করো আমাদের সব নিবেদন, সকল প্রার্থনা, সকল আয়োজন।
তোমার তেমন প্রশংসাই জ্ঞাপন করি, যেমন প্রশংসার যোগ্য তুমি, যেমন তোমার মহান মর্যাদার উপযুক্ত। তুমি গ্রহণ করো হে মালিক!
হে রহমান, দাও ইব্রাহিমের সেই বিশ্বাসী হৃদয়,
সেই দৃঢ় মন, যা কেবল তোমার সন্তুষ্টিতেই পরিতৃপ্ত, যা পৃথিবীর কোনো প্রলোভনে সামান্যও নত নয়।
দাও সেই হিম্মত, সেই তাওয়াক্কুল, যা জগতের তামাম শক্তির বিরুদ্ধে একাই দাঁড়িয়ে থাকতে প্রলুব্ধ করে!
একাই ঘোষণা করে তোমার একত্বের চিরন্তন সত্য।
তোমার ইচ্ছের কাছে সম্পূর্ণ সমর্পণের আনন্দ দাও, জীবনের অনুপুঙ্খ কর্মে দাও তোমার সন্তুষ্টির সুখ। আমাদের কথা ও কাজের সামঞ্জস্য দাও, বিশ্বাস ও জীবনের দাও গভীর মিল।
দাও জীবনের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের জোছনা, যা শুধু নিজেদের নয়, দূর করবে এ বিশ্বজগতের
জাহেলি অন্ধকার
সেই কুণ্ডলী থেকে আগুনের লকলকে জিহ্বা আকাশ অবধি উত্থিত অথচ কী নিশ্চিন্তেই নির্ভার ছিলেন মহান ইব্রাহিম, কেবল তোমার ভরসায় একচ্ছত্র। তুমি আগুনকেই করে দিলে প্রশান্তির আরাম বাগিচা।
ইব্রাহিমের ত্যাগের উপমা চিরকালের,
সেই সুমহান ত্যাগই মানবজাতির চিরবিধান।
ধুধু মরু-বালুকায় দুগ্ধপোষ্য শিশুর জননী,
তৃণগুল্মও ছিল না যেখানে, না খাদ্য না পানীয়!
খাঁখাঁ রোদ্দুর, হে মহান রব! তুমি সেই পবিত্র রমণীর পেরেশানিকেই ধুয়ে দিলে জমজম পানির পবিত্রতায়।
শিশু ইসমাঈলের ত্যাগের উপমাও কি আছে পৃথিবীতে!
মহান রবের ইচ্ছের কাছে নিজেকে সমর্পণের তেমন নজির আর কই, কার সেই হিম্মত, ক্ষুরধার তরবারির নিচে নিশ্চিন্তে শুয়ে পড়ার!
জীবনের চেয়ে দ্বীপ্ত যেখানে রবের সন্তুষ্টি!
আহা আজ সেই ত্যাগ, সেই সন্তুষ্টির নির্ভেজাল নিয়ত কি আছে আমাদের!
শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মহান রবের ইচ্ছের কাছে নিজেকে সমর্পণের আয়োজন কি আছে আমাদের!
হে মহান রহমান, আমরা তো অতি দুর্বল লোভী নাদান, লালসার পাকে মুখ ঘষে আমরা নিজেকে নিঃশেষ করে তুলি, ভুলকেই ভাবি শুদ্ধতার সুখ!
আমাদের যাবতীয় অক্ষমতা ক্ষমা করো প্রভু
মুছে দাও সকল প্রকাশ্য ও গোপন দুর্বলতা
তোমার একান্ত বন্ধু হিসেবে গ্রহণ করো আমাদের!