ফ্যাসিস্টরা উধাও, কিন্তু এখন চাঁদা নেয় কারা?
১৯ জুন ২০২৫ ১১:২২
স্টাফ রিপোর্টার : ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশ থেকে চাঁদাবাজি বন্ধ হয়নি। রাজধানী ঢাকাসহ সারা দেশে এখনো দেদারছে চলছে চাঁদাবাজি। খবরের কাগজ, অনলাইন নিউজ পোর্টাল বা অন্য কোনো সংবাদমাধ্যমে চোখ রাখলেই চাঁদাবাজির খবর চোখে পড়ে। রাজধানীর সড়কে এবং ফুটপাতে বিভিন্ন দোকান বসে, এসব দোকান বসিয়ে ব্যবসা করতে হলে চাঁদা দিতে হয়। আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ফুটপাতে চাঁদা তুলত দলটির নেতাকর্মী এবং তাদের নিয়োগ দেওয়া কর্মচারীরা। পরিবহন সেক্টরে গত ৫ আগস্টের পর বেশ কিছু দিন চাঁদাবাজি বন্ধ ছিল, কিন্তু এখন আর থেমে নেই। দেশের বড় বড় মহাসড়ক এবং আঞ্চলিক মহাসড়কগুলোতে চাঁদাবাজি অব্যাহত রয়েছে। পরিবহন সেক্টরেও গত সরকারের আমলে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল আওয়ামী লীগের লোকজন। কিন্তু এখন তো আর আওয়ামী লীগ ক্ষমতায় নেই, তাদের কর্মীরাও মাঠে নেই, তাহলে এখন যারা চাঁদা নিচ্ছে তারা কারা? এদের রাজনৈতিক পরিচয় কী? কাদের শেল্টারে এখন চাঁদাবাজি চলছে? এমন প্রশ্ন সাধারণ মানুষের।
গত ২৩ এপ্রিল বিকেলে। রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে তোপের মুখে পড়েন ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতা। তারা হলেন- ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ পারভেজ মোশাররফ, মাসুদুর রহমান জীবন ও রাব্বি হোসেন। এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, দোকানিরা ছাত্রদল নেতাকে ধরে পুলিশের হাতে তুলে দিচ্ছেন। চাঁদাবাজ, চাঁদাবাজ বলে টানা-হেঁচড়া করছেন। ‘ঢাকা কলেজের নামে চাঁদাবাজি, চলবে না চলবে না’; ‘ছাত্রদলের নামে চাঁদাবাজি; চলবে না চলবে না’- বলে স্লোগান দিচ্ছেন। এর আগেও ফুটপাতের দোকান দখল করতে গেলে পারভেজ মোশাররফকে শোকজ করে ছাত্রদল। স্থানীয় একজন দোকানির ভাষ্য, ব্যবসায়ীর কাছ থেকে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন ছাত্রদলের এ তিন নেতা। পরে ব্যবসায়ীরা চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এবং ছাত্রদল নেতা জীবনকে মারধর করে পুলিশে সোপর্দ করেন। এ সময় তোপের মুখে পড়েন পারভেজ মোশাররফ ও রাব্বি হোসেন। নিউমার্কেটের ব্যবসায়ীরা জানান, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মিল্লাদ হোসেনের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছেন কয়েকজন ছাত্রদল নেতা। নিউমার্কেট এলাকার ফুটপাতের বিভিন্ন দোকান তাদের দখলে। এ নিয়ে মাঝেমধ্যে আন্তঃকোন্দলেও জড়িয়েছেন তারা। ফুটপাত দখল নিয়ে চলছে ঢাকা কলেজ ছাত্রদল ও স্থানীয়দের দীর্ঘদিনের কোন্দল। ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য মাসুদুর রহমান জীবন অবশ্য দাবি করেছেন, তারা ষড়যন্ত্রের শিকার।
রাজধানীর হাতিরঝিল, রামপুরা ও খিলগাঁও এলাকায় চাঁদাবাজির অভিযোগে করা মামলায় মো. হাসান ওরফে পান্ডি হাসান (২৬) নামে এক যুবককে সম্প্রতি গ্রেফতার করার কথা জানিয়েছে র্যাব। র্যাব বলছে, রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে হাসানকে গ্রেফতার করা হয়। তিনি শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ ইব্রাহিম খান তুষার ওরফে ভাগ্নে তুষারের প্রধান সহযোগী। হাসানকে গ্রেফতারের তথ্য জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিও পাঠায় র্যাব-৩। এতে বলা হয়, ভাগনে তুষারের সহযোগীদের চাঁদাবাজিতে হাতিরঝিল, রামপুরা ও খিলগাঁও এলাকার মানুষ অতিষ্ঠ ছিল, আতঙ্কিত ছিল। গত ২১ জানুয়ারি চাঁদাবাজির অভিযোগে হাসানের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করা হয়। র্যাব-৩-এর একটি বিশেষ আভিযানিক দল হাসানকে গ্রেফতার করে। রাজধানীর প্রায় প্রতিটি পাড়া-মহল্লায় নতুন করে সন্ত্রাস ও চাঁদাবাজ তৈরি হয়েছে। যারা নিয়মিত চাঁদাবাজি চালিয়ে আসছে।
রাজধানীর বাইরেও নিয়মিত চাঁদাবাজি চলছে। চাঁদাবাজির অভিযোগ মামলা হচ্ছে, গ্রেফতারও হচ্ছে কেউ কেউ। কিন্তু থেমে নেই নব্য চাঁদাবাজরা। চট্টগ্রামের মিরসরাই উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি কারখানায় চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগকে সম্প্রতি গ্রেফতার করেছে পুলিশ। চাঁদাবাজির ঘটনায় কারখানাটির পরিচালক কামরুল হোসাইন গত ২০ মে সোহাগকে প্রধান আসামি করে জোরারগঞ্জ থানায় মামলা করেছেন। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়।
গত ৯ মার্চ বগুড়ায় পুলিশের এসআই পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম জাকারিয়া সরকার (২৮)। তিনি গাইবান্ধার জেলার পলাশবাড়ীর প্রজাপাড়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে। ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জে ১ লাখ টাকা চাঁদা দাবি করে মারপিট ও হুমকি প্রদানের অভিযোগে মামলা দায়ের করা হয়। সম্প্রতি শিবগঞ্জ রাজ্জাক স্পেশালাইজড কোল্ড স্টোরেজের ম্যানেজার বিশ্বনাথ সরকার বাদী হয়ে সদর থানায় এ মামলাটি দায়ের করেন। গত ২২ মার্চ গাজীপুরের কালীগঞ্জে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দলের পক্ষ থেকে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেয়ার পরেও বরিশালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে মুলাদী পৌর যুবদলের আহবায়ক ঢালী রফিকুল ইসলামের বিরুদ্ধে। এমনকি তার চাঁদা নেয়ার একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স্থানীয়দের ভাষ্যানুযায়ী, গত ৫ আগস্টের পর থেকে মুলাদীজুড়ে প্রভাব বিস্তার শুরু করেন মুলাদী পৌর যুবদলের আহ্বায়ক ঢালী রফিকুল ইসলাম। সম্প্রতি এক ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেন। পরে ওই ঠিকাদারের কাগজ আটকে জোরপূর্বক তার কাছ থেকে ৩ লাখ টাকা নেয় রফিকুল ইসলাম। ভিডিওতে স্পষ্টভাবে টাকা নেয়ার বিষয়টি দেখা যায়। এছাড়া তার বিরুদ্ধে আরও চাঁদাবাজি অভিযোগ রয়েছে। এদিকে নোয়াখালীর সুবর্ণচরে থানায় চাঁদাবাজির অভিযোগ করায় রাতের আঁধারে ১ যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গত ১৮ মার্চ রাতে চরক্লার্ক ইউনিয়নের জনতা বাজারের দক্ষিণে নুর আলম বাড়ির দরজায় প্রধান সড়কের ওপর।