কবি, সাংবাদিক রেজাউর রহমানের ইন্তেকাল
১৩ জুন ২০২৫ ০৮:৩৭
আহসানুল হক জুয়েল, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার কৃতি সন্তান কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক, কবি মুহম্মদ রেজাউর রহমান (১৯৫৫-২০২৫) গত ৯ জুন সোমবার বিকাল ৫.৩০-এ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ছিলেন অত্যন্ত সজ্জন, বন্ধুবৎসল, সদালাপি ও একজন খাঁটি দেশপ্রেমিক। তিনি ছিলেন শহরের গৌরাঙ্গবাজারের সুপ্রসিদ্ধ ব্যবসা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী শাহজাদি জর্দাঘরের স্বত্তাধিকারী। মুহম্মদ রেজাউর রহমান ১১ জানুয়ারি ১৯৫৫ সালে করিমগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা সাবেক সেনা কর্মকর্তা মুহাম্মদ আবদুর রহমান এবং মায়ের নাম আমেনা খাতুন। তিনি ছিলেন পরিবারের বড় সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী মমতাজ বেগম, এক ছেলে জাইসী মোহাম্মদ নাভীদ (নরওয়ের অভিবাসী) ও এক মেয়ে সারওয়াত নুয়েরী এবং তার ৪ ভাই ও তিন বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৭৩ সালে তার প্রতিষ্ঠিত সুধাকর নামক সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরণে ‘রক্তের স্বরলিপি’ সংকলন প্রকাশের মধ্য দিয়ে সাহিত্যজগতে আবির্ভূত হন। ছাত্র জীবনেই মফস্বল সাংবাদিক হিসেবে কাজ করে করে এক সময় তিনি জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার স্টাফ হয়ে বেশ কয়েকযুগ ঢাকায় কাজ করেছেন। তিনি সাপ্তাহিক বাংলার দর্পণ, দৈনিক জাহান, সাহিত্য মাসিক চন্দ্রাকাশ, অঙ্গীকার ডাইজেস্ট, সাপ্তাহিক মাটির বাংলা ও ইসতিকলাল, সাহিত্য পত্রিকা উত্তরকাল সম্পাদনা করেন। ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিকের সাহিত্য পাতায় এবং সংকলনে তার লেখা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তিনি কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠালগ্ন (১৯৮৪) থেকে এর সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত একটানা ৭ বছর তিনি পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন। কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রকাশিত সংকলনগুলোতেও তার বেশ কয়েকটি লেখা ছাপা হয়। তিনি কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদ আয়োজিত সাহিত্যসভায় ও সাহিত্য সম্মেলনগুলোয় সক্রিয় ভূমিকা পালন করেন। কিশোরগঞ্জ প্রেস ক্লাবসহ নানা সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে তিনি জড়িত ছিলেন। তিনি ছিলেন কিশোরগঞ্জের সাহিত্যাঙ্গনে অভিভাবকতুল্য।
গত ১০ জুন মঙ্গলবার ২০২৫ বাদ জোহর ঐতিহ্যবাহী শহীদি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে ঐতিহাসিক শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হয়। সাহিত্যিক, সাংবাদিক, কবি রেজাউর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী, শোক জানিয়েছেন কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের সম্মানিত সভাপতি মো. আশরাফুল ইসলাম। সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম।