ভয়ের আড়ালে আমি
৪ জুন ২০২৫ ১২:০১
ঊষার আকাশে আলোকের বান দেখে
খুশির ঝিলিকে সাগরে পাহাড়ে সারেগামা সুর মেখে
মনের মাটিতে রোপণ করেছি চারা
আলুথালু মেঘে স্বপ্নেরা হাসে, নয়নের কোণে তবুও বর্ষাধারা।
কলিজার ঘামে মমতার জল ঢেলে
প্রেমের হাওয়ায় দোলা ছড়িয়েছে একফোঁটা রোদ ফেলে
ভালোবাসা মেখে তোমাকে খুঁজেছি আহা
সবুজের বনে কান্নার ঢেউ, পাপিয়ার পিউ কাহা।
শান্তির খোঁজে হাহাকার করে বুক
সাহারার বালি উন্মাদ আহা, শুষে নিতে চায় সুখ
বৃক্ষের ডালে কচি পাতারাও কাঁদে
মানুষের ঘরে মানবতা মরে মিছে মমতার ফাঁদে।
রাতের আঁধারে ভৌতিক হাসাহাসি
বিষের ছুরিটা বক্ষের পাশাপাশি
স্বপ্নটা ছুঁয়ে দুপায়ে দিলাম ভর
বিজয়ের বেশে মরতেই পারি, বাঁধবো ওপারে ঘর।
ইবরাহিমের অবিচল বিশ্বাসে
ইসমাঈলের আনুগত্যের নূরে
হৃদয়ভেলাটা ভাসিয়ে দিলাম নদে
প্রেমসঙ্গীত গাইবো জীবন সুরে।
তাকবির মুখে কাবার গেলাফ ছুঁয়ে
উদ্ধত মাথা তোমার পায়েতে নুয়ে
বিনয়ের সুরে সুবাসিত মগ্নতা
শান্তির ছোঁয়া জান্নাতি মুগ্ধতা।
ফিরে ফিরে আসি ভালোবাসা মেখে প্রিয়নবীজির কাছে
ইবরাহিমের প্রেমের সুধা যেখানে মাখানো আছে
রক্তের নদী বয়ে গেলে যাক ভয়ের আড়ালে আমি
জীবনের চেয়ে শহীদি মৃত্যু সব থেকে বেশি দামি।
তুমি হে দরদি, তোমার পায়েই আমাদের সুখপাখি
তোমাতেই যেন হৃদয় মাখাই, মস্তক নত রাখি।