শামসুজ্জামান মতীন-এর কবিতা

আগস্ট বিপ্লব : স্যালুট তোমায়


৪ জুন ২০২৫ ১২:০০

যতই তুমি শাকুরের লেজে চাবকাতে থাকো
বুকে পিঠে
আমি নাচার/হেলবো দুলবো/দূরাচারের আঘাতে
লণ্ডভণ্ড হবে হৃৎপিণ্ড
তবুও আমি নাচার-অটল
কালেমার শব্দগুলো/দুর্বল জিহ্বায় আর্তনাদ করে ওঠে
ততোধিক উচ্চারিত হয় অবিরত লা ইলাহা ইল্লাল্লাহ।

হ্রেষারবের সফেদ পাগড়ি আসছে ধেয়ে
অন্ধকারের বুকচিরে
উদ্ধত নাঙ্গা তলোয়ার রেঁ ফেলে আসছে ধূলির ঝড়ে
ঝন্ ঝন্ ঝন্ আত্মোৎসর্গে
ভাসছে ঈশান কোণ
জীবজগতে কী সুতীব্র কল্যাণ।
পৃথিবীর সরু পথ ক্রমে স্ফীত হয়ে উঠছে
বৃক্ষলতাদি নত হয়ে দুলছে
মহাবিশ্বের মহাপালককে জানাচ্ছে সালাম
ধ্বনিত হচ্ছে শ্রেষ্ঠতর মহাগান, আল্লাহু আকবার

ফেরাউনের মমির মতো জীবন্ত দানবরূপী বানর
দন্তনখর রোমশ দেহ
বাড়তি চোখের আড়ালে স্যাটানিক ভার্সেসের শয়তানি মোচ
ঝুলে আছে দু’পাশে নরখাদকের দাঁতের গোড়া বেয়ে
ভ্যাম্পিয়ারের বিষাক্ত রস
গণ্ড বেয়ে পড়ছে চুয়ে চুয়ে।

স্বৈরাচারের নিষ্ঠুর দাঁত আর চোখ ঠিক্রে
তলিয়ে যাচ্ছে সমুদ্রের গভীরে চিরতরে॥