আনোয়ার হোছাইন
কলুর বলদ-এর কবিতা
৪ জুন ২০২৫ ১১:৫৮
দুই পায়া যে কলুর বলদ
নাইরে তাহার লেজ নাই,
তাহার ক্ষোভে, দুঃখে, রাগে
বাদ প্রতিবাদ তেজ নাই।
তার সাধনা, কঠিন শ্রম
খায়রে সবাই চুটিয়ে
সে হয়ে যায় শীর্ণ কায়া,
অন্যেরা যায় মুটিয়ে।
তার জীবনের আশা যত
ফিকে, ধূসর, মৃতপ্রায়,
পথ হারানো স্বপ্নগুলো
বারে বারে হোঁচট খায়।
হায়রে নিঠুর বিধিলিপি
শ্রম, সততার দাম নাই,
পরের মাথায় বাড়ি দিতে
কুশীলবরাই মান পায়।
যে দেশেতে কর্মী পুরুষ
হরহামেশা বিষম খায়,
ধাপ্পাবাজ ও আতেলেরা
সুখ-সুবিধার ননী পায়।
গতির চাকা সেই দেশেতে
আজীবন রয় রুদ্ধ,
যতই করুক চাটামবাজি
করুক কথার যুদ্ধ॥