কমলগঞ্জে হিমাগার সংকটে বিনষ্ট হচ্ছে টমেটো
২০ মার্চ ২০২৫ ১৫:১৭
আবদুল হাই ইদ্রিছী, কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় হিমাগার না থাকায় মাঠেই নষ্ট হচ্ছে কৃষকদের কষ্টার্জিত টমেটো। বাজারে দাম কম থাকায় চাষিরা টমেটো তুলতে আগ্রহ হারিয়ে ফেলছেন। ফলে ক্ষেতেই বিপুল পরিমাণ ফসল বিনষ্ট হচ্ছে।
স্থানীয় কৃষকরা জানান, সবজি সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ‘পানির দরে’ বিক্রি করতে হচ্ছে টমেটো, না হলে তা পচে যাবে। বর্তমানে বাজারে প্রতি কেজি টমেটোর মূল্য ৩-৪ টাকা, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম। অথচ কয়েক সপ্তাহ পরই এর দাম বেড়ে ৪০-৫০ টাকা হতে পারে।
কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ বছর উপজেলায় প্রায় ৩৫ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। তবে হিমাগার না থাকায় কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য মিলছে না।
কৃষক সাইমুন জানান, ‘বেপারীরা কম দামে আমাদের কাছ থেকে টমেটো কিনে বেশি দামে বিক্রি করছে, ফলে কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে হিমাগার স্থাপনের দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
বাজারের আড়তদাররা জানান, গত এক মাস ধরে টমেটোর দাম ক্রমশ কমছে। পাইকাররা সরাসরি ক্ষেত থেকে টমেটো সংগ্রহে আগ্রহ দেখাচ্ছেন না। উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় জানান, ‘এটি একটি পচনশীল ফসল, বাজারে অন্যান্য সবজি থাকায় দাম কমে গেছে। তবে আগাম চাষিরা ভালো দাম পেয়েছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, ‘কৃষকদের ফসল সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের বিষয়টি জেলা প্রশাসকের নজরে আনা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
কৃষকদের দাবি, দ্রুত হিমাগার স্থাপন করা না হলে ভবিষ্যতে ফসল উৎপাদনে তারা আগ্রহ হারিয়ে ফেলতে পারেন।