ভূঞাপুরে খাজনার রসিদে এখনো মুজিববর্ষ ছবি!


২০ মার্চ ২০২৫ ১৫:১৩

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনো টাঙ্গাইলের ভূঞাপুরে নিকরাইল হাটের খাজনার রসিদ বইয়ে মুজিব শতবর্ষে শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করে খাজনা আদায় করা হচ্ছে। এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, নিকরাইল হাটের বর্তমান ইজারাদার মো. শামীম আল মামুন। বিগত আওয়ামী লীগ সরকার আমলে তিনি হাটের ইজারা পান। সে সময় শেখ হাসিনা সরকারের নির্দেশমতে হাটের রশিদ বইয়ে মুজিববর্ষের প্রতীকী ছবি ব্যবহার করে রসিদ বই তৈরি করে। সেই রসিদের মাধ্যমে এখনো খাজনা আদায় করছেন হাট কমিটি।
স্থানীয়রা জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের ৭ মাস পেরিয়ে গেলেও এখনো নিকরাইল হাটের খাজনার রসিদ বইয়ে মুজিববর্ষের প্রতীকী ছবি মনোগ্রাম রয়েছে। বিষয়টি দুঃখজনক।
ইজারাদার শামীম আল মামুন বলেন, আওয়ামী লীগ সরকার আমলে মুজিববর্ষে বঙ্গবন্ধুর প্রতীকী ছবি মনোগ্রাম সবকিছুতেই ব্যবহার করা হয়। সে মতে হাটের রসিদ বইয়ে বঙ্গবন্ধুর প্রতীকী ছবি দিয়ে রসিদ বই করা হয়েছিল। হাটের ইজারার মেয়াদ আছেই কয়েক সপ্তাহ। তাই পূর্বের রসিদ বইয়ে খাজনা আদায় করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. পপি খাতুন বলেন, বিষয়টি খোঁজ নেওয়া হবে।