বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের সাথে বরিশাল মহানগর শিবিরের মতবিনিময়
২০ মার্চ ২০২৫ ১৫:১২
বায়জীদ বোস্তামী, বরিশাল : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরীর আয়োজনে বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গত ১৩ মার্চ বৃহস্পতিবার ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি হাসান নাঈমের সঞ্চালনায় বরিশাল শহরের হোটেল এরিনাতে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আতিকুল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন মহানগর শিবিরের সাবেক সভাপতি আহমেদ বায়জিদ, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি আমিনুল ইসলাম ও ছাত্রশিবির বরিশাল জেলা সেক্রেটারি সাঈদ আহমাদ।
হাফেজ আতিকুল্লাহ বলেন, আমাদের দেশের নানা সংকটের পাশাপাশি অনেক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অন্যান্য ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বরিশাল মহানগর সভাপতি রেজাউল করিম রনি, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরী প্রচার ও দাওয়াহ, অর্থ, এইচআরডি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদকসহ নেতৃবৃন্দ।