আশরাফ জামান-এর কবিতা

ইবলিস


২০ মার্চ ২০২৫ ১৪:৩৩

আমি ধ্বংস বিনাশী সেই ইবলিস
তোমাদের লোমকূপের প্রতিটি রন্ধ্রে থাকি
আমার অস্তিত্ব তোমাদের আত্মার ভেতরে
যদিও আমার প্রতি তোমাদের প্রবল ঘৃণা
কিন্তু অন্তরে বড় প্রীতি বড় স্নেহ
শুভেচ্ছা জানাও প্রতিদিন প্রতিক্ষণে।
তোমাদের পিতা-মাতা আদম-হাওয়াকে
এ পৃথিবীতে আনবার সকল কৃতিত্ব আমার
নইলে কি করে দেখতে এ সুন্দর সৃষ্টিলোক?
আমার অস্তিত্বকে অস্বীকার করে কিছু মহামানব
যুগে যুগে এসে আশাকে করেছে বাধাগ্রস্ত
কিন্তু পরাজয় স্বীকার করিনি আমি।
প্রবল বিক্রমে নারী-পুরুষের গোপন কুঠুরিতে ঢুকে
যৌন উন্মাদনা ভরা নারীর সৌন্দর্য সৌরভ দিয়ে
পুরুষের চিত্তে কামনায় আগুন
পাপ সাগরের উত্তাল ঢেউ নিয়ে এসে আবার অবগাহন করছি।
স্বল্পসংখ্যক লোক আমাকে ঘৃণা করে, করুক
একুশ শতকের গণতান্ত্রিক যুগে বেশি লোক আমার পূজারি।
অর্থ, নারী, শরাব আধুনিক সভ্যতার সকল কিছু আশাহত
যা তোমাদের পৃথিবীর হাইড্রোজেন বোমার চেয়ে বেশি শক্তিশালী।