তীব্র যানজটে অতিষ্ঠ নগরবাসী
২০ মার্চ ২০২৫ ১৩:৫২
স্টাফ রিপোর্টার : মোটরসাইকেলযোগে রাজধানীর কারওয়ান বাজার থেকে মতিঝিলে পৌঁছাতে সময় লাগার কথা মাত্র ১০ মিনিট। কিন্তু এখন সময় লাগছে এক ঘণ্টারও বেশি। এটা তো মোটরবাইকের সময়। কিন্তু যারা লোকাল বাসের যাত্রী, তাদের সময় এ দূরত্বে ঠিক কত সময় লাগবে, তার ধারণা দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ সড়কে যানজটের পরিমাণের ওপর নির্ভর করবে বাসের যাত্রীরা সমান দূরত্বে পৌঁছাতে ঠিক কত সময় লাগবে। গত ১৮ মার্চ মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা শাকিল আহমেদ (ভাটারা) দুই ঘণ্টা হাতে নিয়ে মতিঝিল অফিসের উদ্দেশে যাত্রা শুরু করেন বিকেলে ৪টায়। তার টার্গেট ছিল অফিসে ইফতার করার, কিন্তু তিনি ইফতারের আগে অফিসে পৌঁছাতে পারেননি। এটা রাজধানীর নিত্যদিনের চিত্র। বাসা থেকে অতিরিক্ত সময় হাতে নিয়েও সঠিক সময় গন্তব্যে পৌঁছাতে পারছেন না নগরবাসী।
সংশ্লিষ্ট অভিজ্ঞ এবং ভুক্তভোগীরা মনে করেন, দুটি নতুন কারণ যুক্ত হয়েছে যানজট বৃদ্ধির পেছনে। একটি হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা এবং মোটরচালিত রিকশা আগে প্রধান প্রধান সড়কে চলতো না, কিন্তু এখন ফ্লাইওভারেও উঠে যাচ্ছে এসব ঝুঁকিপূর্ণ বাহন। আর দ্বিতীয় কারণটি হচ্ছে, প্রতিনিয়তই রাজধানীর জনসংখ্যা বাড়ছে, পরিবহন বাড়ছে সেক্ষেত্রে সড়ক না বেড়ে উল্টো কমছে। প্রতিনিয়তই সড়ক দখল করে নিচ্ছে প্রভাবশালীরা। তারা সড়ক দখল করে নানা ব্যবসা চালু করেছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গাড়ি ও রিকশার সংখ্যা কত যে বেড়েছে, তার ইয়ত্তা নেই। গাড়ি, রিকশার এ বেপরোয়া উপস্থিতিতে রাজধানীবাসীর ভোগান্তি চরমে উঠেছে। রাজধানীর বিভিন্ন সংস্কার উন্নয়নের নামে কাটাকাটিতে খানাখন্দ সৃষ্টি হয়ে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। এর সঙ্গে ভয়াবহ যানজট নগরজীবনকে রীতিমতো স্থবির করে দিয়েছে। ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল- কোনো কিছুই কাজে আসছে না, যদিও যানজট নিরসনের কথা বলেই এগুলো নির্মাণ করা হয়েছে। রাজধানীর গতি বাড়ানোর চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। বিশ্বব্যাংক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের তথ্যানুযায়ী, ২০০৭ সালে ঢাকায় গাড়ির গতি ছিল ঘণ্টায় ২১ কিলোমিটার। ২০২২ সালে তা কমে দাঁড়ায় ৪ দশমিক ৮ কিলোমিটারে। এখন গতি আরও কমেছে। বর্তমানে ২০ মিনিটের রাস্তা যেতে তিন থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত লেগে যায়। এ অবস্থায় এমন একসময় আসতে পারে, যখন রাজধানী পরিত্যক্ত ঘোষিত হতে পারে। রাজধানীর রাস্তাঘাটের যে সক্ষমতা বা সামর্থ্য, তার চেয়ে যানবাহনের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কারণে যানজট অবধারিত ও অনিবার্য হয়ে উঠেছে। আগে থেকেই অতিরিক্ত যান চলাচল ছিল; ক্রমে তা বেড়ে বিশৃঙ্খলা ও অচলাবস্থা তৈরি হয়েছে।