আমরা দুর্নীতি ও দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চাই : ডা. শফিকুর রহমান
২০ মার্চ ২০২৫ ১৩:৪৪
গত ১৭ মার্চ সোমবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গত ৪ মার্চ বরগুনা পৌরসভার ১নং ওয়ার্ডের কালিবাড়ী রোডের ৭ম শ্রেণির স্কুলপড়ুয়া ধর্ষিতা মেয়ের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে ও সার্বিক খোঁজখবর নিতে তাদের বাড়িতে ছুটে যান। উল্লেখ্য, উক্ত ঘটনার জেরে ১১ মার্চ রাতে মেয়ের বাবা মন্টু দাসকে হত্যা করা হয়েছে। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সকাল ১০টায় বরগুনা সার্কিট হাউস মাঠে অবতরণ করেন। সেখান থেকে তিনি সরাসরি নির্যাতিত পরিবারটির বাড়ি যান এবং ধর্ষিতার মায়ের সাথে কথা বলেন। তিনি পরিবারটির সকল বিষয় অবগত হয়ে দুঃখ প্রকাশ করেন এবং তাদের সমবেদনা জানান। তিনি আল্লাহর ওপর ভরসা করে ধর্ষিতা পরিবারের বেঁচে থাকা অপর দুটি শিশুসন্তান প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের সকল আর্থিক দায়-দায়িত্ব জামায়াতে ইসলামী নিয়েছে বলে ঘোষণা করেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের লড়াই এদেশের সকল জুলুমবাজ কায়েমি স্বার্থগোষ্ঠীর বিরুদ্ধে, যা কুরআনের নির্দেশ। আর এ নির্দেশ বাস্তবায়নের জন্য জামায়াতে ইসলামী আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক ও আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তিনি বরগুনাবাসীকে এ লক্ষ্যে আগামী দিনে ঐক্যবদ্ধ থাকার জোর আহ্বান জানান। বাংলাদেশের সকল নির্যাতিত, নিপীড়িত, দিশেহারা এবং বিপর্যস্ত পরিবারের পাশে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবে বলে ঘোষণা দেন আমীরে জামায়াত।
এরপর তিনি সেখান থেকে বরগুনা টাউন হল ময়দানে বরগুনা জেলা জামায়াত আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, আমরা আজকে এসেছি একটি মজলুম পরিবারের দুঃখকে ভাগ করে নিতে। ধর্ষিতা মেয়েটির বাবা অতি সাধারণ একজন অমুসলিম নাগরিক। তার বৃদ্ধা মা, স্ত্রী ও ৩টি কন্যাসন্তান রয়েছে। পরিবারটি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। এ অসহায় পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমরা আল্লাহর ওপর ভরসা করে এ অসহায় পরিবারটির দায়িত্ব নিলাম ও পাশে থাকার ঘোষণা করছি।
আমীরে জামায়াত আরও বলেন, আমরা চাই কুরআনের শাসন যারা চালু করবে, আল্লাহ তায়ালা তাদের হাতে আগামীর বাংলাদেশের শাসনভার তুলে দেবেন। আমরা আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত ও দুঃশাসনমুক্ত কুরআনিক আইনের মানবিক বাংলাদেশ গড়তে চাই।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মুহিববুল্লাহ হারুনের সভাপতিত্বে ও সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাযী, বরিশাল মহানগরী আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মাদ বাবর, জামায়াত নেতা ডা. সুলতান আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।