আইয়্যামে জাহেলিয়াতের চেয়েও জঘন্য ছিল আওয়ামী জাহেলিয়াত : মাওলানা এটিএম মা’ছুম


১৩ মার্চ ২০২৫ ১৫:৫২

আইয়্যামে জাহেলিয়াতের চেয়েও জঘন্য ছিল আওয়ামী জাহেলিয়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, ইসলামের প্রতি তাদের ছিল প্রচণ্ড বিদ্বেষ। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ইসলাম ও মুসলিম শব্দ বাদ দেওয়া হয়েছে। নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা চালু করে তরুণ প্রজন্মের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ নষ্ট করা হয়েছে। সংবিধানের মূলনীতি থেকে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস বাদ দেওয়া হয়েছে। এটি কোনো মুসলিমের পক্ষে সম্ভব না হলেও হাসিনার পক্ষে সম্ভব হয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা হয়েছে। ২০১৩ সালে শাপলা চত্বরে নিরীহ আলেমদের হত্যা করা হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছে খুনি হাসিনা। গত ১৬ বছর অসংখ্য মানুষকে খুন, গুম করেছে। বিরোধীদল ও মতের নেতাকর্মীদের দমন করেছে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে। ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করে দেশকে করদরাজ্যে পরিণত করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চেয়েছে। তিনি আরো বলেন, জাতির ভাগ্য নিহিত শাসক ও আলেম সমাজের কাছে। দেশ ও উম্মাহর কল্যাণে নিষ্ঠার সাথে আলেম সমাজকে কাজ করা জরুরি বলেও তিনি মন্তব্য করেন। গত মঙ্গলবার (১১ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে ওলামায়ে কেরামের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সিন্ডিকেট সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে ভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ড. খলিলুর রহমান মাদানী বলেন, আল্লাহ তায়ালা আলেমদের সম্মানিত করেছেন। এ সম্মানের অন্যতম দিক হলো ইলম। তাই আমাদের উচিত বিষয়ভিত্তিক ইলমি দক্ষতা অর্জন। ইখতিলাফি বিষয়ে বিরোধে জড়ানো যাবে না উল্লেক করে তিনি বলেন, একে অন্যের বিরুদ্ধে কথা বলা থেকে বিরত থাকা, আত্মাহমিকায় লিপ্ত না হয়ে বিনয়ী হতে হবে।
ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জিহাদী বলেন, সমাজের আত্মা হলো আলেম সমাজ। আলেমগণ নষ্ট হলে সমাজ নষ্ট হবে। আলেমগণ ভালো থাকলে সমাজ ভালো থাকবে। ১৯৪৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের স্বাধীনতা আন্দোলনে আলেম সমাজের ভূমিকা জাতি চিরকাল স্মরণ রাখবে।
ড. আব্দুল মান্নান বলেন, নতুনভাবে স্বাধীন হওয়া দেশে স্বাধীনভাবে কুরআন-হাদীসের আলোকে মিম্বারে কথা বলতে হবে। কারো রক্তচক্ষুকে আলেম সমাজ পরোয়া করতে পারে না। তিনি আলেমদের উদ্দেশে বলেন, আলেম সমাজকেই এক আল্লাহ ব্যতীত কারো কাছে মাথানত না করা শেখাতে হবে তরুণ প্রজন্মকে। বর্তমান সময় আল্লাহর দেওয়া এক বিশেষ নিয়ামত উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব সঠিকভাবে পালন না করলে আল্লাহ তায়ালা এ নিয়ামত থেকে জাতিকে বঞ্চিত করতে পারেন। তাই সকলকেই নিজ নিজ অবস্থান থেকে আল্লাহর প্রদত্ত দায়িত্ব পালন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।